আবাহনীর গোল-উৎসব
বিশ্বেরই সেরা পেনাল্টি বিশেষজ্ঞ ছিলেন একসময়। কিন্তু তাঁকে নিয়েও প্রথম পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে জিততে পারেনি আবাহনী। তবে সুপার ফাইভে ঠিকই নিজের ঝলক দেখিয়ে চলেছেন এই সোহেল আব্বাস। কাল অসাধারণ ড্র্যাগ ফ্লিকে পাকিস্তানের এই সাবেক তারকা করলেন হ্যাটট্রিকসহ ৪ গোল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অ্যাজাক্সকে ৯-১ গোলে উড়িয়ে দিল আবাহনী। এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট হলো আবাহনীর। সমান খেলায় ৩৩ পয়েন্ট মোহামেডানের। সোহেল আব্বাস ছাড়াও কাল আবাহনীর পক্ষে পুষ্কর খীসা করেছেন ২টি গোল। অন্য দুই পাকিস্তানি তারিক আজিজ, মোদাচ্ছের আলী ও রুবেল হোসেন গোল করেছেন ১টি করে। অ্যাজাক্সের সান্ত্বনাসূচক গোলটি ইমতিয়াজের।সুপার ফাইভে টানা দ্বিতীয় জয় আকাশি-নীলদের চ্যাম্পিয়ন হওয়ার আশাটা বাঁচিয়ে রাখল। তবে শিরোপা জয়ের পথটা তাদের খুবই কঠিন ও জটিল। ২২ জুলাই সোনালী ব্যাংকের বিপক্ষে জিততে তো হবেই, জিততে হবে সুপার ফাইভের শেষ ম্যাচে শীর্ষে থাকা মোহামেডানের বিপক্ষেও। সে ক্ষেত্রে আবাহনী-মোহামেডানের পয়েন্ট সমান হলে বাইলজ অনুসারে প্লে-অফ ম্যাচ খেলতে হবে এই দুদলকে। ৭০ মিনিট খেলার পর প্লে-অফ ম্যাচও অমীমাংসিত থাকলে আরও অতিরিক্ত ১৫ মিনিট খেলা হবে। এই সময়ে খেলার নিষ্পত্তি হবে গোল্ডেন গোলে। তাতে ফলাফল না পাওয়া গেলে টাইব্রেকারে গড়াবে ম্যাচটি।