আবাহনীতে ২৯ বছর বয়সী কোচ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাথান হল: আবাহনীর কোচ হতে কাল সাক্ষাত্কার দিলেন
নাথান হল: আবাহনীর কোচ হতে কাল সাক্ষাত্কার দিলেন

চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে আবাহনী ফুটবল দলের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন এক অস্ট্রেলিয়ান। দু-এক দিনের মধ্যেই নাথান হলকে আবাহনী নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে।
নাথান থাকেন ব্যাংককে। থাই মেয়েকে বিয়ে করে বাড়ি করেছেন সেখানে। স্ত্রীর ব্যবসা-বাণিজ্য আছে। আর তিনি ফুটবল কোচিং করিয়ে বেড়ান। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের দুটি শীর্ষ ক্লাবে সহকারী হিসেবে কাজ করেছেন। ভারতীয় ফুটবলেও পরিচিতি আছে। আই লিগে বাইচুং ভুটিয়ার দল সিকিম ইউনাইটেডের কোচ হিসেবে কাজ করেছেন গত মৌসুমে।
নাথানের বয়স মাত্র ২৯! ফুটবল বেশি দিন খেলেননি। কোচিংয়েই যাবতীয় মনোযোগ দিয়েছেন। ফিটনেসের ওপর অনেক পড়াশোনা আছে। অন্য অনেক কিছুর সঙ্গে এটাও মনে ধরেছে আবাহনীর অন্যতম পরিচালক কাজী নাবিল আহমেদের। নাথানকে টিকিট পাঠিয়ে গত দুই দিন আগে ঢাকায় এনেছেন তিনি। গতকালই দুই পক্ষে আলোচনা হয়েছে।
সেই আলোচনা শেষে কাজী নাবিল বলছিলেন, ‘আমরা তো বয়স্ক কোচ আনতেই অভ্যস্ত। তবে এখন সারা বিশ্বেই তরুণ কোচদের প্রাধান্য। নাথান মাত্র ২৯ বছর বয়সী হওয়ায় এটা তাঁর জন্য একটা বড় চ্যালেঞ্জ। তা ছাড়া এই অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা থাকা নাথানের বাড়তি যোগ্যতা। তাঁকে আমরা বলেছি, আগামী পরশু (কাল) চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেব। ইতিবাচক সিদ্ধান্ত হলে দ্রুতই তিনি চলে আসবেন। আপাতত ব্যাংককে ফিরে যাচ্ছেন আজই (গতকাল)।’
আবাহনীর হাতে দুজন ইংলিশ, একজন ডাচ কোচের বায়োডাটাও আছে। তবে ডাচ কোচ নেওয়ার সম্ভাবনা কম বলেই জানালেন নাবিল। বাকি কোচদের মধ্যে একজনের বয়স ৩২। তাঁকেও বিবেচনায় রাখা হয়েছে। তবে নাবিলের কথায় মনে হলো, নাথানকেই বেছে নেওয়ার সম্ভাবনা বেশি, ‘একজন ইংলিশ কোচের সঙ্গে আমরা কথা বলব। তবে নাথানকে নিয়োগ দেওয়ার ব্যাপারটা সক্রিয়ভাবে বিবেচনায় রাখছি।’
উল্লেখ করা প্রয়োজন, গত তিন মৌসুম আবাহনীতে ছিলেন দুজন ইরানি কোচ। প্রথমজন আলী আকবর পোরমুসলিমি মোটামুটি সাফল্য দিয়ে গেলেও গত বছর আবাহনী তাঁকে বাদ দিয়ে নেয় তাঁরই কোচিং শিক্ষক আরদেশির পোরনেমাতকে। কিন্তু পোরনেমাতের আবাহনী গত মৌসুমে মাঠে কোনো সাফল্যই পায়নি। লিগ শিরোপা হারিয়ে তৃতীয় হয়েছে। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপের গ্রুপ পর্বেই বিদায়।
তাই এবার আর ইরানি কোচে আস্থা রাখছেন না আবাহনীর কর্মকর্তারা। চোখ তাঁদের ইউরোপিয়ান কোচেই। আর তিনি যদি হন নাথানের মতো ২৯ বছরের তরুণ, তাহলে তো হবে আরও বড় এক চমক!