আবাহনীর প্রতিষ্ঠাতা স্মরণ
প্রতিবছরই ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিনে অনুষ্ঠান করে আবাহনী সমর্থকগোষ্ঠী। কয়েক বছর ধরে সেই অনুষ্ঠানে নির্বাচিত খেলোয়াড়-সংগঠককে দেওয়া হচ্ছে শেখ কামাল স্বর্ণপদক। অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন শেখ কামালের বড় বোন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চেনা এই দৃশ্যটা কাল আবারও দেখা গেল। শেখ কামালের ৬১তম জন্মবার্ষিকী পালন করা হলো ক্লাব আঙিনায় বিশাল শামিয়ানা টানিয়ে।প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে নিরাপত্তার কড়াকড়ি থাকে। যে কারণে অনুষ্ঠানটা হয়ে পড়ে ভাবগম্ভীর। তবে এটি আবাহনী পরিবারের কাছে আবেগের, ‘প্রিয় আপা’কে কাছে পাওয়ার সুযোগও। আবাহনীর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেখ হাসিনা ক্ষমতার বাইরে থাকতে দলের সুখ-দুঃখের সাথি থাকেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় ব্যস্ততায়ও আবাহনীর ডাক উপেক্ষা করতে পারেন না। দল সাফল্য পেলে তো নিজের বাসভবনেই ডেকে নেন আবাহনী পরিবারের সবাইকে।এখন তো বঙ্গবন্ধুর প্রয়াত তিন ছেলের নামই জড়িয়ে গেছে দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে। বড় ছেলে শেখ কামাল আবাহনী প্রতিষ্ঠা করে গেছেন, ছোট ছেলে শেখ রাসেলের নামে শেখ রাসেল ক্রীড়াচক্র, সম্প্রতি মেজো ছেলে শেখ জামালের নামে হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।শেখ হাসিনা ধানমন্ডিতে আবাহনী ক্লাবে এলে শেখ কামালের স্মৃতিচারণাই হয় বেশি। বড় বোন তাঁর ছোট ভাইয়ের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অন্য বক্তাদের মুখে শেখ কামালের সংগঠনিক দক্ষতার প্রশংসাই থাকে বেশি। কালকের অনুষ্ঠানেও ব্যতিক্রম কিছু হয়নি। এরই মাঝে উঠে আসে কিছু সাম্প্রতিক বিষয়। ক্লাবের চাওয়া-পাওয়ার ব্যাপারে আশ্বাস শোনা যায় শেখ হাসিনার কাছ থেকে।কালকের অনুষ্ঠানে সবার শোনার আগ্রহ ছিল, আবাহনী মাঠে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স করার যে ঘোষণা দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর আগে, সেটির কী হলো? প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই এ ব্যাপারে অগ্রগতি জানান আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, ‘জমির সমস্যার সমাধান হয়ে গেছে। নকশা তৈরি করে আপাকে দেখিয়েছিলাম, আপা দেখে বললেন, “এসব পুরোনো ডিজাইনে হবে না। আধুনিক ডিজাইন চাই।” তিনি তিন মাস সময় দিয়েছেন। আশা করি, ডিসেম্বরে এটা করে ওনাকে দেখাতে পারব এবং কাজ শুরু হয়ে যাবে।’অনুষ্ঠানে বিসদৃশ ঠেকেছে টানা তিনটি পেশাদার ফুটবল লিগে চ্যাম্পিয়ন আবাহনী ফুটবল দলের সংবর্ধনায় বেশির ভাগ ফুটবলারেরই না থাকা। বিপ্লব, সুজন, রজনী, মতিউর মুন্না, এনামুলসহ দল ছেড়ে যাওয়াদের নামও উচ্চারণ করা হয়নি অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী পদক পরিয়ে দেন নজরুল, জয়, সিরাজীদের গলায়। এ বছর হকি লিগে যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী হকি দলের খেলোয়াড়দেরও একইভাবে সম্মানিত করা হয় এ সময়।এই খেলোয়াড়দের চেয়ে আনন্দটা একটু বেশি ছিল পুষ্কর খীসা, প্রাণতোষের। প্রথমজন বর্ষসেরা হকি ও দ্বিতীয়জন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন। দুজনই আবাহনীর খেলোয়াড়। তামিল ইকবাল ছিলেন না, বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটা তাঁর হয়ে নিয়েছেন চাচি সাবিনা আকরাম। এই তিনজন পেয়েছেন শেখ কামাল স্বর্ণপদক। এ ছাড়া আবাহনীর অভ্যন্তরীণ তিনটি পুরস্কার পেয়েছেন মোহাম্মদ মুসা মিয়া (সেরা পৃষ্ঠপোষক), কাজী নাবিল আহমেদ (সেরা সংগঠক) এবং ১৯৭৬ সালে ক্লাবে সভাপতির দায়িত্ব পালন করা সোহেল এফ রহমান।শেখ হাসিনা তাঁর বক্তব্যে বললেন, ‘ক্রীড়া কমপ্লেক্স নিয়ে অনেক কথা হয়েছে। তবে এবার আশা করি হয়ে যাবে।’ পাশাপাশি জানালেন, খেলোয়াড়দের দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ, দুস্থ খেলোয়াড়দের সহযোগিতা করা হবে সরকারের পক্ষ থেকে। ক্রীড়াঙ্গনে রাজনৈতিকীকরণের বিপক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী।আবাহনী সমর্থকগোষ্ঠীর সাধারণ সম্পাদক এনাম ই খোদা জুলুর স্বাগত বক্তব্যের পর বক্তব্য দেন হারুনুর রশিদ, আ হ ম মোস্তফা কামাল, কাজী শাহেদ আহমেদ। তাঁদের কথায় ঘুরেফিরে এসেছে শুধুই শেখ কামালের নাম।