আবাহনীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল, পেনাল্টি, পেনাল্টি মিস, লাল কার্ড—রোমাঞ্চের প্রায় সব উপাদানই ছিল ম্যাচটিতে। শুধু ছিল না জয়ী দলের কোচ আরদেশির পোরনেমাতের মুখে খুশির ছটা। গ্রামীণফোন প্রিমিয়ার ফুটবল লিগে কাল আবাহনী ২-১ গোলে হারিয়েছে আরামবাগকে। তার পরও ইরানি কোচ বললেন, ‘আমি খেলা দেখে সন্তুষ্ট নই। ছেলেরা তাদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারেনি।’ টানা দুই ম্যাচ জিতে আবাহনীর পয়েন্ট ৬।থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে গত বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। প্রাণতোষ, ওয়ালি ফয়সাল, সুজনদের খেলায় ছিল ভ্রমণক্লান্তির ছাপ। ওয়ালি তো চোট নিয়েই খেললেন। মালয়েশিয়ার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ হাতের আঙুলে আঘাত পেয়েছেন। সব মিলিয়ে আবাহনীর খেলায় কোনো পরিকল্পনার ছাপ ছিল না। পয়েন্ট হারানোরই শঙ্কা ছিল তাদের। প্রথম গোলটা আত্মঘাতী, পরেরটি মিডফিল্ডার ইয়োকোর। পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন আরামবাগের ইদ্রিস কাসুরি। লিগের প্রথম ম্যাচে ফেনী সকারের বিপক্ষে খেলেছিলেন ফরোয়ার্ড ফ্রাঙ্ক। কৌশলগত কারণে কাল তাঁকে বদলে নামানো হয় জেনারোসো ডি সিলভাকে। কিন্তু এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড একেবারেই নিষপ্রভ থাকলেন। বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকেও পারেননি গোল করতে। আবাহনী প্রথম গোলের দেখা পায় ১৯ মিনিটে। জটলার মধ্যে ওয়ালির ক্রসে আত্মঘাতী গোলটি করেন আরামবাগের মামুন। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োকো। ২৯ মিনিটে বক্সে আরামবাগের মরিসকে ফেলে দিলে পেনাল্টি পায় আরামবাগ। পেনাল্টি থেকে গোল করেন কাসুরি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় আবাহনী, যেটি মিস করেন সিলভা। শেষ বাঁশি বাজার খানিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আরামবাগের জোয়েল। লড়াকু পারফরম্যান্সে খুশি আরামবাগ কোচ শাহাদত হোসেন, ‘আত্মঘাতী গোলটা খেয়েই সর্বনাশ হয়েছে আমাদের। তবে গত ম্যাচের চেয়ে আজ খেলোয়াড়েরা অনেক ভালো খেলেছে।’