আবাহনীর আছে একজন ইব্রাহিম
খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে শেখ রাসেলের কর্তারা বোনাস ঘোষণা করেছিলেন। মাঠে যাতে দর্শক আসে, তার জন্য গ্যালারিও দেওয়া হয়েছিল উন্মুক্ত করে। সব উদ্দেশ্যই মূলত ছিল একসূত্রে গাঁথা—ঢাকা আবাহনীকে হারিয়ে লিগ লড়াইয়ে ভালোভাবে টিকে থাকার জন্য। কিন্তু সবই বৃথা গেল। আবাহনীর জয়রথ থামাতে পারেনি রাসেল। হেরেছে ০-২ গোলে। মোহামেডান-রাসেল ম্যাচ আর আবাহনী-রাসেল ম্যাচ বিপরীত তথ্যে ভরা। পেশাদার লিগ তো বটেই, এর আগের ঢাকা লিগের চারটি ম্যাচসহ এ পর্যন্ত নয়বারের সাক্ষাতে মোহামেডানকে জিততে দেয়নি রাসেল। সব ম্যাচই ড্র। কিন্তু আবাহনী-রাসেল ম্যাচের ফল হচ্ছে এবং সর্বশেষ চারটি লড়াইয়েই জয়ী দলের নাম আবাহনী। গুরুত্বপূর্ণ এ ম্যাচটা জিতে পেশাদার লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের পথে বড় একটা বাধাই পেরিয়ে গেল আকাশি-নীলেরা। টানা ১০টি ম্যাচই জিতল তারা। এক ম্যাচ কম খেলে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের পয়েন্ট, ২৫। অর্থাত্ এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট এগিয়ে আবাহনী। ১৯ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে অবস্থানটা আরও শক্ত হবে।শেখ রাসেলের অবস্থা তেমন ভালো নয়। দুটি ড্র আর এক পরাজয়ে ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এখনই আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে। লিগে অনেক কিছু ঘটতে পারে ধরে নিলেও রাসেলের পক্ষে শিরোপা জেতা খুব কঠিনই মনে হচ্ছে। এ দিন ব্যবধানটা গড়ে দিয়েছেন আবাহনীর দুই ঘানাইয়ান স্ট্রাইকার আউডু ইব্রাহিম আর শেরিফ দ্বীন মোহাম্মদ। এ দুজনের পা থেকে এল ম্যাচের দুটি গোল। ‘ইব্রাহিম ঝলক’ই চোখে পড়েছে বেশি। এমনিতে বল নিয়ে একা খেলতে যাওয়ার বদনাম আছে ইব্রাহিমের। এ ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত সেটাই বারবার করে গেছেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে বদলে গেলেন ইব্রাহিম। গোল করলেন, করালেনও। আবাহনীকে তাই জয় নিয়ে আর ভাবতে হয়নি।৫২ মিনিটে ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে পাঠিয়ে এবারের লিগে নিজের তৃতীয় গোল পেলেন ইব্রাহিম। ফ্রি-কিক নেওয়ার আগে ‘ডামি’ করেছেন ডিফেন্ডার আতিকুর। প্রতিপক্ষ এতে একটু বিভ্রান্তই হয়। ইব্রাহিম চাতুর্যের সঙ্গে দেয়ালের ওপর দিয়ে বলটা জড়িয়ে দেন জালে (১-০)। ৮৭ মিনিটে এনামুলের কাছ থেকে বল পেয়ে বক্সে ক্রস ফেলেন ইব্রাহিম, সেটি খুঁজে নেয় ছয় ফুট দুই ইঞ্চি লম্বা শেরিফের মাথা। শেরিফের হেড চলে যায় জালে (২-০, লিগে এটি শেরিফের অষ্টম গোল)। এমানুলকে একাদশের বাইরে রেখে খেলতে নামা আবাহনী প্রথমার্ধে ভুগেছে। পাস ঠিকমতো হচ্ছিল না, বল দেরি করে ছাড়ার কারণে আক্রমণ দানা বাঁধতে গিয়েও শেষ পর্যন্ত এলোমেলো হয়ে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে আবাহনীর খেলাটা ছিল অনেক বেশি গোছানো। আগের ম্যাচে ব্রাদার্সের বিপক্ষে জিতলেও বাজে ফুটবল খেলা আকাশি-নীলেরা নিজেদের সামর্থ্যের প্রকাশটা ঘটিয়েছে এই অর্ধেই । শেখ রাসেলের আক্রমণ ছিল মরক্কান স্ট্রাইকার সামির ওমারিকে ঘিরেই। ১-১ হওয়ার পর বক্সের ভেতর থেকে তাঁর দারুণ একটা শট গোলরক্ষক বিপ্লব আটকে দিয়েছেন। তবে মোহাম্মদ রনির শটটা বিপ্লবকে আটকাতে হয়নি, বারের ওপর দিয়ে মেরে তিনি নিজেই হাতছাড়া করেছেন সহজ সুযোগ। জয়টাও তখন হাতে উঠে গেছে আবাহনীর!আবাহনী: বিপ্লব, সুজন, রজনী, জাহেদ, প্রাণতোষ, মতিউর মুন্না (এনামুল), মেহেদি (শাহেদ), সামাদ, ইব্রাহিম আবুল), শেরিফ।রাসেল: মামুন, কামাল, জহিরুল, আমিনুল, আব্বাস ইনুসা, আবদুল্লাহ পারভেজ, মারুফ (রাজন), মোবারক, মরো মোহাম্মদ, রনি, সামির।