গত তিনটি বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবার সেরা দুইয়ে নেই। তৃতীয় হওয়ার একটা সুযোগ আছে। সেটি তো আর আবাহনীর মতো দলের কাছে সান্ত্বনা হতে পারে না।কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলের কাছে ঢাকা আবাহনী হেরে গেছে ০-১ গোলে। গত তিনটি লিগেই দেখা গেছে, এই শেখ রাসেলকে হারিয়েই আবাহনী চ্যাম্পিয়ন। এটা অলিখিত নিয়মই যেন হয়ে গিয়েছিল, আবাহনীর কাছে হারবে শেখ রাসেল। তবে কাল শেখ রাসেল ছিল অন্য দল।আবাহনী শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে পড়েছিল। সামনে ছিল অন্তত রানার্সআপ হওয়ার সুযোগ। রানার্সআপ হতে পারলে আগামী সেপ্টেম্বরে ঢাকায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা দুটি দলের একটি হিসেবে জায়গা পেত ওই টুর্নামেন্টে। কিন্তু এই লিগটা আবাহনীর জন্য এতই বাজে কাটল যে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপেও জায়গা হচ্ছে না তাদের।২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান চার নম্বরে। শেখ রাসেলের পয়েন্ট ২১ ম্যাচে ৪১। রাসেল আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল। দ্বিতীয় স্থানে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ৪৭।ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি চলে গেছেন এক সপ্তাহ আগে। আলী আকবরবিহীন আবাহনী আগের ম্যাচটা ফেনী সকারের সঙ্গে ড্র করেছে ফেনীতে। কাল তো হেরেই গেল। দলের এই বেহাল অবস্থার জন্য কোচ অমলেশ সেন তুলে ধরলেন নানা সমস্যা।ফ্রাঙ্ক, মামুন আর রবিনকে মাঠে নামানো যায়নি কার্ড সমস্যায়। ইনজুরিতে সামাদ ইউসুফ, প্রাণতোষ ও জিয়া। মরার ওপর খাড়ার ঘা, এদিন ৭৭ মিনিটে গোলরক্ষক সোহেল লাল কার্ড দেখলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হলো। এই সময়টা আবাহনীর গোলপোস্ট সামলেছেন মিডফিল্ডার বিপ্লব।১৬ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। মোবারকের ক্রস থেকে এডওয়ার্ডের শট জালে (১-০)। এরপর গোল শোধের চেষ্টা চালায় আবাহনী। গোলের জন্য ৩০ মিনিটে রনিকে তুলে মাঠে নামানো হলো আলফাজকে। অনেক দিন পর সুযোগ পেয়েছেন, কিন্তু আলফাজ পারলেন না দলকে সমতাসূচক গোলটা এনে দিতে। ইব্রাহিমও নিষ্প্রভ। আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে পড়ে আবাহনী যেন মানসিকভাবেও খেই হারিয়ে ফেলেছে। তা থেকে আর বেরোতে পারল কই!