আবাহনীর নতুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কোচ নিয়ে নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছে আবাহনী ফুটবল দল। এই যাত্রায় আবাহনীর সঙ্গী হচ্ছেন ইরানি কোচ আরদেশির পোরনামাত। গত দুই মৌসুমে আকাশি-নীল দলের কোচ ছিলেন ইরানেরই আলী আকবর পোরমুসলিমি। এবারও আলী আকবরেরই আসার কথা ছিল। কিন্তু পোরনামাতকে পেয়ে যাওয়ায় পোরমুসলিমিকে ‘না’ করা হয়েছে। কোচ বদলানোর মতো বড় কোনো কারণ ঘটেনি আবাহনীর। পোরমুসলিমি গত মৌসুমে লিগ শিরোপা জিতিয়েছেন। এর আগের বছর জেতান ফেডারেশন কাপ ও সুপার কাপ। ‘পোরমুসলিমির চেয়ে পোরনামাত ভালো হবে’—কোচ বদলানোর পেছনে এই যুক্তিই দিয়েছেন আবাহনীর ব্যবস্থাপক সত্যজিৎ দাস। আবাহনীর এবারের মৌসুমটা শুরু হয়েছে বাজেভাবে। ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সবচেয়ে বড় কথা, আবাহনীর খেলায় কোনো ধার ছিল না। খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি ছিল। ঘানার ইব্রাহিম, সামাদদের এসেই নেমে যেতে হয় মাঠে। দলের প্রস্তুতিও শুরু হয়েছিল ঢিমেতালে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ার কথা, তা করতে পারেনি। এর ফলও হাতেনাতেই পেয়েছে। এখন নতুন কোচ নিয়ে পেশাদার লিগ শিরোপা ধরে রাখাই তাদের বড় চ্যালেঞ্জ।নতুন কোচ আসায় আবাহনীর মধ্যে কী পরিবর্তন এল, তা দেখতে অপেক্ষা করতে হবে। তবে নতুন কোচ দায়িত্বটা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ৫৫ বছর বয়সী কোচ পরশু রাতে ঢাকায় এসে কাল সাতসকালেই প্রথম অনুশীলনে নেমে পড়েন। দুই বেলায় ম্যাচ খেলিয়েছেন খেলোয়াড়দের দুই ভাগ করে।বিকেলে অনুশীলন শেষে মিডফিল্ডার প্রাণতোষ বললেন, ‘এখন মনে হচ্ছে আমরা একটা তত্ত্বাবধানের মধ্যে এসেছি। এত দিন তো ছাড়া ছাড়া ছিলাম। এত দিন খেলোয়াড়দের মধ্যে এমন ধারণা ছিল, আমি তো নিশ্চিত খেলছি। কিন্তু এখন মনে হচ্ছে ফাইট করতে হবে। নতুন কোচ শৃঙ্খলার ব্যাপারে খুব কঠোর।’এই নতুন যাত্রায় আবাহনী সঙ্গী হিসেবে পেয়েছে আরও একজনকে। দলের কোচিং স্টাফে সহকারী হিসেবে যোগ দিয়েছেন সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ (মিন্টু)।