
এত সহজে গোলটা হয়ে গেল!
ম্যাচের পর এ কথায় আরিফুজ্জামান হিমেল খানিক চুপ করে থাকেন। বিজেএমসির গোলরক্ষকের আসলে বলার কিছু নেই। সহজেই বলটা পাঞ্চ করে দিতে পারতেন, সেটি ধরতে গিয়ে ডাইভ দিয়েছেন। বলে হাত ছুঁইয়েও শরীরের নিচ দিয়ে তা জড়িয়ে যায় জালে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মতো দেশের শীর্ষ ফুটবলে এমন গোল!
আবাহনীকে তা উপহারই দিলেন হিমেল। বক্সের একটু ভেতর থেকে বাঁ পায়ে শট নিয়েছিলেন জামাল। দুর্বল কোনাকুনি শট হিমেল আটকাতে ব্যর্থ। সংবাদ সম্মেলনে আবাহনী মিডফিল্ডারের চোখেমুখে তাই খানিক বিস্ময়, ‘ভাবিনি ওটা গোল হবে।’
এই গোলই গড়ে দিল আবাহনী-বিজেএমসি ম্যাচের ভাগ্য। খেলা হয়েছে তখন মাত্র চার মিনিট। গোলটা হওয়ার আগেই আবাহনী স্ট্রাইকার মরিসন লক্ষ্যভেদ করতে পারতেন। বল নিয়ে কারিকুরি দেখাতে গিয়ে গুবলেট করে ফেললেন এই ঘানাইয়ান। ওই আক্রমণ থেকেই জামালের দুর্বল শটে ভাগ্যপ্রসূত গোল। পাঁচ ম্যাচে আবাহনীর চতুর্থ জয়।
জিতলেও ম্যাচে নজরকাড়া কিছু দেখাতে পারেনি আবাহনী। গোল ‘মিসের’ মহড়া দিলেন যিনি দলের বড় ভরসা সেই মরিসন। অন্তত চারবার গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ হয়েছেন। মিডফিল্ডার শাহেদ দুবার সহজ সুযোগ হেলায় হারিয়েছেন। সুযোগ হাতছাড়া করেছে বিজেএমসিও। দুই দলই নিশানা খুঁজে পেলে ম্যাচে পাঁচ-ছয়টা গোল তো হয়ই। আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি দলের খেলায় খুশি নন, ‘খানিকটা ভাগ্যের জোরেই জিতলাম। ড্র হতে পারত। এমনকি হারও অস্বাভাবিক হতো না।’
আবাহনীর আক্রমণগুলো গোছাল ছিল না। দুটি পাস খেলেই বল জমা দিয়েছে প্রতিপক্ষের পায়ে। মাঝমাঠ সেভাবে বল জোগানও দিতে পারেনি। পোরমুসিলিমির ৪-৩-৩ আক্রমণাত্মক ছকের বিপরীতে পাঁচ মিডফিল্ডার নিয়ে খেলল বিজেএসসি। তাই মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেকটা সময়ই থাকল বিজেএমসিরও হাতে। আগের ম্যাচে উত্তর বারিধারাকে ৭ গোলে উড়িয়ে দেওয়ার প্রেরণায় এদিন বল পজেশনেও এগিয়ে ছিল বিজেএমসিই। ওই ম্যাচে ২ গোল করা সজীব কাল হাতছোঁয়া দূরত্ব থেকে দুবার বল মারলেন কি না বাইরে।
একই অবস্থা আবাহনীর স্ট্রাইকারদের। ইব্রাহিম অনেকটাই নিষপ্রভ। তৌহিদ নিজেকে খুঁজে ফিরলেন। ১৪ দিনে চার ম্যাচ খেলে গোটা দলই নাকি ক্লান্ত, দাবি কোচের। পোরমুসলিমি কাটাছেঁড়া করলেন দলের পারফরম্যান্স, ‘আমরা মোটেও ভালো খেলিনি। খেলোয়াড়দের মানসিক সমস্যাই বড় কারণ।’
তাতে কী! শেখ জামালের সঙ্গে পাঁচ ম্যাচে সমান ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে যৌথভাবে শীর্ষে এখন আবাহনী। তবে সামনে কঠিন সময়। এই ফুটবল খেললে প্রতিদিন তো আর প্রতিপক্ষ গোল উপহার দেবে না!