আবাহনীর আসাম জয়
আসাম জয়ের অপেক্ষায় ছিল আবাহনী। বরদুলই ট্রফির শিরোপা জয়—প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখেই কাল শেষ হয়েছে আবাহনীর অপেক্ষা। ২০০৭ সালে আসামের স্থানীয় টুর্নামেন্ট বরদুলই ট্রফিতে প্রথম খেলতে গিয়ে সেমিফাইনালে বিদায় নিয়েছিল আবাহনী। এ নিয়ে আক্ষেপ ছিল তাদের। এ বছর আবার বরদুলইয়ে খেলতে গিয়ে আর খালি হাতে ফেরেনি, বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা ট্রফি নিয়েই ফিরছে। ৫৯তম বরদুলই ট্রফির ফাইনালে আবাহনীর সামনে পাত্তাই পায়নি নেপালের থ্রি-স্টার ক্লাব।স্কোরলাইনই বলে দিচ্ছে আবাহনীর দাপুটে পারফরম্যান্স। টুর্নামেন্টে দলের অধিনায়কত্ব করা ঘানাইয়ান স্ট্রাইকার আউডু ইব্রাহিম চোটের কারণে এই ম্যাচ খেলেননি। তবু স্কোরলাইন ৩-০। ২ গোল করেছেন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবাহনী যাঁকে এক মৌসুম আগে নিষিদ্ধ করেছিল, সেই মিডফিল্ডার মেহেদি হাসান (উজ্জ্বল)। প্রথম মিনিটেই বক্সের ওপর থেকে নেওয়া শটে আবাহনীকে এগিয়ে দেন মেহেদি। ৪০ মিনিটে বক্সের ৫-৬ গজ সামনে থেকে তরুণ মিডফিল্ডার ইমতিয়াজ সুলতানের (জিতু) লক্ষ্যভেদী শটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে আবাহনী। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটা করে ম্যাচ আবাহনীর মুঠোয় পুরে ফেলেন মেহেদি। আবাহনীর জয়ের নায়ক মেহেদি পেয়েছেন ম্যাচ-সেরার পুরস্কার। আয়োজকেরা আরও দুটি ব্যক্তিগত পুরস্কার দিয়েছে। সেরা ডিফেন্ডার হয়েছেন আবাহনীর ঘানাইয়ান খেলোয়াড় সামাদ ইউসুফ। ফাইনালে দলের বড় পরাজয় রুখতে না পারলেও সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন নেপাল থ্রি-স্টার দলের গোলরক্ষক। আবাহনী পেয়েছে ১ লাখ রুপি।বিদেশের মাটিতে এটি আবাহনীর তৃতীয় শিরোপা। প্রথমটি ১৯৮৯-৯০ মৌসুমে, কেরালার নাগজি ট্রফি। দ্বিতীয়টি ১৯৯৪ সালে, কলকাতার চার্মস কাপ।১৬ বছর পর বিদেশে শিরোপা জিততে পেরে উচ্ছ্বসিত আবাহনী। ফাইনাল শেষে গুয়াহাটিতে আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) টেলিফোনে ধরা পড়লেন এভাবে, ‘আমরা সবাই এখানে আনন্দ করছি। তবে এটা আমাদের একার কৃতিত্ব নয়। এটা দেশের গৌরব। আমরা পরিশ্রমের ফল পেয়েছি।’আবাহনী আগামীকাল দেশে ফিরছে। সামনে ঘরোয়া মৌসুম। এই টুর্নামেন্ট নতুন দলটাকে বাজিয়ে দেখার সুযোগ করে দিল। গত কয়েক বছরের ঐক্যবদ্ধ আবাহনী দলটা এবার ভেঙে গেছে। বেশির ভাগ খেলোয়াড়ই দল ছেড়ে যাওয়ায় একেবারে নতুন করেই তৈরি হতে হচ্ছে আকাশি-নীলদের। সত্যজিৎ সেটাই মনে করিয়ে দিয়েছেন, ‘আমরা নতুন করে নতুন দল নিয়ে শুরু করলাম। নতুন দলটা দেখার জন্য আমরা এই টুর্নামেন্টে এসেছিলাম। দল ম্যাচ বাই ম্যাচ ভালো খেলেছে। ফাইনালে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল আমাদের।’১৯৫২ সালে শুরু আসামের ঐতিহ্যবাহী বরদুলই টুর্নামেন্টে সর্বোচ্চ ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। ৫ বার করে কলকাতা মোহামেডান, ইস্টবেঙ্গল ও আসাম পুলিশ। বিদেশি দলের মধ্যে সর্বোচ্চ ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্যাংকক পোর্ট অথরিটি। উজবেকিস্তানের নারবাখার একবার চ্যাম্পিয়ন। বাংলাদেশের ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে ২০০৪ সালে। এ নিয়ে চতুর্থ বিদেশি দল হিসেবে চ্যাম্পিয়ন হলো আবাহনী।আবাহনী দল: জিয়া (হিমেল), সামাদ, নজরুল, মামুন, লিঙ্কন, সিরাজী (কামাল), উজ্জ্বল, প্রাণতোষ, জিতু, ফ্রাঙ্কো, আমিনু (আলফাজ)।