আবাহনীকে হারিয়ে শুরু ঊষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসেল খানের (বাপ্পি) এক হাতে ধরা কোমল পানীয়। চোখে জল। অনবরত কাঁদছিলেন ঊষা ক্রীড়া চক্রের গোলরক্ষক। আবাহনীর বিপক্ষে ৪-১ গোলের জয়ের পরও রাসেল খানের মুখে হাসি নেই। গত শুক্রবার সবাইকে ছেড়ে চলে গেছেন রাসেলের মা সৈয়দা আলেয়া বেগম। মায়ের অনুপ্রেরণায় হকিতে আসা রাসেল তাই লিগের প্রথম জয়টি উৎসর্গ করলেন সদ্য প্রয়াত মাকে।লিগের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ক্লাব কাপ হকির ফাইনালে এই ঊষার কাছেই হেরেছে আবাহনী। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকির উদ্বোধনী ম্যাচটা তাই আবাহনীর জন্য ছিল প্রতিশোধের মিশন। কিসের প্রতিশোধ, আকাশি-নীল দল উল্টো হারল বড় ব্যবধানে! রক্ষণ দুর্বলতা, ছন্নছাড়া মাঝমাঠ, পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারা—সব মিলিয়ে পর্যুদস্ত হয়েছে আবাহনী। চার পাকিস্তানির মধ্যে ফরোয়ার্ড সাব্বির আহমেদই যা একটু খেললেন। তাঁকে কোনো সমর্থনই দিতে পারলেন না জাতীয় দলের স্ট্রাইকার পুস্কর খীসা (মিমো)। ডিফেন্ডার কাসিম আলী মাঝমাঠে এসে মোটেও ভালো খেলতে পারেননি।আর ঊষা যেখান থেকে ক্লাব কাপ শেষ করেছিল, শুরু করল যেন সেখান থেকেই। ১৭ মিনিটে কৌশিকের গোলে এগিয়ে যায় ঊষা। গোল খেয়ে আবাহনী তা শোধের মরিয়া চেষ্টা চালায়। ২৭ মিনিটে সাব্বিরের গোলে সমতায়ও ফেরে। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ঊষার কাছে আর পাত্তাই পায়নি। পেনাল্টি কর্নার থেকে পরের দুটো গোলই করেন পাকিস্তানি খেলোয়াড় আতিক, ৪৭ ও ৬৩ মিনিটে। ৬৫ মিনিটে শেষ গোলটি করেন আরেক পাকিস্তানি—মোহাম্মদ ইমরান। ম্যাচ শেষে আবাহনী কোচ মাহবুব হারুণ বললেন, ‘আমরা আমাদের প্রত্যাশিত খেলাটা আজ খেলতে পারিনি।’