আবাহনীর স্বপ্ন ধূসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর জন্য হতাশার রাত।আলফাজের বিদায়ী ম্যাচটা মোহামেডানের জন্য আনন্দের হতে হতেও আক্ষেপের।মোহামেডান জিতলে এটি হতে পারত সাদা-কালোর জন্য খানিকটা উৎসবেরও। আবাহনীর বিপক্ষে জয় বলে কথা! কিন্তু এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ স্কোরলাইন সাদা-কালোকে পুরোপুরি হাসতে দেয়নি।‘জিততেই হবে ম্যাচে’ আবাহনী হারতে বসেছিল। হারলে প্রায় সবই শেষ হয়ে যেত। তবে ড্র করেও খুব একটা লাভ হয়নি। একটা পয়েন্টও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিন্তু শেষ দুই ম্যাচ জিতলে আবাহনীর পয়েন্ট হবে ৩৫। শেখ রাসেল তাদের বাকি তিন ম্যাচ জিতলে ৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে। শেখ জামালও আছে লড়াইয়ে। জামাল-রাসেলের হাতেই আসলে এখন লিগের নাটাই। এই দুই দলের সর্বনাশ প্রার্থনা করা ছাড়া আবাহনীর আর করার তেমন কিছুই নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটা আবাহনীর জন্য ছিল মরণপণ লড়াই। তাই অলআউটই খেলতে চেয়েছে লিগ চ্যাম্পিয়নরা। কাগজে-কলমে পিছিয়ে থাকা মোহামেডানের লক্ষ্য ছিল প্রতি-আক্রমণে গিয়ে গোল করতে। গোল তারা পেয়েও যায় ২৫ মিনিটে। মারুফের ঠেলে দেওয়া বল মরিসন জালে পাঠান আবাহনীর আগুয়ান গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে।গোল খেয়ে আবাহনী আক্রমণের মাত্রা আরও বাড়িয়েছে। এ ছাড়া আর উপায় ছিল না। এই সুযোগে প্রতি-আক্রমণে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ খুঁজছিল আগের ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে থাকা মোহামেডান। সেই সুযোগ এসেও যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে মরিসন ফাঁকায় বল পেয়েও তুলে মারেন বারের ওপর দিয়ে। ওটা গোল হলে কালই হয়তো চোখের জলে ভিজে ক্লাবে ফিরত আবাহনী।দল হিসেবে এই মোহামেডানে সামর্থ্যেও পিছিয়ে। আবাহনী যেভাবে নিচ থেকে খেলাটা তৈরি করে, মোহামেডান তা নয়। এই জায়গায় মোহামেডান তাদের রক্ষণটা ঠিক রেখেছে। গোল করার পর মোহামেডানের কোচ ৪-৫-১ ছকে চলে যান। মাঝমাঠটাকে শক্তিশালী করে সেখানেই আবাহনীকে আটকে দেওয়ার কৌশল নেন। চার ডিফেন্ডার পেছনে থেকে ভালোই সামাল দিচ্ছিল। ওটা ভালোই কাজে এসেছিল মোহামেডানের। কিন্তু ৮৫ মিনিটে একটা ফ্রি-কিক ম্যাচের ছবিটা বদলে দিয়েছে। বক্সের ঠিক ওপরে পাওয়া ওই ফ্রি-কিকে সরাসরি বল জালে পাঠান আতিকুর রহমান মিশু (১-১)। এই গোল আবাহনীকে খানিকটা প্রাণ ফিরিয়ে দিয়েছিল বটে, কিন্তু শেষ ক মিনিট আপ্রাণ চেষ্টা করেও জয়সূচক গোল আর পায়নি। এর আগে পরে সহজ সুযোগ নষ্ট করেছেন শাখাওয়াত রনিরা।আবাহনী সমর্থকদের তা হতাশই করেছে। গ্যালারিতে এদিন দর্শক ছিল হাজার দুই-তিনেক। এই দর্শকেরাই আবাহনী-মোহামেডান ম্যাচের চিরন্তন উত্তাপের কিছুটা ফিরিয়ে এনেছিল। আবাহনীর শেষ দুটি ম্যাচ বিজেএমসি ও মুক্তিযোদ্ধার সঙ্গে। রাসেলের প্রতিপক্ষ আরামবাগ, শেখ জামাল ও ফেনী সকার। জামালের ব্রাদার্স, রাসেল ও সকার। এই ম্যাচগুলোতে যেকোনো কিছুই ঘটতে পারে। আবাহনী সেই আশায় থাকতেই পারে। তবে বাস্তবতা বলছে, আবাহনীর স্বপ্ন প্রায় শেষ!আবাহনীর কোচ আরদেশির পোরনেমাত হতাশ হলেও এখনো আশা ছাড়ছেন না, ‘আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। কাজেই আমরা আশা ছাড়ছি না। শেখ জামাল-শেখ রাসেলের ম্যাচ আছে। জানি না মাঠের বাইরে কোনো খেলা হবে কিনা!’আবাহনীর অধিনায়ক ওয়ালি ফয়সাল বাস্তববাদী। ম্যাচের পর বিষণ্ন দেখাল তাঁকে। বললেন, ‘আমাদের এখন চ্যাম্পিয়ন করতে পারে শুধু ভাগ্য।’ হ্যাঁ, ভাগ্যই এখন আবাহনীর ভরসা!