আবাহনীর অনুজ্জ্বল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ শেষ। ডাগ-আউটের পাশে ঘাসের ওপর বসে বিশ্রাম নিচ্ছিলেন ক্লান্ত-বিধ্বস্ত ডিফেন্ডার সিরাজি। পেছন থেকে ধেয়ে আসছিল তুমুল গালি-বৃষ্টি। ‘আবাহনী গ্যালারি’ থেকে সমর্থকদের গালাগালি আর ভুয়া-ভুয়া চিৎকারে টিকতে না পেরে হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে। দর্শকদের আর দোষ কী!সুপার কাপের প্রথম ম্যাচে যে ব্রাদার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে শেখ জামাল, সেই দলের সঙ্গেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল গোলশূন্য ড্র করল আকাশি-নীলেরা।তবে এই ড্রয়ের পরও সুপার কাপ সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবাহনীর। আগামীকাল শেখ জামালের কাছে ৪ গোলের বেশি ব্যবধানে না হারলেই সেমিফাইনালে চলে যাবে গতবারের রানার্সআপরা।মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন পরের টুর্নামেন্ট স্বাধীনতা কাপে ফিরেছে খালি হাতে। টানা চারবার শিরোপা জয়ের মিশনে নেমে বাংলাদেশ লিগটা শেষ করেছে চতুর্থ হয়ে। ভাবা গিয়েছিল কোটি টাকার সুপার কাপটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে আবাহনী। কিন্তু প্রথম ম্যাচটা দেখে মনে হলো না লিগ হারানোর দুঃখ ভুলতে সুপার কাপ তারা জিততে চায়। মাঝমাঠের সঙ্গে আক্রমণভাগের সমন্বয় ছিল না। ছিল গোল মিসের প্রদর্শনী। উজ্জ্বল একাই গোটা তিনেক সুযোগ নষ্ট করেছেন। লিগে ১৫ গোল করা ফ্রাঙ্কও কাল নিজেকে হারিয়ে খুঁজেছেন।২৪ মিনিটেই এগিয়ে যেতে পারত আবাহনী। ইব্রাহিমের শট ব্রাদার্স গোলরক্ষক রঘুর হাত ফসকে যায়। সামনেই দাঁড়ানো উজ্জ্বল দৃষ্টিকটুভাবে বল মেরে দেন বাইরে। ৪৯ মিনিটেও খলনায়ক উজ্জ্বল, রবিনের ক্রস উজ্জ্বল সরাসরি তুলে দেন রঘুর হাতে। ৫১ মিনিটে ইব্রাহিমের পাস থেকে শুধু পা ছুঁইয়ে গোলটা করতে পারেননি ফ্রাঙ্ক।৭৬ মিনিটে আবারও রবিনের বাড়ানো বল বক্সের মধ্যে দাঁড়িয়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি উজ্জ্বল। এভারটনের নেতৃত্বে প্রথমার্ধে ভালো খেলেছে ব্রাদার্স। দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পাওয়া আবাহনীকে ম্যাচের শেষ দিকে জেতার জন্য দেখিয়েছে মরিয়া। কিন্তু গোলটা করবে কে? শেষ পর্যন্ত ৩ পয়েন্টের বদলে এক পয়েন্ট নিয়েই ঘরে ফেরা। তবে ডিফেন্ডার মামুন মিয়ার ম্যাচসেরা হওয়ার মধ্যে চাইলে তৃপ্তি খুঁজতে পারে আবাহনী।কোচ অমলেশ সেন ড্রয়ের জন্য দুষলেন স্ট্রাইকারদের, ‘শুরু থেকেই বলে আসছি, আমরা স্ট্রাইকারদের নিয়ে সমস্যায় ভুগছি। অনেকগুলো গোল মিস করেছে ওরা। এভাবে মিস করলে ম্যাচ জেতা যায় না।’ ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল ড্রতেই সন্তুষ্ট, ‘আমাদের সবাই ভালো খেলেছে। শেখ জামালের সঙ্গে এত খারাপ খেলেছি যে সেটা বলতেও লজ্জা লাগছে। ওই দিন এতিম বাচ্চার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছি। আবাহনীর সঙ্গে ড্র করতে পেরে খুশিই লাগছে।’আবাহনী: জিয়া, লিঙ্কন, মামুন, সিরাজি, সামাদ, প্রাণতোষ, আমিনু, উজ্জ্বল (সোহাগ), ফ্রাঙ্ক (নজরুল), ইব্রাহিম, রনি (রবিন)। ব্রাদার্স: রঘু, ইউসুফ, ড্যানিলো, আশরাফুল, নাহিদ, তরু (তৌহিদুল), কিংসলে, এভারটন, অপু, ফয়সাল মাহমুদ (মনোয়ার), জুনাপিও।