চূড়ান্ত পর্বে উঠতে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু গ্রুপের শেষ ম্যাচে আর্চিমের কাছে ১-০ গোলে হেরে এএফসি প্রেসিডেন্টস কাপ থেকেই বিদায় নিল কাল আবাহনী। আর্চিমের জয়ে অবশ্য লাভ হয়েছে গ্রুপের অন্য দল থ্রি স্টারের। নেপালের ক্লাবটি উঠে গেছে চূড়ান্ত পর্বে। তিন ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে আবাহনী। সমান ম্যাচে ১ জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সবার আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে থ্রি স্টার ক্লাব। আর পঞ্চমবারের মতো গ্রুপ পর্বেই ছিটকে পড়ল আবাহনী।কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৫৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন বাতবিলগুন। পুরো ম্যাচে আবাহনী গোটা পাঁচেক সহজ সুযোগ নষ্ট করেছে। কার্ড-সমস্যায় কাল খেলতে পারেননি প্লে-মেকার আউডু ইব্রাহিম। কিন্তু আগের দুই ম্যাচের গোলদাতা শাখাওয়াত হোসেন (রনি) ও তৌহিদুল গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। ম্যাচ শেষে দলের সহকারী কোচ অমলেশ সেনও হারের জন্য স্ট্রাইকারদেরই দায়ী করলেন, ‘স্ট্রাইকারদের জন্যই ম্যাচটা হাতছাড়া হয়েছে। অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেছে তারা।’ তবে আর্চিমের গোলটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, ‘গোলটি বিতর্কিত ছিল। আমি বলব ওটা অফসাইড গোল।’চূড়ান্ত পর্বে থ্রি স্টারের সঙ্গী হয়েছে আর্চিমও। কাল অন্য ম্যাচে থ্রি স্টার ২-২ গোলে ড্র করে তাইওয়ান পাওয়ার কোম্পানির সঙ্গে। এই ম্যাচ ড্র হওয়াতেই তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে উঠে গেছে মঙ্গোলিয়ার দলটি।