আবাহনীর নতুন ইতিহাস
সমর্থকগোষ্ঠীর নেতারা ম্যাচের পর রঙের কৌটা নিয়ে ছুটলেন মাঠে। গায়ে মেখে দেওয়া হলো তা খেলোয়াড়দের। কেউ দৌড়াচ্ছেন ফুলের তোড়া নিয়ে, কেউ আবার আকাশি-নীল পতাকা উঁচিয়ে ধরেছেন গৌরবের প্রতীক হিসেবে। মাহেন্দ্রক্ষণকে বরণ করে নিতে ১২টি ঘোড়ার গাড়ি আর ছয়টি বাদক দল তখন মাঠের বাইরে। এসব দৃশ্য ঘোষণা করল—পেশাদার ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপা ঘরে তোলার অপেক্ষা শেষ আবাহনীর । শেষ দুই ম্যাচের আগেরটিতে ফরাশগঞ্জের সঙ্গে দরকার ছিল ড্র। কিন্তু এনামুলের দুই গোলে পুরান ঢাকার দলটিকে আবাহনী উড়িয়ে দিল (৪-০)। ৩১ মে মোহামেডানের বিপক্ষে শেষ ম্যাচের আগেই আবাহনী চ্যাম্পিয়ন। দ্বিতীয় স্থানটি বরাদ্দ থাকল মোহামেডানের জন্য। মোহামেডান হ্যাটট্রিক রানার্সআপ! আবাহনীর এই শিরোপার বাড়তি মাহাত্ম্য হলো, ২৫ বছর পর তারা ঘরোয়া ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে টানা তিনবার ঢাকা প্রিমিয়ার লিগ জিতেছিল আবাহনী। পরের তিন বছর হ্যাটট্রিক চ্যাম্পিয়ন মোহামেডান। প্রিমিয়ার লিগ এখন আর নেই। তবে ২৫ বছর আগের স্মৃতিচারণই কাল পড়ন্ত বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে করে গেলেন আবাহনীর খেলোয়াড়-কোচ-কর্মকর্তারা। দর্শক ছিল মাত্র তিন হাজার, এটাই যা একটু অতৃপ্তির।টিভি ক্যামেরা ঘিরে ধরেছিল খেলোয়াড়-কর্মকর্তাদের। মাঠে এলেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী শাহেদ আহমেদ, সঙ্গে কর্মকর্তা হারুনুর রশিদ। ম্যানেজার সত্যজিত্ দাস রুপু প্রায় হাঁফাতে হাঁফাতে বলছিলেন, ‘শৃঙ্খলা, ভালো টিম ম্যানেজেন্ট আর খেলোয়াড়দের ঐকান্তিক চেষ্টাতেই আমাদের এই সাফল্য।’এই কথার প্রতিফলন ষোলআনাই দেখা গেছে মাঠে। আবাহনী এবার বাংলাদেশ লিগের ২৪ ম্যাচের এ পর্যন্ত খেলা ২৩ ম্যাচের ২২টিতেই জিতেছে, পয়েন্ট ৬৭। ড্র করেছে শুধু মোহামেডানের সঙ্গে প্রথম পর্বে। পেশাদার লিগে তারা টানা ৩৪ ম্যাচ অপরাজিত (দুটি ড্র)। টানা তিনটি পেশাদার লিগে ৬৩ ম্যাচের ৫২টিতে জয়। আবাহনীর এমন সাফল্য গিনেস বুকেই জায়গা পাওয়ার মতো! কোচ অমলেশ সেন এটিকে ‘টিম ওয়ার্ক’ আর ‘দলীয় শৃঙ্খলা’র জয় বলেই বর্ণনা করে গেলেন। তুলনায় মোহামেডান এবার অনেক বিবর্ণ, তাদের ব্যবস্থাপনা ছিল দুর্বল ও অগোছালো। পেশাদার লিগে তারা আবাহনীর চেয়ে এখন ১০ ম্যাচ কম জিতেছে। এবার ২২ ম্যাচে পেয়েছে ৫৮ পয়েন্ট। না হারলেও ড্র করেছে ৪টি ম্যাচ। মোহামেডানের পদত্যাগী কোচ মারুফুল হকের মনে তাঁর দলের পারফরম্যান্স ঠিকই ছিল। কিন্তু আবাহনী অতিমানবীয় ফুটবল খেলেছে! ‘আবাহনী অতিমানবীয় ফুটবল খেলেছে। এত লম্বা লিগে মাত্র একটা ড্র! বিশ্বে এমন নজির নেই’—কয়েক দিন আগে বলছিলেন মারুফ।আবাহনীর এমন আনন্দের দিনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত দেখাল স্ট্রাইকার এনামুলকে। ফরাশগঞ্জের বিপক্ষে চার গোলের তিনটিই তাঁর হওয়ার কথা। কিন্তু রেফারি তাঁর প্রথম গোলটি দেননি। তাই হ্যাটট্রিক হয়নি। রজনীর ক্রসে ফরাশগঞ্জ ডিফেন্ডারদের ব্যর্থতায় এনামুলের পা ছুঁয়ে বল জালে গেলেও রেফারি গোল দিয়েছেন রজনীকে। ৬০ মিনিটে আসে এই গোল। ৭৭ মিনিটে ২-০ করেন বদলি মিডফিল্ডার আবুল। ৮০ ও ৮৯ মিনিটে এনামুল ব্যবধান বাড়ান। মোহামেডানের জাহিদ হাসানকে (এমিলি) পেছনে ফেলে (১৮ গোল) এনামুল এখন সেরা গোলদাতা হওয়ার দৌড়ে বেশ এগিয়ে—২১ গোল।এনামুল তাঁর অনুভূতি জানাতে গেলেন, কিন্তু সমর্থকদের হইহুল্লোড়ে শোনা গেল কেবল এ কটি কথাই, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। আজ তার পুরস্কার পেলাম।’ ব্রাদার্সের হয়ে দুটি, তারপর আবাহনীর হয়ে তিনটি পেশাদার লিগ—ঘরোয়া ফুটবলে টানা ৫টি শিরোপা জয়ের গর্বিত অংশীদার আবুল বললেন, ‘দারুণ লাগছে।’ মতিউর মুন্না, রজনীদের তখন ঘিরে ধরেছে টিভি ক্যামেরা। ‘আমরা যখন যা চেয়েছি সবই করতে পেরেছি। ক্লাবের সমর্থন ছিল’—বললেন আবাহনীর জার্সি গায়ে প্রথম খেলা মতিউর মুন্না।