আবাহনীতে দুই ব্রাজিলিয়ান
মধ্যবর্তী দলবদলে দুজন ব্রাজিলিয়ান ফুটবলার নিবন্ধন করিয়েছে আবাহনী। জিয়ান ডি সিলভা স্ট্রাইকার, ফিলিপ খেলেন মাঝমাঠে। পরশু মধ্যবর্তী দলবদলের শেষ দিনে দুই ব্রাজিলিয়ানের নাম বাফুফেতে জমা দেওয়া হয়েছে। আজ রাতে দুজনের ঢাকা আসার কথা। সিলভা খেলেন পর্তুগালে, ফিলিপ ব্রাজিলে। বছর কয়েক আগে আবাহনীতে খেলে গেছেন সান্দ্রো নামে এক ব্রাজিলিয়ান। যদিও কিছুদিন খেলেই তাঁকে বিদায় নিতে হয়। আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস জানিয়েছেন, শেখ জামালের ছেড়ে দেওয়া ক্যামেরুনের মিডফিল্ডার ইয়াকুকেও তাঁরা নিবন্ধন করিয়েছেন। সব মিলিয়ে নিবন্ধন হলো নয়জন। এর মধ্যে ঘানাইয়ান আমিনু অসুস্থ হয়ে বাংলাদেশ ছেড়েছেন আগেই। এ ছাড়া আছেন ইব্রাহিম, সামাদ, পল, ফ্রাঙ্ক ও গোলরক্ষক আল হাসান। মোট সাতজন নেওয়া যাবে। ৯ মে দিতে হবে চূড়ান্ত তালিকা। দুই ব্রাজিলিয়ানকে পছন্দ হলে কোপটা পড়তে পারে অন্য কারও ওপর। আবাহনী প্রথম পর্ব শেষে শীর্ষে আছে। ১০ ম্যাচে পয়েন্ট ২৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে। নতুন খেলোয়াড় যোগ করে বাংলাদেশ লিগের শিরোপা ফিরে পেতে চায় প্রথম তিনবারের চ্যাম্পিয়নরা।তবে ব্রাজিলিয়ান মানেই নিশ্চিত পছন্দ, এমন নয়। কদিন আগেই বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে ব্রাদার্স থেকে শেখ জামালে যাওয়া এভারটনকে। খেলায় মন না থাকায় তাঁকে ছেড়ে দিয়েছে জামাল।মুক্তিযোদ্ধায় দুজন ব্রাজিলিয়ান আছেন। ডিফেন্ডার রাফায়েল আর মিডফিল্ডার লিমার খেলায় অবশ্যই খুশিই মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম। লিমা চোট পেয়ে গত তিনটি ম্যাচেই খেলতে পারেননি। আরও এক ম্যাচ সম্ভবত বাইরে থাকতে হবে তাঁকে। মধ্যবর্তী দলবদলে মুক্তিযোদ্ধা একজন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে—উইলকক্স। মোহামেডান ছেড়ে দিয়েছে প্রথম পর্বে ৭ গোল করা এই নাইজেরিয়ান স্ট্রাইকারকে। গোলদাতার তালিকায় উইলকক্স আছেন দ্বিতীয় স্থানে। শুধু উইলকক্স নন, মধ্যবর্তী দলবদলে মোহামেডান সাত বিদেশিকেই বদলে নতুন সাতজন নিয়েছে।নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্টারকে রেখে শেখ জামাল বাকিদের ছেড়ে দিয়েছে। যোগ করেছে নতুন পাঁচজন। শেখ রাসেল নতুন নিয়েছে তিনজনকে। এভাবে সব ক্লাবই কমবেশি নতুন খেলোয়াড় নিয়েছে দলবদলে।