আবাহনীতে বিধ্বস্ত মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই শীতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের উত্তাপ থেকে ওম নেওয়ার আশায় আজ সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে যাঁরা হাজির হয়েছিলেন, হতাশ হয়েই ফিরতে হলো তাঁদের। আবাহনী বনাম মোহামেডান লড়াইটা যে একদমই জমল না। আবাহনীর ১৭২ রানের জবাবে মুখ থুবড়ে পড়ে মোহামেডান অলআউট হয়ে গেল ৯৫ রানে। ৭৭ রানের জয়, সেটিও টি-টোয়েন্টিতে! ফলাফলই বলছে কতটা একতরফা হয়েছে ম্যাচটি।

১২ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলা আবাহনী যে এত বিশাল স্কোর গড়বে, সেটা অবশ্য শুরুতে বোঝা যায়নি। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন মেহেদি মারুফ। ৪ মেরে রানের খাতা খুললেও ‘হারিয়ে যাওয়া’ আফতাব আহমেদও ফিরে গেছেন দ্বিতীয় বলে। সেখান থেকেই সৌম্য সরকারের ৩৭ আর অধিনায়ক মুশফিকুর রহিমের ইনিংস সর্বোচ্চ ৫৯ টেনে তোলে দলকে। তৃতীয় উইকেটে এই দুজন ৭০ রানের জুটি গড়েন। মাহমুদউল্লাহর ১৪ বলে ১৮ আর জিয়াউর রহমানের ১১ বলে ২৪ রানের দুটো ক্যামিও ইনিংস বড় স্কোর গড়তে সাহায্য করে আবাহনীকে।

মাশরাফি বিন মুর্তজা, দেওয়ান সাব্বির ও সাজেদুল ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন। এর মধ্যে ৪ ওভারে ১৭ রান দেওয়া মাশরাফি ছিলেন সবচেয়ে মিতব্যয়ী।

ব্যাট হাতে মাশরাফির দল কিন্তু একদমই পাল্টা জবাব দিতে পারেনি। প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ করেছেন শাহরিয়ার নাফীস। আটে নামা মাশরাফি করেছেন ১৬। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কোনো ব্যাটসম্যানই। শুভাশিস রায়, ফরহাদ রেজা, নাবিল সামাদ, সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন দুটো করে উইকেট।

বিজয় দিবস চ্যালেঞ্জ কাপের অন্য ম্যাচে মুখোমুখি ইউসিবি-বিসিবি একাদশ ও প্রাইম ব্যাংক।