আবাহনীতে দুই ব্রাজিলিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুম বাজেভাবে কাটানো আবাহনী এবার ফিরে পেতে চায় পুরোনো ঝলক। সেই লক্ষ্যে পরশু দলবদলের শেষ দিনে আকাশি-নীলরা নতুন দল গড়ল। মাঠেই প্রমাণ হবে নতুন দল কেমন। তবে বিদেশি খেলোয়াড়ের সংগ্রহে পেশাদার লিগের চারবারের চ্যাম্পিয়নরা আগের চেয়ে এবার বেশি টাকা খরচ করছে।

নতুন মৌসুমে আবাহনী নিবন্ধন করাল দুজন ব্রাজিলিয়ানকে, দুজনই মাঝমাঠের খেলোয়াড়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে ব্রাজিলিয়ান ফুটবলার আগেও খেলেছে, আবাহনীও এনেছে পেলের দেশের ফুটবলার। তবে বিচ্ছিন্ন কিছু ঝলক ছাড়া কেউই তেমন মনে রাখার মতো ছিলেন না। এবার আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের দাবি, ‘গতবারের চেয়ে এবারের দলটি ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী। বিশেষ করে বিদেশি সংগ্রহ ভালো হয়েছে। নতুন দুই ব্রাজিলিয়ানই ভালো মনে হচ্ছে।’

দুই ব্রাজিলিয়ানের একজন ইতালিতে খেলা ইতালিয়ান পাসপোর্টধারী ডি সুজা এসেছেন গত বৃহস্পতিবার। দ্বিতীয়জন সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া ফুটবল খেলা ডি কাস্ত্রো পৌঁছান শুক্রবার সকালে। বিকেলে তাঁকে অনুশীলনে দেখে মনে ধরার পর রাতেই অন্য সবার সঙ্গে নিবন্ধন করানো হয়েছে।

এ কারণে শুক্রবার দলবদলের শেষ সময় রাত আটটার পর বাফুফে ভবনে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছে আবাহনী (বিদেশিদের জন্য ছিল রাত ১২টা)। ততক্ষণে ত্যক্ত-বিরক্ত বাফুফের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। টিভি ক্যামেরা বিকেল থেকে অপেক্ষার পর আবাহনীর দেখা না পেয়ে চলে যায়। শুক্রবার প্রথম প্রহরে ঢাকা আসেন কাস্ত্রোসহ চারজন। তাঁদের মধ্যে আছেন আবাহনীর পুরোনো খেলোয়াড় ঘানার সামাদ-ইব্রাহিমরা। এঁদের ইনজুরি-টিনজুরি আছে কি না, তা বিকেলে অনুশীলনে পরখ করে নেওয়াতেই দলবদল কার্যক্রমে বিরক্তি উৎপন্ন করল আবাহনী।

এবারও আবাহনী সামাদ-ইব্রাহিমকে নিবন্ধন করিয়েছে। সঙ্গে নাইজেরিয়ার ইয়োকো, পল, গত মৌসুমে মোহামেডানের জার্সি গায়ে লিগের সর্বোচ্চ গোলদাতা ঘানার মরিসন। আবাহনীর সপ্তম বিদেশি নাইজেরিয়ান ওনেইকাচি।
স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আবাহনীতে থেকে গেছেন সোহেল, সুজন, ওয়ালি, আরমান আজিজ, মিশু, প্রাণতোষ, কোমল, তৌহিদুল, সৈকত, উত্তম, শাহেদ। নতুন যোগ দিয়েছেন মোহাডোনের শরিফুল, শেখ জামালের সোহেল রানা, শাকিল, সৈকত, ব্রাদার্সের জামাল, মুক্তিযোদ্ধার রনি। শেখ রাসেলের খেলোয়াড় তালিকায় থাকা স্ট্রাইকার মিঠুনের নামও জমা দিয়েছে আবাহনী। দুই ক্লাব নাম জমা দেওয়ায় ঝামেলায় পড়তে যাচ্ছেন মিঠুন।

দলবদলের শেষ দিনে আরেক বড় দল মোহামেডানও খেলোয়াড় নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছে। সাদা- কালোরা নিয়েছে পাঁচজন বিদেশি—বাইবেক, ড্যামিয়েন, আননেমি, আওয়াদুকুম (নাইজেরিয়া) এবং মোস্তফা সিদ্দিক (মিসর)। মোস্তফা আলাদাভাবে নজর কাড়বেন বলে আশাবাদ মোহামেডানের। শেখ রাসেলের স্ট্রাইকার এমিলি, উইঙ্গার জাহিদ, একই দলের নাহিদ, ইমন, শেখ জামালের আরিফ আছেন মোহামেডানের খেলোয়াড় তালিকায়।
শেষ দিনে ব্রাদার্স, চট্টগ্রাম আবাহনী, উত্তর বারিধারা দল গড়েছে, যারা কেমন দল গড়েছে বলাই বাহুল্য। টিকে থাকার লক্ষ্যই এই দলগুলোর।