আবাহনীতে আসছেন আলী আকবরের গুরু
একেবারেই নাটকীয় সিদ্ধান্ত। ইরানের আলী আকবর পোর মুসলিমিকে এবার আর আনছে না আবাহনী। তবে পেশাদার লিগ চ্যাম্পিয়নরা আলী আকবরেরই স্বদেশি একজনকে কোচ করে আনছে— আরদেশি পোরনামাথ। তাঁর নিয়োগ চূড়ান্ত। আগামী শুক্রবারই নতুন ইরানি কোচের যোগ দেওয়ার কথা আবাহনীতে। গত দুই মৌসুমে আলী আকবরের প্রশিক্ষণে আকাশি-নীলেরা পুনরুদ্ধার করেছে পেশাদার লিগ শিরোপা, পেয়েছে সুপার কাপ ও ফেডারেশন কাপ। এবারও আলী আকবরকে আনার কথা ছিল। আকবর নিজেও আসতে তৈরি ছিলেন। কিন্তু এ মাসেই ঢাকায় এএফসি ‘সি’ লাইসেন্স কোর্স করাতে এলে আরদেশির সঙ্গে কথা বলে আবাহনী। দলটির ব্যবস্থাপক সত্যজিৎ দাস জানালেন, ‘আলী আকবরকে নেওয়ার আগে আরদেশিকেই আমরা কোচ হওয়ার প্রস্তাব দিই। কিন্তু আর্থিক প্রস্তাবটা তখন গ্রহণ করেননি। নিজে না এসে পাঠান আলী আকবরকে। এবার আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন। এএফসির কোচিং ইনস্ট্রাক্টর হিসেবে আলী আকবরের গুরু হচ্ছেন আরদেশি।’