আবাহনীর সামনে আজ চোটগ্রস্ত রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ বললেন, ‘ম্যাচটা আমাদের জন্য ফাইনাল।’ শেখ রাসেল অধিনায়ক বিপ্লবের কথাও প্রায় অভিন্ন, ‘এটা অবশ্যই আমাদের জন্য ফাইনালের মতোই।’‘ফাইনাল নয়’, তবু আজ আবাহনী-শেখ রাসেল ম্যাচ দুই দলের কাছেই ফাইনাল কেন? দুই দলের কাছেই যে এটি লিগের সবচেয়ে কঠিন লড়াই। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল বলেই নয়, চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও এই দুই দলেরই সবচেয়ে বেশি। তাই দুই দলের মুখোমুখি লড়াইটা পৌঁছেছে ভিন্ন মাত্রায়।১৬ ম্যাচের লিগে এখন পর্যন্ত ১২ ম্যাচে ২৭ পয়েন্ট আবাহনীর। ১১ ম্যাচে ২৫ রাসেলের। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট শেখ জামালের। আবাহনীর সামনে এই ম্যাচই সবচেয়ে বড় বাধা। শেখ রাসেলের সামনে আছে শেখ জামাল। ওই ম্যাচের আগে সুবিধাজনক জায়গায় থাকতে আজ জিততেই হবে রাসেলকে।এমন ম্যাচেই কিনা চোটের কারণে শেখ রাসেল পাচ্ছে না দুই স্ট্রাইকার বুকোলা ও এমিলিকে। কোচ মারুফুল হক বলছেন, ‘আমার বিশ্বাস, এই দুজনকে ছাড়াই আমরা জিততে পারি।’ কোচ তো বলবেনই, তবে মাঠের খেলায় দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব ঢাকা সহজ নয়।আবাহনীর চোটের সমস্যা নেই। এক ম্যাচ পর ফিরছেন ডিফেন্ডার সুজন। উপরন্তু দলটির বড় শক্তি ইরানি কোচ আরদেশি পোরনেমাতের মস্তিষ্ক। মারুফুল হক বলের দখল রেখে ছোট ছোট পাসে খেলা পছন্দ করেন। সেটির জবাব পোরনেমাত দিতে চাইবেন তাঁর পছন্দের প্রতি-আক্রমণনির্ভর ফুটবলে।তবে আবাহনীর সব হিসাব পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন রাসেলের হাইতির প্লে-মেকার সনি নর্দে। অবশ্য আবাহনীরও আছে ইব্রাহিম, পলদের মতো ‘ম্যাচ উইনার’। ফর্মে থাকা স্ট্রাইকার শাখাওয়াত রনিও রাসেলের বিপদের কারণ হতে পারেন। কাজেই আজ লড়াই জমারই কথা।লিগের প্রথম পর্বে দুই দলের লড়াইয়ে বসনিয়ান ডিফেন্ডার পেতরিচের গোলে জিতেছিল রাসেল। ফিরতি লড়াইয়ে জিতবে কারা? উত্তর মিলবে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় শুরু ম্যাচে।