
সুযোগ এল অনেক। কিন্তু সবই হাতছাড়া। একটা ম্যাচে ছয়-সাতটি সুযোগ হেলায় হারালে জেতা কঠিন। এই বাস্তবতা মেনেই কাল সন্ধ্যায় বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়ল আবাহনী। গোলশূন্য ড্র ম্যাচটা জয়ের আনন্দই এনে দিয়েছে ফেনী সকারকে।
আবাহনীর গোল নষ্টের মহড়া সমর্থকদের চোখের জন্য ছিল পীড়াদায়ক। মরিসন গোলরক্ষককে একা পেয়েও বাইরে মেরেছেন। তৌহিদের গোলমুখে হেড করে বল পাঠিয়েছেন বাইরে। মরিসন আলতো টোকা দিলেই গোল হয়, অহেতুক ভলি করে পাঠিয়েছেন বাইরে।
এই মৌসুমে কালই প্রথম আবাহনীর জার্সি গায়ে মাঠে নামা ইব্রাহিমও কম যাননি। ভালো জায়গায় বল পেয়ে তাঁর শট পোস্ট খুঁজে পায়নি। এরপর তৌহিদের শট মরিসনের ঊরুতে লেগে দিক বদলায়। শেষ সময়ে আবারও ইব্রাহিম হাতছাড়া করেছেন সহজ সুযোগ।
সবকিছুরই ফল আবাহনীর এই ড্র। কৃতিত্ব পাবে ফেনী সকারও। দলটার কোচ ওমর সিসের চতুর পরিকল্পনা বেশ কার্যকর হলো। আবাহনীর খেলাটা নষ্ট করতে সবই করেছেন গাম্বিয়ান তরুণ কোচ। আবাহনী এদিন উইং দিয়ে বেশি আক্রমণে উঠে বক্সে ক্রস তুলতে চেয়েছে। ফিট না থাকায় মিশুর জায়গায় ১৯ মাস পর খেলতে নামা উইংব্যাক নাসির বারবারই উইং ধরে উঠেছেন। কিন্তু সকারের তৎপরতায় মরিসন, ইব্রাহিম হেডে বেশি বল পাননি। সকারের গোলরক্ষক নেহালও বেশ ভালো খেলেছেন এ ম্যাচে।
আবাহনীর খেলায় দৃষ্টিকটু ঠেকেছে আক্রমণ তৈরির সময় প্রচুর ভুল পাস। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়েও একই ভুল। যেটা দলের জন্য আত্মঘাতী। আসলে গোটা ম্যাচেই চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা অনেক ভুল করেছে। যে কারণে ম্যাচটা দেখার জন্য আকর্ষণীয় হতে পারেনি।
আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমির বিশ্লেষণ আবার অন্য রকম। তিনি বরং দুর্বল রেফারিংকে ড্রয়ের অন্যতম কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। দুই বছর আগে আবাহনীর কোচ থাকার সময়ও রেফারিং নিয়েই ক্ষোভ দেখাতেন বেশি। কালও তাঁর একই কথা, ‘এ দেশের ফুটবলের কোনো উন্নতি দেখছি না। টেকনিক্যালি ভালো খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া রেফারির দায়িত্ব। কিন্তু এই ম্যাচে তা দিলেন না রেফারি। আমাদের খেলোয়াড়দের বাজে ফাউল করলেও রেফারি বারবার বললেন, ‘প্লে...প্লে।’
তবে গোল নষ্ট আর ভুল পাসের এই ফুটবল আবাহনীর সঙ্গে যায় না, মানলেন পোরমুসলিমি। তাই লিগ পরীক্ষার শুরুতে বেশ নড়বড়ে আবাহনী। ব্রাদার্সকে কোনো রকমে মরিসনের একমাত্র গোলে হারিয়ে শুরু করেছিল লিগ। দ্বিতীয় ম্যাচেই হারাল পয়েন্ট, হতাশও বিব্রত আকাশি-নীলরা।
ফেনী সকার দু-তিনটি সুযোগের একটি কাজে লাগিয়ে ফেললে আবাহনীর ললাটে আরও দুঃখ ছিল। সেটি না হলেও সকারের কোচ বেশ খুশি, ‘আমরা জিতেও যেতে পারতাম। আমরা পয়েন্ট পেয়েছি ভালো খেলেই।’
ভালো খেলার দাবিটাই করতে পারছে না আবাহনী। এটাই আবাহনীর বড় দুর্বলতা!