আবাহনী না জিতলে বড় অন্যায় হতো! মোহামেডানের সমর্থকেরাও একবাক্যে মেনে নিলেন। ২-০ গোলে পিছিয়েও টাইব্রেকারে সুপার কাপের শিরোপা ছিনিয়ে নিল আবাহনী। ম্যাচের গতি-প্রকৃতি অনুযায়ী সঠিক বিচার।এই সুপার কাপের দুটি গ্রুপ ম্যাচেই আবাহনী ড্র করেছিল। কোনো গোল না করেই সেমিফাইনাল। মুক্তিযোদ্ধার বিপক্ষে সেমিতে দুবার পিছিয়েও টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয় (৫-৪)। কাল এর চেয়েও রুদ্ধশাস ফাইনালে টাইব্রেকারে জয়টা এল ৩-২ গোলে। কাগজে-কলমে ড্র। জয়ী দল বেছে নিতেই টাইব্রেকার। সেই অর্থে আবাহনী কোটি টাকা ঘরে তুলল চার ম্যাচের একটিও কাগজে-কলমে না জিতে!যেভাবেই বিশ্লেষণ করা হোক, একটা বৃত্ত ভাঙতে পারল মোহামেডানের কাছে সর্বশেষ তিনটি ফাইনালে হারা আবাহনী। ২০০৮ ও ২০০৯ ফেডারেশন কাপের ফাইনালে। ২০০৯-এ প্রথম সুপার কাপে। কালকের ফাইনাল হারলে আবাহনীর দুংখের শেষ থাকত না। মোহামেডানের কষ্ট পাওয়ার কিছু নেই। বরং অতিরিক্ত ৩০ মিনিটসহ মোট ৮০ মিনিট দশজন নিয়ে খেলে আবাহনীকে টাইব্রেকারে নিয়ে যাওয়া, সুপার কাপের শিরোপা হারালেও সাদামাটা দল নিয়েও রানার্সআপ ট্রফিটা সাদা-কালোদের জন্য কম নয়। ভাগ্যিস আবাহনী জিতেছে, নইলে কাল একটা তুলকালাম হতে পারত বৃষ্টিভেজা বঙ্গবন্ধু স্টেডিয়ামে! ২-১ পিছিয়ে থাকা অবস্থায় আবাহনী দুবার বল মোহামেডানের জালে ঢোকালেও গোল পায়নি রেফারির আবদুল হান্নান মিরনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে। একবার মিরন গোল নাকচ করছেন, আরেকবার সহকারী রেফারি অফসাইড ধরেছেন। আবাহনী ছিল ক্ষুব্ধ। ঘাসের নিচে পানি। একসময় কাদায় পরিণত হাডুডুর মাঠে! তবে ছন্দময় ফুটবল না হলেও লড়াই হয়েছে। গত সুপার কাপে মানুষের ঢল নেমেছিল, এদিন গ্যলারিতে আসা ১৫-১৬ হাজার দর্শকের কাছে উপভোগ্যই হলো ফাইনালটা। মিনিট কুড়ির মধ্যে আবাহনী নষ্ট করে তিনটি সুযোগ। উল্টো ২৩ মিনিটে বাঁ দিক থেকে শরিফুলের ক্রসে সানডের হেডে মোহামেডান এগিয়ে যায়। ৩১ মিনিটে ২-০! সেই শরিফুলের পাস থেকে তৌহিদের দারুন শটে গোল। মোহামেডান তখন আকাশে উড়ছে!আবাহনীর তরুণ গোলরক্ষক সোহেল তখন বেশ নড়বড়ে। সেই সোহেলই টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আবাহনীর জয়ের অন্যতম নায়ক। তবে মূল নায়ক অবশ্যই থুরাম ফ্রাঙ্ক। ঘানাইয়ান স্ট্রাইকার দুটি গোল করে এই মৌসুমে ফেডারেশন কাপজয়ীদের বুক থেকে পাথর নামিয়েছেন।২-০ হওয়ার ৪ মিনিট পরই লিংকনের কর্নারে তৈরি হওয়া জটলায় দারুণ শটে ২-১ করেন ফ্রাঙ্ক। আবাহনীর মুহুর্মুহু আক্রমণের মুখে ৪০ মিনিটে মহানাটক। পারভেজের ফ্রি কিক মোহামেডানের নাইজেরিয়ান গোলরক্ষক আল হাসানের হাত ফসকালে টোকা দিয়ে বল জালে পাঠান ফ্রাঙ্ক। টিভি রিপ্লেতে দেখা গিয়েছে ওটা গোল। কিন্তু রেফারি মিরন ফাউল ধরেছেন ফ্রাঙ্কের। এরই মধ্যে ফ্রাঙ্ককে লাথি মেরে লাল কার্ড দেখেছেন আল হাসান।দশজনের মোহামেডান তবু বুক চিতে লড়েছে। বিকল্প গোলরক্ষক টিটু শুরুতে খানিক আস্থাহীন ছিলেন, পরে অসাধারণ কয়েকটি সেভ করলেও শেষ রক্ষা হয়নি ৮৩ মিনিটে। দুর্দান্ত খেলা অভিজ্ঞ বদলি স্ট্রাইকার আলফাজ দুজনকে কাটিয়ে বল ঠেলেন ফ্রাঙ্ককে। আলতো শটে ফ্রাঙ্ক ২-২ করেছেন। টাইব্রেকারে আলফাজের চতুর্থ শটটা যায় গোলবারের ওপর দিয়ে। এর আগে ফ্রাঙ্কের প্রথম শটটা ঠেকিয়ে দেন টিটু। এ অবস্থায় ব্রামো, রনি, লিংকন গোল করে জিতিয়ে এনেছেন আবাহনীকে। ওদিকে সাদাকালোর আমানির দ্বিতীয় শট বারের ওপর দিয়ে, ফ্রান্সিসের তৃতীয় ও বাইবেকের পঞ্চম শট আটকেছেন সোহেল। শুধু গোল পেয়েছেন সানডে ও ভাসানি।টাইব্রেকার হতাশ করেছে মোহামেডানকে। আর ফ্রাঙ্কের বীরত্বের পর ওই টাইব্রেকেই সোহেলের হাত ধরে শেষ হাসি হাসে আবাহনী। আবাহনী: সোহেল, সামাদ, মামুন মিয়া, লিংকন, অরূপ (সিরাজী), পারভেজ ( আলফাজ), প্রাণতোষ, ব্ল্যামো, রবিন (রনি) ফ্রাঙ্ক, ইব্রাহিম। মোহামেডান: আল হাসান, হাসান আল মামুন, বাইবেক, ভাসানি, লিটন, তপু (রমজান), আমানি, ফ্রান্সিস, শরিফুল (রনি), তৌহিদ (টিটু), সানডে।