আবাহনীর ত্রাতা সেই ফ্রাঙ্ক
বাংলাদেশ লিগে ১১ ম্যাচে আবাহনী গোল করেছে মাত্র ১৬টি। এর অর্ধেকই থুরাম ফ্রাঙ্কের। এবার আকাশি-নীলদের পার করে নিচ্ছেন এই ঘানাইয়ান। স্বাধীনতা কাপে দুটি গ্রুপ ম্যাচই আবাহনী জিতল ফ্রাঙ্কের গোলে। দুটিই ১-০।চট্টগ্রাম মোহামেডানের পর কাল আবাহনীর প্রতিপক্ষ ছিল ব্রাদার্স। এবং দুটি ম্যাচই জিতে ‘ঘ’ গ্রুপে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ লিগের হ্যাটট্রিক শিরোপাধারীরা। ব্রাদার্স গ্রুপ রানার্সআপ। কোয়ার্টার ফাইনালে আবাহনী সামনে পাচ্ছে ফরাশগঞ্জকে। ব্রাদার্সের প্রতিপক্ষ শক্তিশালী শেখ জামাল। দুটি কোয়ার্টার ফাইনাল হবে আগামী পরশু।আবাহনীর জন্য সেমিতে ওঠা সহজ। তবে তাদের দুশ্চিন্তার নাম গোল-খরা। প্রতিদিন তো ফ্রাঙ্ক-নৌকায় পার হওয়া যাবে না। প্রতিপক্ষ শক্ত প্রতিরোধ গড়লে আবাহনী আটকে যেতেই পারে।এই উপলব্ধি নিয়েই কাল বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়ল ব্রাদার্স। ৩৭ মিনিটে রক্ষণভাগ অরক্ষিত ছেড়ে দেয় ফ্রাঙ্ককে। সেই সুযোগে চতুর ফ্রাঙ্ক এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়েছেন। পরে গোল বাঁচাতে ছুটে আসা ব্রাদার্সের আরেক ডিফেন্ডার পরাস্ত হলেন আবাহনী স্ট্রাইকারের কাছে। দারুণ পায়ের কাজে এগিয়ে দিলেন ফ্রাঙ্ক আবাহনীকে (১-০)।ওমান লিগে দুই মৌসুম খেলা ২৮ বছর বয়সী ফ্রাঙ্ক ম্যাচের পর বলছিলেন, ‘অনুশীলন আর রুম—এর বাইরে আমার কোনো জগৎ নেই। মাঝেমধ্যে একটু বসুন্ধরায় ঘুরতে যাই। তা ছাড়া সারাক্ষণই খেলা নিয়ে থাকি। আরও গোল করে যাওয়াই আমার লক্ষ্য।’কয়েক দিনের মধ্যেই আবাহনীতে আসতে পারেন এক ইরানি স্ট্রাইকার। সেই অপেক্ষায় আছেন কোচ আলী আকবর। পারিবারিক সমস্যায় বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষে দায়িত্ব ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু আবাহনীর অনুরোধ ফেলতে পারেননি শেষ পর্যন্ত। এখন এই ইরানি কোচের চিন্তা একটাই—‘গোল বের করতে হবে’।ইব্রাহিম, ফ্রাঙ্ক ও রবিন—আবাহনী খেলছে তিন স্ট্রাইকার নিয়ে। কিন্তু গোল সেভাবে আসছে না, এমনকি গোলের সুযোগও তারা কাল দুই তিনটির বেশি তৈরি করতে পারেনি।আজকের খেলা: মোহামেডান-শেখ রাসেল (সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম), মুক্তিযোদ্ধা-আরামবাগ (সন্ধ্যা ৬-৩০ মি., কমলাপুর স্টেডিয়াম)।