আবাহনীর ত্রাণকর্তা মুন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইড লাইনে বসে অপেক্ষায় থাকেন, কখন বদলি হিসেবে মাঠে নামার সুযোগ মিলবে। কোনো ম্যাচে সুযোগ আসে, কোনো ম্যাচে আসে না। কাল সুযোগ এল এবং সেটিকে এমনভাবে কাজে লাগালেন, এই ম্যাচে মতিউর মুন্নাই আবাহনীর জয়ের নায়ক।দ্বিতীয়ার্ধে মিনিট দশেক পরই ঘানাইয়ান স্ট্রাইকার শেরিফকে তুলে মাঠে নামানো হলো মুন্নাকে। ৭৯ মিনিটে সেই মুন্না আবাহনীকে এনে দিলেন ম্যাচের একমাত্র গোলটা, এবারের বাংলাদেশ লিগে যেটি তাঁর প্রথম গোলও। ডান প্রান্ত থেকে জাহেদ পারভেজের নিচু ক্রসে মুন্নার গড়ানো শটে ব্রাদার্স গোলরক্ষক ইরান শেখের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে!এসএ গেমস আর কলম্বোয় এএফসি চ্যালেঞ্জ কাপ শেষে দেড় মাস পর কাল বাংলাদেশ লিগ আবার শুরুর দিনে মাঠে নামল আবাহনী। নামলই শুধু, আবাহনীর উপস্থিতিটা টের পাওয়া গেল কই! জয়ের ক্ষুধা নেই, আবাহনীর আকাশি-নীল জার্সি পরে অন্য কোনো দল কি না সেটিই হয়ে রইল ধাঁধা! চ্যাম্পিয়নদের মাঝমাঠ এমনই এলোমেলো ছিল যে আক্রমণে বল জোগান তেমন ছিল না। তার পরও মুন্নার গোলের আগে এনামুল একটা সহজ সুযোগ পেয়ে হেলায় হারিয়েছেন। বাজে খেলার দুঃখের চেয়ে জয় পাওয়ার আনন্দটাই আবাহনীর বেশি থাকবে স্বাভাবিক। ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারাই। তবে শীর্ষস্থানে একক অধিকারটা আজই হারিয়ে ফেলতে পারে আবাহনী। এক ম্যাচে কম খেলে মোহামেডানের পয়েন্ট ২৪। আজ শেখ রাসেলের সঙ্গে জিতলেই আবাহনীর সঙ্গে যুগ্মভাবে শীর্ষে উঠে যাবে মোহামেডান। তবে শেখ রাসেল মোহামেডানের জন্য বড় এক পরীক্ষার নামই। মোহামেডানের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে দলটি। শেখ রাসেলের পরই আছে ব্রাদার্স। যদিও তা অনেকটা পেছনে থেকে। টানা তৃতীয় পরাজয়ের পর ৯ ম্যাচে তাদের পয়েন্ট থাকল ১০-ই।আবাহনী কোচ অমলেশ সেন ম্যাচের পর বললেন, ‘অনেক দিন পর ম্যাচ হওয়ায় সমস্যা হয়েছে। মাঝমাঠ ভালো খেলতে পারেনি।’ ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবালের কথা, ‘ওরা সুযোগ কাজে লাগিয়ে জিতেছে। হারলেও দলের পারফরম্যান্সে অখুশি নই।’আবাহনী: বিপ্লব, সুজন, রজনী, সামাদ, আতিকুর, জাহেদ, প্রাণতোষ, মেহেদি (শাহেদ), ইব্রাহিম, এনামুল (আবুল), শেরিফ (মতিউর মুন্না)।ব্রাদার্স: ইরান, তোফাজ্জল, ইউসুফ, খলিল (সবুজ), লুত্ফর, স্টিফেন, মুরাদ, তন্ময়, শওকত, এনক বেনটিল।আজকের খেলা: ঢাকা মোহামেডান-শেখ রাসেল (শুরু সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)।