আবাহনীতে ফিরলেন সুজন-ওয়ালী
সাফ ফুটবলের প্রস্তুতি ম্যাচ শেষ। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বেরিয়েই মিছিলে নামলেন আবাহনীর একদল সমর্থক। ‘আবাহনী’, ‘আবাহনী’ চিৎকার থামল ফুটবল ভবনের সম্মেলনকক্ষে এসে। সমর্থকদের সঙ্গে ফুলের পাপড়ি মাথায় মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সালেরা। কাল তাঁরা আবারও হয়ে গেলেন আবাহনীর।গত মৌসুমের সেরা একাদশের বেশির ভাগ ফুটবলারকেই রেখে দিয়েছে আকাশী-নীল দল। ঘর ছেড়ে গেছেন ছয়জন। তবে এবার ঐতিহ্যবাহী ক্লাবটি ঘরে টেনেছে শেখ জামাল ধানমন্ডি থেকে সুজন, ওয়ালী ফয়সাল, জাহিদ হোসেন, নাসিরুল ইসলাম, শাহেদুল আলম ও এনামুলকে। মুক্তিযোদ্ধা থেকে এসেছেন অভিজ্ঞ মিডফিল্ডার আরমান আজিজ, ফেনী সকার ও ব্রাদার্স থেকে যথাক্রেমে তৌহিদুল আলম ও গোলরক্ষক নুরুল করিম। বিদেশিদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আবাহনী। তবে গত মৌসুমের ফুটবলারদেরই রেখে দেওয়ার সম্ভাবনা বেশি বলে জানালেন দলের ম্যানেজার সত্যজিৎ দাশ (রুপু)। বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা গত লিগে হয়েছে চতুর্থ। দেশের বাইরে বরদুলই কাপ জিতে মৌসুম শুরু করে জিতেছে ফেডারেশন কাপ ও সুপার কাপ। সত্যজিৎ এবার লিগ জয়ের প্রতিশ্রুতিই দিচ্ছেন সমর্থকদের, ‘গতবার আমাদের সবচেয়ে বড় ঘাটতি ছিল বিকল্প খেলোয়াড়ের অভাব। তিনজন খেলোয়াড় একসঙ্গে ইনজুরিতে পড়ে যাওয়ায় সমস্যাটা আরও বড় হয়ে ওঠে। এবার ওটাই সবার আগে বিবেচনায় রেখেছি। এবার আমাদের দল শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল হয়েছে।’ ডিফেন্ডার সুজন কাল আবাহনীতে নাম লিখিয়ে বললেন, ‘মনে হচ্ছে যেন ঘরের ছেলে ঘরে ফিরলাম। যে তিনবার আবাহনীতে ছিলাম, তিনবারই আবাহনী চ্যাম্পিয়ন হয়েছে। গত মৌসুমে শেখ জামালকে চ্যাম্পিয়ন করেছি। এবার আবারও আবাহনীকে চ্যাম্পিয়ন করব, ইনশাআল্লাহ।’