আবাহনীর সবই প্রায় শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ সম্মেলনে এসে আবাহনীর কোচ আরদেশির পোরনেমাত একপর্যায়ে বলে ফেললেন, ‘এটাই আপনাদের সঙ্গে হয়তো শেষ দেখা। লিগে আর একটি ম্যাচ আছে। আমি সম্ভবত সংবাদ সম্মেলনে সেদিন আসব না। তাই বিদায় বন্ধুরা।’একটু আগে তাঁর দল ৩-১ গোলে বিজেএমসির কাছে বিধ্বস্ত হয়ে লিগ শিরোপা বলতে গেলে বিসর্জন দিয়ে এসেছে। সেই দুঃখেই কিনা ইরানি কোচ চলে যাওয়ারই সিদ্ধান্ত নিলেন। যদিও আবাহনীর সঙ্গে তাঁর এ নিয়ে চূড়ান্ত কোনো কথা হয়নি। অলৌকিক কিছু না ঘটলে আবাহনীর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আশা না করাই ভালো। চোট আর কার্ড সমস্যায় সেরা তিন-চারজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমে কাল প্রথমার্ধেই তিন গোল হজম! সাম্প্রতিক সময়ে প্রথমার্ধেই আকাশি-নীলদের এমন অসহায় আত্মসমর্পণ বিরল। ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এসেছিলেন পোরনেমাত। তাঁর অধীনে স্বাধীনতা কাপের সেমিতেও উঠতে ব্যর্থ আবাহনী। লিগের শেষ ভাগে এসে ধারাবাহিকভাবে পয়েন্ট হারানো—সর্বশেষ তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট! যেটির প্রতিফলন পয়েন্ট টেবিলে—আবাহনীর পয়েন্ট ১৫ ম্যাচে ২৯। ১৪ ম্যাচে জামালের ২৮, রাসেলের ৩২। কাল শেখ জামালের সঙ্গে ড্র করলেই চ্যাম্পিয়ন শেখ রাসেল। কাল ১৬ ও ৪২ মিনিটে দুই গোল করে বিজেএমসির জয় নিশ্চিত করে ফেলেন জাতীয় দলের স্ট্রাইকার তকলিচ। ৩০ মিনিটে দ্বিতীয় গোলটা করেছিলেন ইসমাইল বাঙ্গুরা। এরপর ৭৬ মিনিটে একটা শোধ করতে পেরেছেন আবাহনীর শাখাওয়াত রনি। ৪৫ মিনিটে বাবু লাল কার্ড দেখলেও ১০ জন নিয়ে জিততেও সমস্যা হয়নি বিজেএমসির।দলের ভঙ্গুর অবস্থার জন্য নানা ব্যাখ্যা দিলেন পোরনেমাত, ‘খেলোয়াড়দের চোট আঘাতের কারণে ছয় মাসেও আমি পূর্ণাঙ্গ দল পাইনি। দ্বিতীয় কারণ আমি নিজে। তৃতীয় কারণ আবাহনী মাঠ, যেটিতে অনুশীলন করে খেলোয়াড়েরা গণহারে চোটগ্রস্ত হয়েছে।’ পোরনেমাতের অভিযোগও আছে, ‘আমি অনুশীলন মাঠে যাওয়ার আগেই খেলোয়াড়েরা অনুশীলন শুরু করে। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করাতে পারিনি। এ নিয়ে খেলোয়াড়দের বারবার বললেও তারা কথা শোনেনি। তাদের নিয়ন্ত্রণ করতে পারিনি আমি। ম্যানেজমেন্টকে বলেও লাভ হয়নি।’ পাশে বসা অধিনায়ক ওয়ালি ফয়সাল কোচের এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেননি। ৩ বা ৪ মে আবাহনীর নেপাল যাওয়ার কথা এএফসি প্রেসিডেন্টস কাপ খেলতে। পোরনেমাতের পাসপোর্টের মেয়াদ ছয় মাস না থাকলেও ভিসার আবেদন করা হয়েছে। ভিসা পাওয়ার সম্ভাবনাই বেশি। পেলে কোচ নেপাল যাবেন। মোহামেডানের ড্র: পিছিয়ে পড়েও ফেনীতে সকার ক্লাবের সঙ্গে ১-১ ড্র করেছে মোহামেডান। সকারের গোলদাতা অ্যান্টনি, মোহামেডানের মরিসন। আজকের খেলা: আরামবাগ-ব্রাদার্স (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা)।