ম্যাচ শেষ। বিষণ্ন চিত্তে ডাগ-আউটে বসা সুজন, ওয়ালী ফয়সাল, সামাদ ইউসুফরা। ব্রাদার্সের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে গেলেও মিনিট বিশেক ঠাঁই বসে রইলেন আবাহনীর খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা। পেছন থেকে তখনো সমানে চলছিল গালিবর্ষণ। গ্যালারি থেকে দু-একটা ঢিলও উড়ে এসে পড়ল ডাগ-আউটের প্লাস্টিকের দেয়ালে। পাশে দাঁড়ানো পুলিশ যেন এসব উপভোগই করছিল।গাঁটের পয়সায় টিকিট কেটে কিছু পাঁড় সমর্থক এখনো স্টেডিয়ামে আসে। আবাহনীর বিবর্ণ রূপ দেখে ক্ষোভের প্রকাশ ওই গালিঢিল। প্রিমিয়ার লিগে আগের ম্যাচে মোহামেডানের পর কাল ব্রাদার্সের সঙ্গেও ড্র করল আবাহনী। ২৬ মিনিটে লাকি পলের গোলে খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে পর্যন্ত এগিয়ে থাকার পরও এই ড্র মেনে নিতে পারছিল না সমর্থকেরা।এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারার দায় আবাহনীরই। মাঝমাঠ থেকে কোনো ক্ষুরধার আক্রমণ গড়ে উঠছিল না। পুরো ম্যাচে গোলমুখী শট হয়েছে মাত্র চার-পাঁচটি। এরই একটা থেকে ২৬ মিনিটে পলের গোল। নাসিরের থ্রু পাস থেকে পলের শট ব্রাদার্সের দুই ডিফেন্ডারের ফাঁক গলে জালে। এর আগে ম্যাচের ৯ মিনিটে ভালো একটা সুযোগ পেয়েছিলেন ফ্রাঙ্ক। কিন্তু বক্সের মধ্যে ঢুকেও গোলরক্ষক উত্তম বড়ুয়ার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান ঘানাইয়ান স্ট্রাইকার। চোটের কারণে কাল মাঠে নামেননি লেফট উইঙ্গার জাহিদ। তাঁর অভাবটা ভালোই টের পেয়েছে আবাহনী। ওয়ালী ফয়সাল বাঁ প্রান্ত দিয়ে দু-একবার আক্রমণে উঠেছেন, কিন্তু খুব বেশি সফল হননি।দ্বিতীয়ার্ধে ব্রাদার্স ছিল অনেক বেশি গোছানো। আক্রমণেও উঠেছে বেশি। এরই ফল হিসেবে এসেছে সমতাসূচক গোলটি। ৮১ মিনিটে বক্সের মধ্যে জোসুয়াকে পেছন থেকে ফেলে দেন সামাদ। পেনাল্টি থেকে গোল করেন জানকাসা (১-১)। ৮৮ মিনিটে তারার বাড়িয়ে দেওয়া বলে কিংসলে পা ছোঁয়াতে পারলে জিতেই যেত ব্রাদার্স।চার ম্যাচে ২ জয় ও ২ ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। সমান ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট পাওয়া ব্রাদার্স নবম। চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে মুক্তিযোদ্ধা।পর পর দুটি ড্রয়ে হতাশ আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি, ‘সবাই খুব বাজে খেলেছে। এরা ভালো মানের ফুটবলার, কিন্তু মাঠে এর প্রতিফলন নেই। টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কোনো সমস্যা নেই এদের। তবে এটা পুরোপুরি মানসিক সমস্যা।’ কাগজে-কলমে শক্তিতে পিছিয়ে থাকায় ব্রাদার্স কোচ সৈয়দ নঈমুদ্দিন স্বাভাবিকভাবেই এই ড্রতেই খুশি, ‘আগের চেয়ে ছেলেদের খেলায় অনেক উন্নতি হয়েছে।’আবাহনী: সোহেল, নাসির, ওয়ালী, সামাদ, সুজন, মামুন মিয়া, রবিন, প্রাণতোষ (তৌহিদ), ফ্রাঙ্ক, পল, ইব্রাহিম।ব্রাদার্স: উত্তম, নাহিদ, তারা, শিপন, অনীক (মালেক), জোসুয়া, কবির, জানকাসা, জামাল, স্যামসন (সোহেল), কিংসলে।