আবাহনীতে ইউরোপের কোচ?
আপাতত আর ইরানি কোচ নয়। এবার চোখ ইউরোপে। এই লক্ষ্য নিয়ে নতুন কোচের সন্ধানে আবাহনী।
হাতে আছে দুজন ডাচ ও একজন অস্ট্রেলিয়ান কোচের বায়োডাটা। আরও দুজন ইউরোপিয়ান কোচের বায়োডাটা সংগ্রহ করা হচ্ছে। সব দেখেশুনে একজনকে নিয়োগ দেওয়া হবে। এর আগেও অবশ্য ইউরোপিয়ান কোচ এনেছে আবাহনী।
আবাহনীর ফুটবল দল পরিচালনার দায়িত্বে থাকা পরিচালক কাজী নাবিল আহমেদ বলছেন, ‘এই মুহূর্তে ইরানি কোচ আনছি না, এটা চূড়ান্ত। এবার আমাদের চোখ ইউরোপের দিকে। আশা করছি, দ্রুত এ বিষয়ে সব চূড়ান্ত করতে পারব।’
শেখ জামাল নতুন মৌসুমের জন্য অনুশীলনে নেমে পড়েছে। এনেছে বেশ কজন বিদেশি ফুটবলার। আবাহনী এই দিকটায় একটু পিছিয়ে। নাবিল জানিয়েছেন, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বেশ কজন আফ্রিকান ফুটবলার আনা হবে ট্রায়াল নিতে। ওই সময় একজন ইউরোপিয়ান কোচও নিয়ে আসা হবে।
গত মৌসুমের বাজে অভিজ্ঞতা ভুলিয়ে দিতে পারবেন, এমন একজন কোচ খুঁজছে আবাহনী। ইরানি কোচ আরদেশির পোরনেমাতের অধীনে গত মৌসুমটা শিরোপাহীন কেটেছে। লিগে তৃতীয়, তিনটি টুর্নামেন্টের দুটিতে সেমিফাইনালেই ওঠা হয়নি।
এর আগের দুই মৌসুম কাজ করে যাওয়া আরেক ইরানি আলী আকবর পোরমুসলিমির সময় আবাহনী একটা লিগ ও দুটি ফেডারেশন কাপ শিরোপা জিতেছে। ওই সময় আবাহনী সুপার কাপও জিতেছিল, যদিও তখন ঢাকায় ছিলেন না আলী আকবর। আবাহনীর অনেকেই এখন মনে করেন, আলী আকবরকে বাদ দেওয়াটা ভুল হয়েছে।