আবাহনীর জয়, মোহামেডানের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন বাংলাদেশ লিগে কাল দুই রকম স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান। কমলাপুরে আরামবাগের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আবাহনী। ফেনীতে ১০ জনের ফেনী সকারের বিপক্ষেও জিততে পারেনি ঢাকা মোহামেডান (২-২)। জয় পেয়ে আবাহনী উঠল পয়েন্ট তালিকার শীর্ষে, ৮ ম্যাচে ১৭ পয়েন্ট গত তিনবারের শিরোপাজয়ীদের। আর ড্র করে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান রইল সেই পাঁচেই, ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।দুটি গোল করে আবাহনীকে কাল জিতিয়েছেন ফ্রাঙ্ক। দলকে টানা চতুর্থ শিরোপা জেতানোর লক্ষ্যের সঙ্গে মনে হচ্ছে সবচেয়ে বেশি গোল করাটাকেও যোগ করে নিয়েছেন ঘানাইয়ান স্ট্রাইকার। ৬ গোল নিয়ে তিনি বসলেন সর্বোচ্চ গোলদাতা মুক্তিযোদ্ধার মিঠুন চৌধুরীর পাশে। ফ্রাঙ্ক যতটা উজ্জ্বল ছিলেন ততটাই নিষ্প্রভ দেখাল তাঁর স্বদেশি আউডু ইব্রাহিমকে। তবে আরামবাগের নির্ভরযোগ্য দুই ডিফেন্ডার মোস্তফা কাবা ও দীন মোহাম্মদের নিষেধাজ্ঞায় সুবিধাই পেয়েছে আবাহনী। ১৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল পায় আবাহনী। বক্সের মধ্যে ফ্রাঙ্ককে কাশেম ফেলে দিলে রেফারি পেনাল্টি দেন। ৩৫ মিনিটে বাঙ্গুরা ইসমাইল আরামবাগকে সমতায় ফেরান একটি পেনাল্টি গোলেই। বেঞ্জামিন কুপারকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলেছিলেন আবাহনীর মামুন মিয়া। গোল শোধ করেন বাঙ্গুরা ইসমাইল (১-১)। আবাহনীকে এগিয়ে নিতে আবারও ত্রাতার ভূমিকায় সেই ফ্রাঙ্ক। ৪৫ মিনিটে গোলরক্ষক মুন্নাকে একা পেয়ে গোল করতে ভুল করেননি তিনি (২-১)। দ্বিতীয়ার্ধে আবাহনী অনেক আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি। আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, ২৮ মিনিটে নাদির লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জনের দল হয়ে পড়ে স্থানীয় ফেনী সকার। তার পরও ৪৯ মিনিটে তৌহিদুল গোল করে এগিয়ে নেন স্থানীয় দলটিকে। ৭১ মিনিটে এমেকা ক্রিশ্চিয়ানের গোলে সমতায় ফেরে মোহামেডান (১-১)। ৭৮ মিনিটে আনোয়ার ব্যবধান বাড়ালেও ৮৮ মিনিটে ফেনী সকারের ডোমিনিক পুরো পয়েন্ট বঞ্চিত করান মোহামেডানের (২-২)।