আবাহনীর সাদামাটা দলবদল
পরশু হাতিতে চেপে দলবদল সেরেছে মোহামেডান। কিন্তু আরেক পরাশক্তি আবাহনীর দলবদলটা বড্ড সাদামাটা। হাতি-ঘোড়া দূরে থাক, সামান্য বাদ্যবাজনাও ছিল না আকাশি নীলদের খেলোয়াড় নিবন্ধনের সময়। জনা বিশেক সমর্থক ছিলেন কাল হকি ফেডারেশন আঙিনায়, এঁরা যা একটু ক্ষীণ কণ্ঠে ‘আবাহনী-আবাহনী’ বলে মিছিল করেছেন।
আবাহনীর মাঠের বাইরের এই অনুজ্জ্বল অবস্থার কারণটা অনুমান করেই নেওয়া যায়। স্থানীয় খেলোয়াড় সংগ্রহে আবাহনী এবার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পেছনেই। অথচ ঊষা ক্রীড়াচক্রের সঙ্গে প্রিমিয়ার লিগে যুগ্ম চ্যাম্পিয়ন আবাহনী। ঊষা নতুন মৌসুমের জন্য অনেক শক্তিশালী দল গড়েছে। মোহামেডানও তাই। সেই তুলনায় আবাহনী মনের মতো দল গড়তে পারেনি।
আবাহনীর ঘর ভেঙে ঊষা ও মোহামেডানে যোগ দিয়েছেন বেশির ভাগ নামী খেলোয়াড়। তবে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠে শেষ মুহূর্তে জাতীয় দলের চার খেলোয়াড় অসীম গোপ, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, রুম্মন সরকারকে নিতে পেরেছে আবাহনী। অভিজ্ঞদের মধ্যে দলে থেকে গেছেন মশিউর রহমান বিপ্লব ও শেখ মোহাম্মদ নান্নু। এঁরা দুজনই এখন বিকেএসপির কোচ।
খেলোয়াড়ি জীবনের সায়াহ্নে দাঁড়ানো মাকসুদ আলম হাবুল ও মুসা মিয়া এবার আবাহনীর জার্সি গায়ে তুলেছেন। বিকেএসপি থেকে নেওয়া হয়েছে জুনিয়র পাঁচ খেলোয়াড়। বিদেশিদের মধ্যে শুধু পাকিস্তানের কাশিদ আলী নিশ্চিত হয়েছেন। পাকিস্তানের পাশাপাশি মালয়েশিয়া থেকেও খেলোয়াড় আনার চেষ্টা চলছে আবাহনীর।
কারা কেমন দল গড়ল, তার চেয়ে হকিতে এখন বেশি আলোচনায় খেলোয়াড়দের গ্রেডিংয়ে ফেলে কম টাকা দেওয়ার ব্যাপার। এ নিয়ে আবাহনী কোচ আলমগীর আলমও কাল কথা বললেন, ‘সার্ভিসেস দলের খেলোয়াড়দের নিয়ে গ্রেডিং করা খুবই দুঃখজনক। সাবেক খেলোয়াড় হিসেবে আমি এ জন্য দুঃখ প্রকাশ করছি।’ খেলোয়াড়দের পারিশ্রমিক উন্মুক্ত হওয়া উচিত বলে মনে করেন আলমগীর। তাঁর কথা, খেলোয়াড়েরা উন্মুক্ত থাকলে তবেই তো দলবদল জমবে। খেলোয়াড়েরা আনন্দে থাকবেন এবং ক্লাবগুলোও লাভবান হবে।
পারিশ্রমিক নিয়ে এত কথার ফাঁকেও আবাহনীকে নিয়ে আশাই দেখতে চাইলেন ডিফেন্ডার মশিউর, ‘দলে আছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। ভালো মানের কয়েকজন বিদেশি নিলেই ব্যালান্সড হয়ে উঠবে।’
হকিতে কে কোন দলে
রাসেল মাহমুদ জিমি মোহামেডান
পুস্কর খীসা মিমো ঊষা
মামুনুর রহমান চয়ন মেরিনার্স
মাকসুদ আলম হাবুল আবাহনী
মশিউর রহমান বিপ্লব আবাহনী
জাহিদ হোসেন মোহামেডান
সারোয়ার হোসেন ঊষা ক্রীড়া চক্র
তাপস বর্মণ মোহামেডান
ইমরান হোসেন মোহামেডান
কামরুজ্জামান রানা মোহামেডান
আসাদুজ্জামান চন্দন মোহামেডান
মইনুল ইসলাম মেরিনার্স
অসীম গোপ আবাহনী
মুসা মিয়া ওয়ারী