আবাহনীর বিদায়, সেমিতে মুক্তিযোদ্ধা
সেমিফাইনালে যাওয়ার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না আবাহনীর। কিন্তু মৌসুমের ট্রেবলজয়ী শেখ রাসেলের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ পর্বেই বিদায় নিল সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ, প্রিমিয়ার লিগ হাতছাড়া হওয়ার পর শেষ সুযোগ ছিল সুপার কাপ। সেটাও ধরে রাখতে পারল না আকাশী নীলরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা ২-০ গোলে ফেনী সকারকে হারিয়ে উঠে গেল সেমিফাইনালে। মুক্তির গোলদাতা জাহেদ পারভেজ ও ইব্রাহিম। ম্যাচে লালকার্ড দেখেন আবাহনীর স্ট্রাইকার এনামুল। ৫১ মিনিটে এনামুল ঘুষি মারেন শেখ রাসেলের মামুন মিয়ার মুখে। মার খেয়ে মামুনও ফিরতি ঘুষি মারেন। এনামুল মাঠ ছাড়েন লাল কার্ড দেখে, দুই হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মামুন মিয়াকেও। মাঠের উত্তেজনা পরে ছড়িয়ে পরে গ্যালারিতেও। প্রেসবক্সে হামলা করে আবাহনী সমর্থকেরা। অবশ্য তাতে ম্যাচ বন্ধ থাকেনি। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোল পায়নি আবাহনী। মুক্তির প্রথম গোলটি ৪৭ মিনিটে। ডানপ্রান্ত থেকে লিটনের থ্রো থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন জাহেদ পারভেজ (১-০)। শেষ বাঁশি বাজার সামান্য আগে শ্যামলের ক্রস থেকে চমত্কার শটে জয় নিশ্চিত করেন ইব্রাহিম (২-০)।