
জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদকে ম্যাচের পর বেশ অতৃপ্ত লাগল, ‘এত দিন পর ম্যাচ! যতটা আশা করেছিলাম, সেই উত্তাপটা পাইনি।’ একই সুর জাতীয় দলের সাবেক স্ট্রাইকার রফিকুল ইসলাম কামালের কণ্ঠেও, ‘এই দুই দলের আগুনঝরা লড়াই দেখতে অভ্যস্ত আমরা। সেটা তো পেলাম না।’
কিন্তু এঁদের অগ্রজ মাহবুব হারুন বেশ খুশি, ‘অবশ্যই দুই প্রধানের ম্যাচ মানেই ভিন্ন কিছু। আমি কিন্তু সেই ঝাঁজটা পেয়েছি।’ মাহবুব হারুন আবাহনীর কোচ, তাঁর দল ৪-২ গোলে হারিয়েছে মোহামেডানকে। আবাহনীর সমর্থকেরাও তাই বেশ খুশি।
খুশি হকি সংগঠকেরাও। অনেকে এলেন ম্যাচ দেখতে। দর্শকও অন্য দিনের চেয়ে কিছুটা বেশি। ২০১২ সালের ১ আগস্ট লিগে দুই দলের শেষ দেখার (১-১) তিন বছর আট মাস পর আরেকটি আবাহনী-মোহামেডান ম্যাচ আগ্রহ জাগাল হকি অঙ্গনে।
কিন্তু ম্যাচটা কাঙ্ক্ষিত লড়াইয়ের মেজাজ ছড়াতে পারেনি। না পারার দায় দুই দলেরই। প্রথম ৬ থেকে ১১ এই পাঁচ মিনিটে দুরন্ত আবাহনী ৩ গোল করে ঝড় তুলে ফেলেছে। তারপর ঝড় থেমেছে, আবাহনীও কিছুটা ঢুকে পড়ে খোলসে। মোহামেডান সেই সুযোগ নিতে নিদারুণভাবে ব্যর্থ। কারণও আছে। আবাহনী চারজন পাকিস্তানিকে নিয়ে খেলেছে, একজনকে তো তারা নামায়ইনি। মোহামেডান সেখানে বিদেশি খেলোয়াড়শূন্য। তারা তিনজন পাকিস্তানিকে আনলেও নিবন্ধন-জটিলতায় তাঁদের খেলাতে পারেনি।
উপরন্তু মোহামেডানের বড় ভরসা অধিনায়ক রাসেল মাহমুদ জিমি চোট পেলেন শুরুতেই। সেই যে মাঠ ছাড়লেন, ফিরলেন ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, যখন দলের হার নিশ্চিত।
সেই হারে অবশ্য ক্ষতি কিছু হয়নি মোহামেডানের। আগেই ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ক্লাব কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে খেলতে নামা আবাহনী এ ম্যাচে হারলেও যেত শেষ চারে। তবে এখন গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পাচ্ছে মেরিনার্সকে।
দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি কখনো কখনো মনে করিয়ে দিচ্ছিল এটি আবাহনী-মোহামেডান ম্যাচ। মোহামেডানের চন্দন, রানা আম্পায়ারের দিকে তেড়ে গেছেন। তাই বার দুয়েক খেলা বন্ধ ছিল কয়েক মিনিট। আম্পায়ারিং নিয়ে অসন্তোষ দুই দলেরই (আজই ওমান থেকে দুজন আম্পায়ার আসছেন)। বারবার বাঁশি বাজায় খেলাটা দৃষ্টিসুখকর ছিল না। তারওপর মোহামেডানকে পাওয়া যায়নি ছন্দে।
তাই শুরু থেকেই চড়াও আবাহনী। প্রথম গোল ৬ মিনিটে। গোটা ম্যাচে দৃষ্টিকাড়া আবাহনী তরুণ মিডফিল্ডার রুম্মান সরকারের বক্সে ফেলা বল দারুণভাবে স্টিক ছুঁইয়ে পোস্টে পাঠান অভিজ্ঞ হাবুল। এক মিনিট পরই রুম্মানের বাড়ানো বলে গোল করেন পাকিস্তানি ফরোয়ার্ড শাফকাত। বিপ্লবের পাসে নিখুঁতভাবে স্টিকের ছোঁয়ায় নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি এনে দেন চটপটে হাবুল (৩-০)।
মোহামেডানের তাপস ৪০ মিনিটে ৩-১ করলেও ৫১ মিনিটে রুম্মান একক চেষ্টায় আবাহনীকে চতুর্থ গোলটা এনে দিলে মোহামেডান আর ম্যাচে ফিরতে পারেনি। তাদের ‘নাম্বার টেন’ দ্বীন ইসলাম ৫৮ মিনিটে শুধু ব্যবধান কমিয়েছেন (৪-২)। ম্যাচের ৬টি গোলই ফিল্ড গোল।