আবাহনীর পাঁচে পলের চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওটোফে লাকি পল খুব ব্যস্ত। একের পর এক দিতে হচ্ছে সাক্ষাত্কার। সতীর্থরা ড্রেসিংরুমে ফিরে গেছেন। কিন্তু নাইজেরিয়ান স্ট্রাইকারের সেই উপায় নেই। উপরন্তু সমর্থকেরা পিছু নিয়েছে। ছবি তুলছে। তাঁর জীবনের সেরা বিকেল। হালকা-পাতলা গড়নের ২২ বছরের স্ট্রাইকার একটু আগে ৪ গোল করেছেন। সব মিলিয়ে ৯ গোল করে উঠে এসেছেন পেশাদার লিগে গোলদাতার শীর্ষে। আবাহনী স্ট্রাইকারের রুদ্রমূর্তির কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল উড়ে গেছে ১০ জনের ফেনী সকার (৫-০)। কদিন আগেই ৫-০ ব্যবধানে এই লিগের সবচেয়ে বড় জয়টা তুলেছিল বিজেএমসি। ৫-০ স্কোরলাইনে আবাহনী শেষবার জিতেছে তৃতীয় বাংলাদেশ লিগে। ২০০৯, প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা। মাঝখানে ম্যাচ গেছে ৩৮টি।৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আকাশি-নীলরা শীর্ষে এখন। মুক্তিযোদ্ধার পয়েন্ট ৯ ম্যাচে ২০। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট বিজেএমসির। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আপাতত চারে শেখ রাসেল। এটি আবাহনীর টানা পঞ্চম জয়। এই লিগে এখন পর্যন্ত কোনো দল টানা পাঁচ ম্যাচ জেতেনি। প্রথম পর্বে আবাহনীর শেষ ম্যাচ মুক্তিযোদ্ধার সঙ্গে। জিতলে শিরোপা পুনরুদ্ধারে আবাহনী অনেকটা এগিয়ে যাবে।শিরোপা পুনরুদ্ধারের সামর্থ্য আবাহনীর আছে। এদিন ১০ জনের বিপক্ষে খেললেও পেশাদার লিগের প্রথম তিন আসরের চ্যাম্পিয়নরা সংগঠিত ছিল আগাগোড়া। আবাহনীর পাসিং ফুটবল চোখ কেড়েছে আলাদাভাবে। প্রতিপক্ষের অ্যাটাকিং থার্ডেও আবাহনী অনেক পাস খেলেছে, যা বাংলাদেশের ফুটবলে সচরাচর দেখা যায় না। কোচ আলী আকবর পোরমুসলিমি চান, হিট অ্যান্ড রান। সেটিও আবাহনীর খেলায় ছিল।ফেনী সকার এদিন যেন পাড়ার দল। গত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে খানিকটা শিরদাঁড়া সোজা করেছিল দলটি। কাল এক লাল কার্ডেই ভেঙে গেল সকারের মেরুদণ্ড। ২৬ মিনিটে গোললাইনে হাত দিয়ে বল ঠেকান রাজীব। অবধারিত লাল কার্ড এবং পেনাল্টি। আরমান আজিজ পেনাল্টিতে গোল করার আগেই সকারের গোলমুখ খুলেছিলেন পল। ওয়ালির ক্রস সকারের মোস্তফা কাবা ক্লিয়ার করতে পারেননি। আলতো শটে সুযোগ কাজে লাগান পল। ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন দৃশ্য তৃতীয় গোলটার আগে। ইব্রাহিম-পলের যুগলবন্দী দেখে সবাই মুগ্ধ। দুজনে নিজেদের মধ্যে কয়েকটা পাস খেলে সকারের রক্ষণে বড় ফাঁক বের করলেন। তারপর পলের লক্ষ্যভেদী শটে ৩-০। ৫৩ ও ৬৫ মিনিটে পলের সুযোগসন্ধানী শটে আরও দুটি গোল। লিগে এটি তৃতীয় হ্যাটট্রিক। আগের দুটি মুক্তিযোদ্ধার সানডে এবং আরামবাগের কিংসলের। সানডের সঙ্গে ছয় গোল নিয়ে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শেখ জামালের কেস্তারও।৯ ম্যাচে ৯ পয়েন্ট। অবনমনের চোখরাঙানি আছে। তবে বড় পরাজয়ের পরও কাল সকারের খেলোয়াড়-কর্মকর্তাদের চলনবলনে নিরাশার ছাপ দেখা যায়নি। ওদিকে আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমিও ‘আরও গোল হওয়া উচিত ছিল’ বলে খুশি নন। কোচের মন সহজে তৃপ্ত হয় না!আবাহনী ৫: ০ ফেনী সকার