ম্যাচের শেষ দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়তে হলো। চ্যাম্পিয়ন দল বিষণ্ন। রানার্সআপ দল কি না ঢাকঢোল পিটিয়ে উৎসব করছে!তাদের ওই উৎসব পণ্ড করতে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করল চ্যাম্পিয়ন দলের সমর্থকেরা। কাল পড়ন্ত বিকেলের বঙ্গবন্ধু স্টেডিয়াম তাই হয়ে উঠল বিশৃঙ্খল!লিগের প্রথম দুটি স্থান নির্ধারণ হয়ে গিয়েছিল আগেই। তাই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন আবাহনী আর হ্যাটট্রিক রানার্সআপ মোহামেডান লড়াইটা হয়ে গেল মর্যাদার।২-১ গোলে জিতে মোহামেডান পেল শিরোপা না পাওয়ার খানিক সান্ত্বনাও। পেশাদার লিগে এই প্রথম আবাহনীকে তারা দিতে পেরেছে হারের তেতো স্বাদ। আগের পাঁচ লড়াইয়ে আবাহনী জিতেছে দুটি, ড্র তিনটি। টানা ৩৪ ম্যাচ অপরাজিত আবাহনীকে (এই সময় দুটি ম্যাচ ছিল ড্র) অবশেষে মাটিতে নামাতে পারল মোহামেডান! এবারের লিগের ২৪ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ৬৭ (২২ জয়, ১ হার, ১ ড্র) মোহামেডানের ৬২ (১৯ জয়, ৫ ড্র)।হাজার চারেক দর্শক এল মাঠে। আবাহনীর সমর্থকই বেশি। তবে শেষ বাঁশির সঙ্গে সঙ্গে মোহামেডান সমর্থকেরা নেচে-গেয়ে শুরু করল দুধের স্বাদ ঘোলে মেটানোর উৎসব। সাদা-কালো গ্যালারিতে ঢোল বেজে গেল। আবাহনী গ্যালারিতেও ঢোল বাজল। ম্যাচের পর তা অবশ্য রূপ নিল বিষাদে। কিন্তু রানার্সআপ হয়েও মোহামেডান ঢোল বাজাচ্ছে কেন—এটা নিয়ে বিস্তর হাসিঠাট্টাও হলো!মোহামেডানের প্রথম দফা আনন্দ ৩০ মিনিটে, যখন বুকোলার নিচু ক্রসে পা ছুঁইয়ে তাঁর ১৯তম গোল করেন মোহামেডানের স্ট্রাইকার জাহিদ হাসান (এমিলি)। ২১ গোল নিয়ে সবার ওপরে আবাহনীর এনামুল। ১২ মিনিটে পর প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা এক শটে ১-১ করলেন আবাহনীর ইব্রাহিম। এর পর দুটি অসাধারণ সেভ করে আবাহনীর এগিয়ে যাওয়ার চেষ্টায় বাদ সাধলেন মোহামেডানের গোলরক্ষক আমিনুল। আবাহনী স্ট্রাইকার শেরিফ ও তাঁর সতীর্থরা হাতছাড়া করে গেলেন বেশ কয়েকটি সুযোগ। ৭৫ মিনিটে মিডফিল্ডার মামুনুলের তীব্র শটে এল মোহামেডানের জয়।তিনটি গোলই ভালো হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খানের (জয়) বিদায়ী ম্যাচে এটাকেই প্রাপ্তি ভেবে প্রায় সবার যখন মাঠ ছাড়তে প্রস্তুত; তখনই সাধারণ দর্শক, কর্মকর্তা, সাংবাদিক খেলোয়াড়দের নিরাপদ আশ্রয়ে দৌড়াদৌড়ি শুরু! মাঠে মোহামেডানের সমর্থকদের উৎসবের মধ্যে আবাহনী সমর্থকদের প্রতি ব্যঙ্গবিদ্রূপও ছিল। এতে ক্ষিপ্ত আবাহনীর কিছু সমর্থক লাঠি নিয়ে নেমে এল। পাল্টাপাল্টি ধাওয়া চলল বেশ কিছুক্ষণ।হতাশ আবাহনী কোচ অমলেশ সেন বললেন, ‘আমরা খুবই বাজে খেলেছি। শিরোপা জয় পূর্ণতা পেল না আমাদের।’ মোহামেডানের অধিনায়ক আরমান আজিজ ছিলেন খুবই খুশি, ‘এই জয় আমাদের কাছে শিরোপা জয়ের সমান।’ফেনীতে ড্র: ফেনীতে স্থানীয় সকার ক্লাব ও ব্রাদার্স ম্যাচ ১-১। সকারের গোলদাতা রাজু, ব্রাদার্সের বেনটিল। দুদলই লিগ শেষ করল। ব্রাদার্সের পয়েন্ট ২৪ ম্যাচে ২৬। চতুর্থ হওয়া সকারের ৩০ পয়েন্ট।আজকের খেলা: শুকতারা-চট্টগ্রাম মোহামেডান (৩.৩০ মি., নারায়ণগঞ্জ স্টেডিয়াম), ফরাশগঞ্জ-আরামবাগ (৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।