আবাহনীকে ফিফার অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এটি বিরাট এক প্রাপ্তি আকাশি-নীল দলটির। বাংলাদেশের কোনো ক্লাব লিগ চ্যাম্পিয়ন হয়ে ফিফার অভিনন্দন পেল এই প্রথম। বাফুফের মাধ্যমে পাঠানো চিঠিতে ইনফান্তিনো আশা রেখেছেন, আবাহনীর এই সাফল্য বাংলাদেশের ফুটবলে ইতিবাচক একটা বার্তা ছড়িয়ে দেবে।
১৯৭২ সালে যাত্রা শুরুর পর বাংলাদেশের শীর্ষ ফুটবলে সবচেয়ে সফল দল ঢাকা আবাহনী। ১০ বছর আগে পেশাদার লিগ চালুর পর নয়টি পেশাদার লিগের পাঁচবারই শিরোপা গেছে আবাহনীর ঘরে। আর এটি চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের ওপরে তুলে দিয়েছে তাদের। দলটির ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু ভীষণ উচ্ছ্বসিত দলের অগ্রযাত্রায়, ‘স্বাধীনতার পর থেকে আবাহনী ১৬টি, মোহামেডান ১২টি লিগ জিতেছে। এটা আমাদের জন্য দারুণ গর্বের ব্যাপার।’
আবাহনী যতই এগোচ্ছে, মোহামেডান পেছাচ্ছে ততই। পেশাদার লিগ চালুর পর মোহামেডান কোনো শিরোপা জেতেনি।