একজন ওয়াহেদ থাকলেও সম্ভবত আবাহনীর এমন দুর্দশা হয় না! আবারও জোড়া গোল করে মোহামেডানকে জেতালেন ওয়াহেদ। অথচ শেখ রাসেলের বিপক্ষে ৭০ মিনিট একজন বেশি নিয়ে খেলেও আবাহনী খুঁজে পায়নি গোলের রাস্তা৷ গোলশূন্য ম্যাচ শীর্ষ দল শেখ জামালের চেয়ে আবাহনীকে কার্যত পেছনে ঠেলে দিয়েছে আট পয়েন্ট!
শেখ রাসেল কাল দিনের প্রথম ম্যাচে ১০ জনের দলে পরিণত ম্যাচের ২০ মিনিটে। টানা দুই ম্যাচে আবাহনী ১০ জনের বিপক্ষে গোল পেল না। শেখ জামালের বিপক্ষে আগের ম্যাচেÿ পাওয়া শেষ ৩০ মিনিট কাজে লাগাতে না পারার তবু একটা যুক্তি আছে। শেখ জামালের তিন ফরোয়ার্ড পাল্টা আক্রমণে ক্ষুরধার। ওদের ভয়েই ওই ম্যাচে আবাহনী গোলের নেশায় ছোটেনি।
কিন্তু শেখ রাসেল তো ওদের মতো নয়৷ তার ওপর কাল লাল কার্ড দেখলেন দলের হাইতিয়ান প্লেমেকার মিলিয়েন প্যাসকেল। তাঁর লম্বা চুল নিজেদের সীমানায় টেনে ধরেছিলেন আবাহনীর ডিফেন্ডার সৈকত, এটা ছাড়াতে গিয়েই সৈকতকে কনুই দিয়ে আঘাত করেন প্যাসকেল। সৈকত সুযোগটা নিয়ে পড়ে যান মাটিতে। সহকারী রেফারির পতাকায় রেফারি তৈয়ব হাসানের বাঁশি এবং প্যাসকেলকে লাল কার্ড।
প্যাসকেল লাল কার্ড মেনে নিতে পারেননি, সেই উত্তেজনায় মিনিট দশেক খেলা বন্ধ। এভাবে আরও কয়েকবার বিঘ্নিত হয়েছে খেলা। দুদলের শরীরনির্ভর খেলা উত্তেজনা ছড়িয়েছে ম্যাচজুড়ে। তার মধ্যেই ‘গোল খাব না’ পণ করে শেখ রাসেল রক্ষণাত্মক খোলসে ঢুকে পড়ে এবং তারা সফল।
কিন্তু আবাহনীর হলোটা কী? লাল কার্ডের আশীর্বাদ পেয়েও গোল নেই কেন?
আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি যথারীতি দোষ চাপালেন রেফারির ওপর, ‘আমরা ওদের ১০ খেলোয়াড় এবং রেফারি, সহকারী রেফারিসহ মোট ১৩ জনের বিরুদ্ধে খেলেছি!’ রেফারিকে এক হাত নিলেন শেখ রাসেলের কোচ দ্রাগান দুকানোভিচও।
দুই পক্ষের হাতে রেফারির এভাবে মুণ্ডুপাত ঢাকার ফুটবলে যেন এক ব্যাধি! শেখ রাসেল একটা প্রশ্নও তুলে দিল। কলম্বো জয় করে এসে দেশে অনুজ্জ্বল কেন তারা? কোচ দুকানোভিচের ব্যাখ৵া, ‘কলম্বোয় খেলে এসে পাঁচ-ছয়জন খেলোয়াড় আহত। ১৩-১৪ জন খেলোয়াড় নিয়ে কোন রকমে কাজ চালাচ্ছি।’ লাল কার্ড নিয়ে তাঁর তীব্র ক্ষোভ, ‘ওটা কী করে লাল কার্ড, আমি বিস্মিত!’
রেফারিং নিয়ে দুদলের অসন্তোষ এবং ম্যাড়মেড়ে ম্যাচটির পর বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লড়াই। ওয়াহেদের ম্যাচে ব্রাদার্সের হয়ে ২-১ করেছেন রুবেল। এই রাতের ফলে লাভবান আসলে শেখ জামাল। ১৭ ম্যাচে আবাহনী যেখানে ৩৩, শেখ জামালের ১৬ ম্যাচে ৩৮। ১৪ ম্যাচে রাসেলের ১৭, মোহামেডানের ১৬ ম্যাচে ২৯, ব্রাদার্সের ২৬।
মোহামেডানের লিগ জয়ের আশা আগেই অনেকটা শেষ। আবাহনীও যেন সেই পথেই হাঁটছে!
আজকের খেলা: মুক্তিযোদ্ধা-ফেনী (বিকেল ৪-১৫ মি., গোপালগঞ্জ স্টেডিয়াম), বিজেএমসি-চট্ট. আবাহনী, শেখ জামাল-বারিধারা (বিকেল ৫-৩০ মি. ও সন্ধ্যা ৭-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)৷