আবাহনীর উৎসবমুখর দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনের সম্মেলনকক্ষে স্লোগান চলল অনেকক্ষণ, ‘আবাহনী, আবাহনী’। গত কয়েক বছরে দলবদলে খেলোয়াড় নিবন্ধনের সময় আবাহনীকে এমন উজ্জীবিত দেখায়নি। হতে পারে শেখ রাসেল, শেখ জামাল মহা ধুমধামে দলবদল করে যাওয়ায় তাদের টেক্কা দিতে এই উদ্যোগ আকাশি-নীলদের।তবে ঘোড়ার গাড়ি-টাড়ি কিছু আনেনি আবাহনী। এনেছিল বাজিয়ের দল। যারা বাজনা বাজিয়ে পরিবেশটা মুখর করে রাখল কাল বিকেলে। ফুলের পাপড়ি ছড়িয়ে বাফুফের সম্মেলনকক্ষ ভরিয়ে দেওয়া হলো।গতবার পেশাদার লিগজয়ী আবাহনীতে এবার অনেক পরিবর্তন। দল ছেড়েছেন সাতজন। এর মধ্যে উইঙ্গার জাহিদকে হারানোটা উল্লেখযোগ্য। গোলরক্ষক জিয়া, ডিফেন্ডার নাসির, লিংকন, মামুন মিয়া, মিডফিল্ডার জিতু ও স্ট্রাইকার রবিনও দলছুট। ঘাটতি পূরণে আবাহনীর সংগ্রহ খারাপ হয়নি। গতবারের সঙ্গে তুলনায় উনিশ-বিশ। বড় ক্ষতি হয়নি, আবার খুব যে লাভবান হয়েছে আবাহনী তা-ও বলা যাবে না। তবে এই দল নিয়েই চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। গোলে বিজেএমসি থেকে এসেছেন হিমেল আর ব্রাদার্সের উত্তম। রক্ষণে আনা হয়েছে শেখ জামালের মিশু ও ভাসানীকে, আক্রমণভাগে একই দলের ফরোয়ার্ড কোমল ও ফরাশগঞ্জের শওকতকে। দলে রয়ে গেছেন গোলরক্ষক সোহেল, ডিফেন্ডার সুজন, ওয়ালি, সিরাজি, নজরুল, মিডফিল্ডার প্রাণতোষ, আরমান আজিজ, চৌমিন রাখাইন, তৌহিদুল, এনামুল, শাখাওয়াত রনি, সৈকত ভৌমিক। কয়েক বছর ধরে খেলা ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ ও তাঁর স্বদেশি প্লে-মেকার ইব্রাহিম এবারও থাকছেন। ভিসা-সমস্যার কারণে তাঁরা এখনো আসতে পারেননি। গতবার খেলে যাওয়া ফ্রাঙ্ক-পলদেরও আসার কথা। এ ছাড়া একজন ব্রাজিলিয়ান এসে গেছেন, আরেকজন ব্রাজিলিয়ান আসবেন। দুজন রুশ ফুটবলারকেও ট্রায়ালে দেখা হবে। জনা তিনেক নাইজেরিয়ান ফুটবলারও আনার প্রস্তুতি চলছে। কোচ হিসেবে গতবারের সফল কোচ ইরানের আলী আকবর পোরমুসলিমিই আসছেন। তবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।নতুন মৌসুমে আবাহনী প্রথম মাঠে নামছে ৮ অক্টোবর। ফেডারেশন কাপে তাদের প্রথম প্রতিপক্ষ যশোর ডিএফএ। এই ম্যাচের আগেই কোচ আলী আকবর এবং ইব্রাহিম-সামাদরা চলে আসতে পারেন।পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। আগের চারটি পেশাদার লিগে শিরোপা জয়ের হ্যাটট্রিক আছে। গত কয়েক বছরে ঘরোয়া ফুটবল রাঙিয়েছে তো এই আবাহনীই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এএফসি প্রেসিডেন্টস কাপ তারা খেলেছে চারটি। প্রতিটিতেই প্রথম রাউন্ডে বাদ। তবে এবার আবাহনী চায় যে করেই হোক অন্তত দ্বিতীয় রাউন্ডে যেতে। গতবারের চেয়ে এবার দল ভালো হলো না খারাপ হলো—এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে ম্যানেজার সত্যজিৎ দাস বললেন, ‘ঘাটতি পূরণে যাদের নেওয়া হয়েছে তারা নিজেদের মেলে ধরতে পারলে দল ভালোই করবে। আবাহনী এক নম্বর দল, সেটা মুখে নয় মাঠেই প্রমাণ করতে হবে।’