আবাহনীকে নিয়ে চিন্তা করছে না দরদই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা তাইপের হাসুসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথম জয়। দ্বিতীয় ম্যাচে নেপালের নিউ রোডের বিপক্ষে রুশ স্ট্রাইকার ইউরি ভলসের হ্যাটট্রিকে জয় পেল ৩-০ গোলে। ষষ্ঠ এএফসি প্রেসিডেন্টস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষস্থান প্রায় নিশ্চিতই করে ফেলেছে দুবারের চ্যাম্পিয়ন কিরগিজস্তানের দরদই বিশকেক।তাদের দুটি জয়ই ঢাকার প্রচণ্ড গরমের মধ্যে খেলে। তবে কালকের বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা ভালোই প্রতিরোধের মুখে পড়েছিল। ৬ মিনিটে ইউরির তীব্র শটে প্রথম গোল খাওয়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করছিল নিউ রোড। তবে নিজেরা গোল করতে না পারলেও দরদইকে গোল করার রাস্তা দিতে নারাজ ছিল নেপালের দলটি। শেষ পর্যন্ত যদিও রাস্তা বের করেই নিয়েছে দরদই। ৭৫ ও ৮৬ মিনিটে ইউরির বুদ্ধিদীপ্ত হেডে পরের দুটি গোল। উচ্চতায় বেশ লম্বা ইউরিকে আটকাতে না পারার মূল্য দিতে হয়েছে নিউ রোডকে। শেষ ম্যাচের প্রতিপক্ষ আবাহনীকে কীভাবে নিচ্ছে দরদই? কাল ম্যাচের পর সংবাদ সম্মেলনে দরদই কোচ সার্গেইয়ের কথায় বোঝা গেল আবাহনী তাঁদের কাছে সহজ প্রতিপক্ষই, ‘প্রথম ম্যাচে আবাহনী জিতলেও তারা “ফুটবল” খেলেনি। এক-দুটি পাসের পরই লম্বা পাস বাড়িয়ে দিয়েছে। এটা আমার ভালো লাগেনি। বরং নেপালের দলটিই সত্যিকারের ফুটবল খেলেছে। তবে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। রিয়াল মাদ্রিদ হলেও আমাদের চিন্তা নেই!’