কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দুই দলের শেষ আটে ওঠার লড়াই ছিল কাল। শেখ জামাল ধানমন্ডি-শেখ রাসেল ম্যাচটা দুই দলের কাছে মর্যাদার ম্যাচও ছিল। তাতে জয়ী শেখ রাসেল।বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করল শেখ রাসেল। এবারের ফেডারেশন কাপে একমাত্র দল হিসেবে শেখ রাসেলই তিনটি ম্যাচ জিতেছে। গ্রুপ চ্যাম্পিয়ন তারাই। ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ শেখ জামাল।জামালের এই পরাজয়ে শেষ আটেই বড় একটা ম্যাচ হয়ে যাচ্ছে। ১৭ জানুয়ারি আবাহনীর মুখোমুখি জামাল। তুলনামূলক অনেক সহজ প্রতিপক্ষ আরামবাগকে পেয়ে সেমির দৌড়ে এগিয়ে থাকল শেখ রাসেল।কাল ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বেলা তিনটায়। কিন্তু খেলা শুরু হয় প্রায় ২৫ মিনিট পর। শেখ রাসেলের সঙ্গে জার্সির নীল রং মিলে যাওয়ায় তা বদলাতে হলো রেফারিদের। ফেডারেশন ভবন থেকে লাল রঙের জার্সি পরে তবেই ম্যাচ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত রেফারিরা।শেষ আটে আবাহনীকে এড়াতে ড্র করলেই চলত গোল-গড়ে এগিয়ে থাকা শেখ রাসেলের। জামালের প্রয়োজন ছিল জয়। শুরু থেকেই তাই আক্রমণাত্মক মেজাজে জামাল। কিন্তু বুকোলার দুই গোলে পুরোপুরি জ্বলে না উঠতে পারলেও শেখ রাসেল জয় তুলে নিয়েছে।নিয়মিত অধিনায়ক আমিনুল কাঁধের ব্যথায় কাল ছিলেন বিশ্রামে। জামালে পোস্টে ছিলেন পিরু। তাঁকে পরাস্ত করে বুকোলা ওলালেকান প্রথমার্ধের অতিরিক্ত সময়ে করেন প্রথম গোলটি। ৫৭ মিনিটে বুকোলার গোলমুখী শট জামাল ডিফেন্ডার মিন্টুর পায়ে লেগে ২-০। গোলটি বুকোলাকেই দেওয়া হয়েছে। ৭০ মিনিটে রাজু একটা গোল ফিরিয়ে দিলেও হার এড়াতে পারেনি জামাল।জোড়া গোলের পর উচ্ছ্বসিত বুকোলা বললেন, ‘ইনজুরি এবং মায়ের মৃত্যু মিলিয়ে গত মৌসুমটা মোটেও ভালো কাটেনি। আশা করি, এই মৌসুমটা ভালো খেলব।’ভিক্টোরিয়া-অগ্রণী ব্যাংক ড্র: গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দুই দল ভিক্টোরিয়া-অগ্রণী ব্যাংক কাল ড্র করেছে (১-১)। কমলাপুর স্টেডিয়ামে ৪৭ মিনিটে তকলিচের গোলে এগিয়ে যায় ভিক্টোরিয়া। ৭৯ মিনিটে ব্যাংকের সুজন করে দেন ১-১।