আবাহনীকে বিদায় দিল ফরাশগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ২: ০ ব্রাদার্সফরাশগঞ্জ ১ (২): ১ (১) আবাহনীটাইব্রেকারের শেষ শট। স্পটকিক নিলেন ফরাশগঞ্জের শান্ত। সফল হলেই জিতে যাবে ফরাশগঞ্জ। ব্যর্থ হলে সাডেন ডেথে গড়াবে টাইব্রেকার। ‘কী হয়, কী হয়!’ উত্তেজনার অবসান ঘটিয়ে বল জালে জড়ালেন শান্ত। উল্লাসে ফেটে পড়ল ফরাশগঞ্জের সমর্থকেরা। আবাহনী শিবিরে তখন শ্মশানের নীরবতা। স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালেই বিদায় নিল বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে টাইব্রেকারে ২-১ গোলে তাদের হারাল পুরান ঢাকার দল ফরাশগঞ্জ। সেমিফাইনালের আগেই এভাবে আবাহনীর বিদায় অতীতে আর কোনো টুর্নামেন্টে হয়েছে কি না, তা নিয়ে অনেকে স্মৃতি হাতড়ালেন।এবারের বাংলাদেশ লিগের প্রথম পর্বে ফরাশগঞ্জের বিপক্ষেই হোঁচট খেয়েছিল আবাহনী। ১-০ গোলে হারের সে ক্ষত শুকোতে না শুকোতেই আবার পরাজয় আবাহনীর। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এ পর্বেও ম্যাচ অমীমাংসিত। এরপর টাইব্রেকার।কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ফরাশগঞ্জ। তবে ২৪ মিনিটে সফল এক প্রতি-আক্রমণে গোল পেয়ে যায় আবাহনী। গোলদাতা ফ্রাঙ্ক। পিছিয়ে পড়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠা ফরাশগঞ্জ গোল পেয়ে যায় বিরতির আগে। ৪০ মিনিটে সোহেলের গোলে সমতায় ফেরে তারা।দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছে একাধিক। কিন্তু কোনো দলই সুযোগ কাজে লাগাতে পারেনি। সবচেয়ে বেশি সুযোগ নষ্ট করেছে আবাহনী। একা ফ্রাঙ্কই হাতছাড়া করেছেন অন্তত গোটা পাঁচেক সুযোগ। গোল মিসের মহড়া ছিল অতিরিক্ত সময়ে, টাইব্রেকার পর্বেও।তবে টাইব্রেকারের প্রথম শটে আবাহনীর ফ্রাঙ্ক গোল না পাওয়ায় স্ট্রাইকারের ব্যর্থতার চেয়েও ফরাশগঞ্জের বদলি গোলরক্ষক সুজনের কৃতিত্বই বেশি। তিনি অসামান্য তৎপরতায় রুখে দেন ফ্রাঙ্কের শট। এরপর ফরাশগঞ্জের জুনাপিও বাইরে মারেন বল। আবাহনীর সোহাগের শট আবারও ফিরিয়ে দেন সুজন। পরের শটে গোল পায়নি ফরাশগঞ্জও। খোকন দাসের শট আটকে দেন আবাহনীর গোলরক্ষক সোহেল। টাইব্রেকারের পরের শটেও গোল দেখেনি বঙ্গবন্ধু স্টেডিয়াম। নজরুল বল মারেন সাইডবারে। ষষ্ঠ শটে দেখা মেলে গোলের, সফল হন ফরাশগঞ্জের মনি। পিছিয়ে পড়া আবাহনীকে আরও হতাশায় ডুবিয়ে সামাদ ইউসুফের স্পট কিক রুখে দেন সুজন। পরের শটে সফল হলেই জিতে যায় ফরাশগঞ্জ। কিন্তু মামুনের শট আটকে দেন আবাহনীর গোলরক্ষক। এরপর আবাহনীর মামুন মিয়া গোল করলেও শেষ রক্ষা হয়নি। শান্তর গোলে জিতে যায় ফরাশগঞ্জ। কোচ কামাল বাবুকে মাথায় তুলে মাঠের মধ্যেই শুরু হয়ে যায় ফরাশগঞ্জ সমর্থকদের উল্লাস।এর আগে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ২-০ গোলে ব্রাদার্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। শেখ জামালকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট। দলের নতুন ক্যামেরুনিয়ান স্ট্রাইকার স্টেফান লোগা বোওগা করেন প্রথম গোল (১-০)। ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন দু-একবার বল নিয়ে বক্সের ভেতরে ঢোকার চেষ্টা করলেও শেখ জামালের রক্ষণদুর্গ ভাঙতে পারেননি। আগের দুই ম্যাচে দুই গোল পাওয়া শাকিল গোল পেয়েছেন কালও। ৭৫ মিনিটে ব্যবধান করেছেন দ্বিগুণ (২-০)।আজকের খেলা: শেখ রাসেল-ফেনী সকার, ঢাকা মোহামেডান-মুক্তিযোদ্ধা (বিকেল ৫টা ও রাত ৮টা, কমলাপুর স্টেডিয়াম)।