আবাহনীতে এবার অস্ট্রেলীয় স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বিদেশি কোচ নাথান হলকে স্বাগত জানাচ্ছেন সুজন, আরমান আজিজ, সোহেলরা। কাল আবাহনী ক্লাব চত্বরে ষ প্রথম আলো
নতুন বিদেশি কোচ নাথান হলকে স্বাগত জানাচ্ছেন সুজন, আরমান আজিজ, সোহেলরা। কাল আবাহনী ক্লাব চত্বরে ষ প্রথম আলো

১৫ জন বিদেশি ফুটবল কোচ এর আগে কাজ করে গেছেন আবাহনীতে। দু-তিনজন বাদে বাকিরা আকাশি-নীল দলকে সাফল্য দিয়েছেন। নাথান হলেরও চাওয়া সাফল্যের পথে হাঁটা।
গত তিন মৌসুমে দুজন ইরানি কোচ ছিলেন আবাহনীতে। চারবারের পেশাদার লিগজয়ীরা গত বছর আরদেশির পোরনেমাতের অধীনে কোনো ট্রফিই ঘরে তুলতে পারেনি। এমন কঠিন সময়ে কাল ১৬তম বিদেশি কোচ হিসেবে আবাহনীর দায়িত্ব নিলেন হল। সঙ্গে নিয়ে এলেন ‘অস্ট্রেলীয় স্বাদ’।
এই কোচের বয়স মাত্র ২৯। বাংলাদেশের ফুটবলে এত কম বয়সী বিদেশি কোচ আগে কাজ করেননি। যদিও বিশ্ব ফুটবলে তরুণ কোচদেরই দাপট চলছে এখন। ভিলাস বোয়াস চেলসির মতো দলকে কোচিং করিয়েছেন মাত্র ৩৪ বছর বয়সে। সেই ভিলাস বোয়াসকেই আদর্শ মেনে এসেছেন হল, ‘বোয়াসের মতো আমিও খুব অল্প বয়সে কোচিংয়ে এসেছি। দুজনের মধ্যে মিল আছে। তাই বোয়াসকেই আমার পছন্দ।’
কিন্তু হলকে মনে ধরবে তো আবাহনী সমর্থকদের? সময়ই বলবে। তবে এ দেশে আধুনিক ফুটবলের আঁতুড়ঘর আবাহনীকে এগিয়ে নেওয়ারই প্রত্যয় তাঁর কণ্ঠে। পরশু রাতে ঢাকায় এসে কাল বিকেলে ক্লাব বোর্ড রুমে সাংবাদিকদের বলছিলেন, ‘আমি আধুনিক কোচ। বৈজ্ঞানিক ধারায় বিশ্বাস করি। আমি ফুটবল ভালো বুঝি। ডাইরেক্ট ফুটবল পছন্দ করি না। চাই মাঠে দর্শক খেলাটা উপভোগ করবে। খেলাটা হবে আকর্ষণীয়।’ এখন কোন দলটির খেলা বেশি ভালো লাগে, এই প্রশ্নে তাঁর উত্তর, ‘জার্মানি তরুণ দলটা দারুণ খেলছে। এ মুহূর্তে জার্মানিই বিশ্ব ফুটবলে সবচেয়ে কঠিন দল। তাদের ফুটবলটাই আমার বেশি পছন্দ।’
থাই মেয়েকে বিয়ে করে ব্যাংককে বসত গড়া সুদর্শন, চটপটে হল খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে প্রথম অনুশীলন সেশনে গেলেন দলের সঙ্গে। খেলোয়াড়দের পরখ করলেন মাঠের বাইরে বসে। মোহাম্মদপুরের রামচন্দ্রপুরের সেই মাঠটা ছিল নির্জন। আবাহনী ক্লাব চত্বরও কোলাহলশূন্য। বিদেশি কোচ দেখতে আগের মতো সমর্থকদের ভিড় নেই। তবে সাংবাদিকদের ভিড়ে নিজের শক্ত বাহু দেখিয়ে হলের রসিকতায় খানিকটা প্রাণবন্ত হলো পরিবেশটা।
অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সর্বশেষ গত বছর ভারতের আই লিগের অবনমিত দল সিকিম ইউনাইটেডে কাজ করার অভিজ্ঞতাকে নিজের বড় পুঁজি মানছেন হল। সেই প্রসঙ্গ টেনে আবাহনীকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিতে ভোলেননি, ‘আবাহনীর ঐতিহ্য জানি। গত বছর দলটা ভালো করতে পারেনি বলেই আমি এখানে। আবাহনীকে এগিয়ে নেওয়াই আমার চ্যালেঞ্জ। নাম নয়, খেলোয়াড়দের মাঠের পারফরম্যান্সই দেখব আমি।’
জাতীয় দলের ডাচ কোচদের প্রত্যাশা, ক্লাব ফুটবলেই খেলোয়াড়েরা ‘বিল্ডআপ ফুটবল’ খেলবেন। জাতীয় দলের জন্য তা হবে সহায়ক। ডাচ কোচদের সেই প্রত্যাশা প্রসঙ্গে হলের কথা, ‘প্রত্যেক ক্লাবেরই নিজস্ব ধরন আছে। আবাহনীরও তা থাকবে।’
আসিয়ান অঞ্চলের সর্বোচ্চ কোচিং সনদ নিয়েছেন, তবে তা এএফসির ‘এ’ লাইসেন্সের সমতুল্য কি না, জানা নেই হলের। শিগগিরই প্রো-লাইসেন্স নেওয়ার ইচ্ছে ব্যক্ত করে হল বলছিলেন, ‘১০ বছরে কোচিং অভিজ্ঞতা নিয়ে এসেছি ঢাকায়।’
আবাহনী সমর্থকেরা এখন নড়েচড়ে বসতে পারেন।