আবাহনীর পেনাল্টি মিসের মাশুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষ। শেখ রাসেলের কয়েকজন খেলোয়াড় ‘হাইফাইভ’ করছেন। আবাহনী তখন নীরব-নিস্তব্ধ। ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা পরও অ্যাথলেটিকস ট্র্যাকের ওপর চুপচাপ বসে রইলেন প্রাণতোষ, জাহিদ, ওয়ালি ফয়সালরা। ড্রেসিংরুম পর্যন্ত যাওয়ার সাহসই করতে পারলেন না! আবাহনী গ্যালারির দিকে মুখ করে দাঁড়িয়ে জনা দশেক পুলিশ। সমর্থকদের মুখ থেকে ছুটছে গালাগালির বৃষ্টি। শিরোপার দৌড়ে আবাহনীর জন্য বড় একটা বাধাই ছিল শেখ রাসেল। শেখ রাসেল ঠিকই আবাহনীকে কাল আটকে দিল। পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলেন না জাহিদ, ম্যাচের দুই মিনিটেই পিছিয়ে পড়া আকাশি-নীলদের শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে হলো ১-১ গোলে ড্র করে। ১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তারা এখনো শীর্ষে, তবে সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে কাছে এসে গেল দুইয়ে থাকা মুক্তিযোদ্ধা। আর ২৫ পয়েন্ট নিয়ে চারে নামল শেখ রাসেল।চোটের কারণে দলের সেরা স্ট্রাইকার পল নেই। কার্ড সমস্যায় খেলতে পারেননি ফ্রাঙ্ক। নাসির, সুজনেরও চোট, নিয়মিত গোলরক্ষক সোহেলের জায়গায় নামলেন নাইজেরিয়ান আল হাসান। সেরা একাদশই নামাতে পারেননি কোচ আলী আকবর পোরমুসলিমি। সেই সুযোগটা নিয়েই দ্বিতীয় মিনিটে গোল করে বসে শেখ রাসেল! বুকোলার পাস পেয়ে গোল করেন ইমন বাবু (১-০)। এক মিনিট পরই পেনাল্টি পায় আবাহনী। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডা সিলভাকে শেখ রাসেলের আব্বাস ইনুসাহ ফেলে দিয়েছিলেন বক্সে। পেনাল্টি বিশেষজ্ঞ ফ্রাঙ্কের অনুপস্থিতিতে কিক নিলেন জাহিদ। কিন্তু সেটি লাগল সাইডপোস্টে। এর পরও আবাহনীর সমতায় ফিরতে খুব একটা দেরি হয়নি। ১৬ মিনিটে তৌহিদের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন ওই সিলভা (১-১)। বাকি ৭৪ মিনিট মাথা কুটেও গোল পায়নি আবাহনী। তাই দুটি পয়েন্ট খুইয়েই ফিরতে হয়েছে পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের। তবে শেখ রাসেল পুরো ৩ পয়েন্টই পেতে পারত। দুর্ভাগ্য, ৭০ মিনিটে মানিকের জোরালো শট প্রতিহত হয়েছে ক্রসবারে। হতাশ কোচ আলী আকবর দুষলেন খেলোয়াড়দের, ‘ছেলেরা মোটেই ভালো খেলেনি। এভাবে খেললে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়। চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হওয়ার মতো ব্যক্তিত্ব থাকতে হয়। কিছু খেলোয়াড়ের সেটি একদমই নেই।’ পেনাল্টি মিস করায় ক্ষুব্ধ জাহিদের ওপরও, ‘এটা ওর মানসিক সমস্যা। আমার মনে হয় ও একটু ক্রেজি।’ বিজেএমসির জয়: কাল ফেনী স্টেডিয়ামে ফেনী সকারকে ২-০ গোলে হারিয়েছে বিজেএমসি। ৬ মিনিটে আবদুল রশিদ করেন প্রথম গোল, ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল বাঙ্গুরা। ১১ গোল করে ফরাশগঞ্জের জুনাপিউর সঙ্গে তিনি এখন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। এই জয়ে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল বিজেএমসি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া ফেনী রইল নয়েই। আমাদের ফেনী প্রতিনিধি জানিয়েছেন, ম্যাচ শেষে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল সমর্থক রেফারি জসিম উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।