আবাহনীর প্রলয়নাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বেলা একটার দিকে কেউ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গেলে বিভ্রান্তিতে পড়ে যেতেন। আবাহনী-মোহামেডান ম্যাচটা কি তবে হলোই না!না, ম্যাচ হয়েছে। বেলা একটার দিকে মাঠ শূন্য পড়ে থাকার কারণ, এর মিনিট পনেরো আগেই শেষ হয়ে গেছে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে মর্যাদার লড়াই, যেটির স্থায়িত্ব মাত্র ৩ ঘণ্টা ১১ মিনিট! দুই ইনিংস মিলিয়ে মোট ৩৯.৪ ওভার এবং তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে ১০ উইকেটে পরাজয়ের লজ্জা উপহার দিল আবাহনী। কী বলবেন একে—পর্বতের মূষিক প্রসব? যে ম্যাচ নিয়ে আগের দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল ক্রিকেটাঙ্গন, সেটির কি না এমন বিবর্ণ দশা! সাধারণ দর্শক আর আগের মতো আলোড়িত না হলেও আবাহনী-মোহামেডান দুই ক্লাব আর সাংবাদিকের মধ্যে একটু ঢেউ তো এখনো তোলেই। সেটির সঙ্গে যোগ হয়েছিল দুজন অতিরিক্ত বিদেশি খেলোয়াড় নিবন্ধনে আবাহনীর প্রস্তাব এবং সিসিডিএমের সভায় সেটি অনুমোদন হয়ে যাওয়া নিয়ে বিতর্ক। আবাহনী আগের পাঁচ বিদেশির বাইরে নতুন কাউকে খেলালে লিগ বয়কটের হুমকি দিয়ে রেখেছিল মোহামেডান। আবাহনীও খেলাতে চাইছিল নতুন যোগ দেওয়া রজত ভাটিয়াকে। সকালে এই জটিলতাতেই খেলা শুরু হলো সকাল সাড়ে ৯টায়।আবাহনী শেষ পর্যন্ত ভাটিয়াকে খেলায়নি। দুই দলেই খেললেন একজন করে বিদেশি। দুজনই পাকিস্তানি—মোহামেডানে আজহার মেহমুদ, আবাহনীতে ফাওয়াদ আলম। তবে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা কি ভূমিকা রেখেছে মোহামেডানের এমন যাচ্ছেতাই ব্যাটিংয়ে? অধিনায়ক সাকিব আল হাসান মানলেন না, ‘ম্যাচ নিয়ে সংশয় ছিল না। তাহলে সবাই দেরি করে আসত।’তা হলে তামিম-সাকিবসমৃদ্ধ মোহামেডানের ৯৩ রানে অলআউট হয়ে যাওয়ার রহস্য কী? কুয়াশাভেজা সকালে টসে জিতে মোহামেডান অধিনায়কের ব্যাটিং নেওয়া? তর্ক থাকতে পারে। তবে আবাহনীর দুই পেসার তাপস বৈশ্য ও আবুল হাসানের যে খুব পছন্দ হয়েছে এটি, এটা নিয়ে সংশয় নেই। ইনিংসের তৃতীয় ওভারে তামিমকে (১২) কট বিহাইন্ড বানিয়ে শুরুটা করেছিলেন তাপস। এরপর তো মোহামেডানকে বলতে গেলে এক ওভারেই শেষ করে দিলেন হাসান!ইনিংসের চতুর্থ ওভার, হাসানের দ্বিতীয়। সেটিতে তিন উইকেট! তৃতীয় বলে নাফিস ইকবাল (১) স্লিপে ক্যাচ। পরের বলেই কট বিহাইন্ড আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শামসুর (০)। হ্যাটট্রিক বলের সামনে সাকিব। হাসানের অফ স্টাম্পের বাইরের বলে সাকিব যেভাবে ব্যাট বাড়িয়ে দিয়েছিলেন, তাঁর ভাগ্য ভালো যে, বল ব্যাটে লাগেনি। ভাগ্য ভালোই বা বলেন কীভাবে, পরের বলেই তো কট বিহাইন্ড! ৪ ওভার শেষে মোহামেডানের স্কোর ২১/৪ বানিয়ে হাসান পরে নিয়েছেন ফয়সালের উইকেটটিও। উইকেট নেওয়ার বাইরেও আলোচনায় ছিলেন আবাহনীর এই পেসার। ছক্কা খাওয়ার পর ছুড়লেন বিমার, যেটি লাগল ১০ নম্বর ব্যাটসম্যান মুক্তার আলীর পিঠে। মুক্তার উইকেটে শুয়েই পড়লেন। বিমারটা ‘ইচ্ছাকৃত’ মনে হওয়ায় আম্পায়ার হাসানকে আর বল করতে দেননি। হাসান-তাপসের পেসের সঙ্গে বাঁহাতি স্পিনে ভালোই সংগত করেছেন মোহাম্মদ রফিক। ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। সাদা-কালোর ‘প্রতিরোধ’ বলতে পঞ্চম উইকেটে ওপেনার নাজিমউদ্দিনের সঙ্গে খালেদ মাসুদের ৩৭ রানের জুটিটা।অতীতে আবাহনী-মোহামেডান অনেক লো-স্কোরিং থ্রিলার উপহার দিয়েছে। কাল সেটির কোনো সম্ভাবনাই জাগতে দিলেন না আবাহনীর দুই ওপেনার। দাপুটে ব্যাটিংয়ে ১৭ ওভারেই ম্যাচ শেষ। ইমরুল কায়েস ৪৮ বলে ৩৮ করে অপরাজিত, আনামুল হক ৫৪ বলে অপরাজিত ৫৪।এই জয়ে মোহামেডানকে ৩ পয়েন্ট পেছনে ফেলল আবাহনী। সাকিব আল হাসানের জন্য পয়েন্টের হিসাব-নিকাশের প্রয়োজন নেই, তাঁর কাছে আবাহনী-মোহামেডান ম্যাচের অর্থ আপাতত দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়। গতবার শেষ বলে হেরেছিলেন আবাহনী অধিনায়ক হিসেবে। এবার মোহামেডান অধিনায়কের ভূমিকায় আরও করুণ অভিজ্ঞতা।ক্লাব ক্রিকেটে অধিনায়কত্ব আগেও বেশি কঠিন মনে হতো তাঁর কাছে। এখন আরও বেশি মনে হবে!