আবাহনীকে শীর্ষে নিলেন শাখাওয়াত
আবাহনী ১: ০ শেখ জামালশেখ রাসেল ২: ০ মুক্তিযোদ্ধাবড় ম্যাচ নিয়ে আগের সেই অতলস্পর্শী আকুলতা নেই দর্শকদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি তাই ফাঁকা অনেকটাই। যদিও ঢাকার বাইরে দর্শক এখনো ফুটবল-বুভুক্ষু। এই বৈপরীত্যের মধ্যে কাল তিন শিরোপাপ্রত্যাশী বড় একটা পরীক্ষাই দিল লিগ লড়াইয়ে। আবাহনী-শেখ রাসেল তাতে উত্তীর্ণ। শেখ জামাল এই লিগে পেল প্রথম হারের তোতো স্বাদ।দুই পরাক্রমশালী দলের খেলা বলে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকেই নজরটা ছিল বেশি। কিন্তু আবাহনী-শেখ জামাল ম্যাচ যতটা উঁচুতে পৌঁছার কথা ছিল, ততটা যায়নি। শেখ জামাল সেরা ছন্দে ছিল না, রক্ষণ এবং গোলরক্ষকের ভুলে গোল খেয়েছে। আক্রমণভাগকে মোটেও কার্যকর দেখা যায়নি। এই অচেনা জামালের বিপক্ষে আবাহনী একমাত্র গোলে জয় তুলে কঠিন বাধাই পেরিয়েছে। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে শেখ রাসেল পেয়েছে সহজ জয় (২-০)। কালকের এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ লিগের গতিপথ খুব পাল্টে হয়তো দেয়নি, তবে একটু ওলট-পালট তো করেছেই। এদিন জিতে যাওয়ায় ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল আবাহনী। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে জামাল নামল দ্বিতীয় স্থানে, যেখানে তাদের ছুঁয়ে ফেলেছে রাসেলও। তফাতটা হলো, রাসেল ম্যাচ খেলেছে ১১টি। ১৬ ম্যাচের লিগে পয়েন্টের এক-দুই ব্যবধান খুব বড় কিছু নয়। তবে এই সময়ে পা হড়কানো মানেই বিপদ।আবাহনী কাল হারলে সেই দুঃসময়েই পড়ে যেত। কিন্তু শাখাওয়াত রনি তা হতে দেননি। এর আগেও শাখাওয়াত দু-তিনটি ম্যাচে জিতিয়েছেন দলকে। এদিন ২০ মিনিটে ইব্রাহিমের পাসে কোনাকুনি শটে শাখাওয়াত পরাস্ত করেন জামালের গোলরক্ষক সুলতানকে, বল সুলতানের হাতে লেগে ঢুকে যায় জালে। লিগে এটি শাখাওয়াতের ষষ্ঠ গোল, স্থানীয় খেলোয়াড়দের মধ্যে তিনিই এখন সর্বোচ্চ গোলদাতা। আগের ম্যাচটা গোপালগঞ্জে খেলে এসে বিশ্রামের খুব একটা সময় পায়নি জামাল। ক্লান্তির ছাপ ছিল তাদের খেলায়। আবাহনীর কোচ পোরনেমাতও এ ব্যাপারে একমত, ‘ওদের আজ একটু ক্লান্ত লেগেছে।’ তবে জামালের কোচ যোসেফ আপুসি বরাবরের মতো কোনো অজুহাত দেননি, ‘ফিকশ্চারে কবে কোন খেলা সেটা আমরা জানতাম। কাজেই ক্লান্তির কথা বলে লাভ নেই। আমাদের আসলে খারাপ দিন গেছে।’আবাহনী নেমেছিল দলে কিছু পরিবর্তন নিয়ে। ডিফেন্ডার সুজন খেলতে না পারায় রক্ষণে খেলেছেন মিডফিল্ডার ইয়েকু। স্ট্রাইকার পল মাঝমাঠে। বড় ম্যাচে এমন ঝুঁকি জেনেবুঝেই নিয়েছেন আরদেশির। তাই ম্যাচ জিতে তাঁর উচ্ছ্বাস ‘আজ আমরা ৩ পয়েন্ট নয়, ৬ পয়েন্ট জিতেছি!’জামালের মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে আবাহনীর আত্মবিশ্বাসও বেড়েছে অনেক।জয়ে ফিরল রাসেল: আগের ম্যাচে মোহামেডানের কাছে হারের ধাক্কা সামলে উঠেছে শেখ রাসেল। গোপালগঞ্জে কাল শেখ রাসেলের গোল দুটি করেন ৪৪ মিনিটে ডিফেন্ডার রেজাউল, ৭৩ মিনিটে মরক্কান মিডফিল্ডার তারিক আল জানাবি। ৭১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মুক্তিযোদ্ধার জুয়েল। ঘরের মাঠে টানা দ্বিতীয় হার মুক্তিযোদ্ধার, ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে যারা আছে ষষ্ঠ স্থানে।