ম্যাচ শেষে অন্যরা যখন কুল-ডাউনে ব্যস্ত, ইমরান বাট সোজা ঢুকলেন ড্রেসিংরুমে। অত্যুৎসাহী কিছু সমর্থক পিছু নিল ঊষার গোলরক্ষকের। পাকিস্তান জাতীয় দলের গোলরক্ষকের সঙ্গে মুঠোফোনে ছবি তোলার ধুম পড়ে গেল সবার। প্রিমিয়ার হকি লিগে নিজের প্রথম ম্যাচেই সমর্থকদের মন জিতে নিয়েছেন এই পাকিস্তানি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী আবাহনীকে কাল ২-০ গোলে হারানোর পেছনে এই ইমরানের ভূমিকাই বড়। টানা ছয় জয়ে শিরোপা-দৌড়ে অনেকটা এগিয়ে গেল ঊষা। সুপার ফোরে তাদের সঙ্গী—আবাহনী, সাধারণ বীমা ও অ্যাজাক্স। ৯ ফেব্রুয়ারি আবারও ঊষা-আবাহনী মুখোমুখি। সবকিছু ঠিকঠাক গেলে ওই ম্যাচে অন্তত ড্র করলেই চ্যাম্পিয়ন ঊষা। তবে আবাহনী জিতলে শিরোপা লড়াইয়ের জন্য প্লে-অফ খেলতে হবে দুই দলকে।
কাল দুই দলে খেলেছেন আট পাকিস্তানি। মোহামেডানহীন ঘরোয়া হকির বড় দুই দলের লড়াইয়ের মধ্যে পাকিস্তানিদেরও লড়াই দেখার প্রত্যাশায় ছিল দর্শকেরা। এতে জিতেছে ঊষা। ক্লাব কাপের ফাইনালের পর আবারও ঊষার কাছে হারল আবাহনী।
কাল অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে আবাহনী। ঊষাকে বরাবরই চাপে রেখে পেনাল্টি কর্নার আদায় করেছে ১৪টি, যার ৯টিই প্রথমার্ধে। কিন্তু একটিকেও গোলে পরিণত করতে পারেনি আবাহনী। উল্টো ৩২ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকেই গোল পায় ঊষা। এক পাকিস্তানির সহায়তায় সেটি করেছেন বাংলাদেশের পেনাল্টি বিশেষজ্ঞ মামুনুর রহমান চয়ন। আবাহনীর প্রায় সবগুলো পিসিই ঠেকিয়ে দিয়েছেন ইমরান বাট। ম্যাচেও দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। প্রথমার্ধ যদি হয় আবাহনীর, দ্বিতীয়ার্ধ অবশ্যই ঊষার। ৪০ মিনিটে সুযোগসন্ধানী এক গোল করেছেন শুভ (২-০)।
আবাহনীর পাকিস্তানি খেলোয়াড়দের চেয়ে তাদের স্থানীয় খেলোয়াড় মিমো, আশরাফুলরাই বরং ভালো খেলেছেন। ঊষার কৃষ্ণ, সারোয়ার, কৌশিকরাও বেশ সাবলীল ছিলেন। প্রথম মিনিটে মশিউর রহমান বিপ্লব চোয়ালে স্টিকের আঘাত পেয়ে মাঠ ছাড়েন। রক্ষণের ওই ক্ষতিটা আর পুষিয়ে নিতে পারেনি আবাহনী। এই হারের পরও আশা ছাড়ছেন না আবাহনীর কোচ মাহবুব হারুন, ‘আমরা পেনাল্টি কর্নার মিস করেই ম্যাচটি হেরেছি। অন্তত একটি গোল হলেও ম্যাচে ফিরতে পারতাম। তবে এখনো আমাদের শিরোপাস্বপ্ন শেষ হয়ে যায়নি।’
ম্যাচ জয় ড্র হার গোল পয়েন্ট
ঊষা ৬ ৬ ০ ০ ৩২/৬ ১৮
আবাহনী ৬ ৫ ০ ১ ৩০/৪ ১৫
সাধারণ বীমা ৬ ৩ ১ ২ ১০/১৯ ১০
অ্যাজাক্স ৬ ২ ২ ২ ১৪/১৪ ৮
আজাদ ৬ ১ ১ ৪ ৫/১৯ ৪
সোনালী ব্যাংক ৬ ০ ৩ ৩ ১০/১৪ ৩
ওয়ান্ডারার্স ৬ ০ ১ ৫ ৫/৩০ ১