আবাহনীর হাত বিকেএসপির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদলের দাবিতে আন্দোলনে নেমেছেন হকি খেলোয়াড়েরা। কিন্তু দলবদল হলেই যে খুব একটা লাভবান হবেন খেলোয়াড়েরা সেই নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

দলবদলে বড় অঙ্কের টাকা যে তিনটি দলের কাছেই মূলত আশা করেন খেলোয়াড়েরা, তাদের একটি আবাহনী এবার বিকেএসপির তরুণ খেলোয়াড়দের নিয়ে দল গড়তে চায়। বিকেএসপির খেলোয়াড়দের নিয়ে দল গড়ার অর্থ কম বাজেটেই একটা দল দাঁড় করিয়ে ফেলা।

সে ক্ষেত্রে মোহামেডান হয়তো প্রথম সারির কয়েকজন খেলোয়াড়কে ভালো অঙ্কের পারিশ্রমিক দিয়ে নেবে। ঊষা কিছু টাকা দিতে পারে। বাকিরা যাবেন কোথায়? যুগের সঙ্গে তাল মিলিয়ে মোটামুটি মানের একটা অঙ্ক অন্য ক্লাব তাঁদের দেবে কিনা বলা মুশকিল। ফলে হকি খেলোয়াড়দের জন্য হতাশাই অপেক্ষা করছে, তা তাঁরা যতই দলবদলের জন্য আন্দোলন করুন না কেন।

বিকেএসপির হচ্ছে বাংলাদেশের হকি কারখানা। সেখান থেকেই মূলত খেলোয়াড় বেরিয়ে আসছে। প্রতিবছরই বিকেএসপির খেলোয়াড়দের নেয় দু-তিনটি দল। আবাহনী-মোহামেডানের কাছে খেলোয়াড়দের প্রত্যাশা, তারা যেন দেশের সেরাদের নিয়েই দল গড়ে।

কিন্তু গতবারের আগের লিগে আবাহনী খেলেছিল বিকেএসপির ১০-১২ জন খেলোয়াড় নিয়ে। এবার তো বিকেএসপির পুরো সিনিয়র দলই চেয়ে তারা ওই প্রতিষ্ঠানের কাছে চিঠিও পাঠিয়েছে। বিকেএসপির হকি কোচ কাওসার আলী জানিয়েছেন, ‘আবাহনী একটা চিঠি দিয়ে আমাদের খেলোয়াড় চেয়েছে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’ শুধু আবাহনী নয়, আগামী মৌসুমের দল গড়তে মেরিনার্স, আজাদ, বাংলাদেশ স্পোর্টিংও বিকেএসপির কাছে খেলোয়াড় চেয়ে চিঠি দিয়েছে।

আবাহনী কেন বিকেএসপি-নির্ভর দল গড়ছে, আবাহনীর কাছে তো খেলোয়াড়দের প্রত্যাশা অনেক। প্রসঙ্গটা তুলতেই আবাহনীর কোচ মাহবুব হারুন বললেন, ‘আমরা তো চাই সেরা দলটাই গড়তে। কিন্তু আর্থিক সমস্যা আছে। মোহামেডান অনেক টাকা দিচ্ছে শুনেছি, কিন্তু আবাহনীর হাতে তো অত টাকা নেই। তবে আমরা বিকেএসপির পুরো দল নয়, ৭-৮ জন খেলোয়াড় নেব ঠিক করেছি।’

যত দূর শোনা যাচ্ছে, গতবারের মতো এবারও সেরা দলটা গড়ছে চ্যাম্পিয়ন মোহামেডান। তারা জিমিসহ জাতীয় দলের আরও কয়েকজনকে বড় অঙ্কের টাকাই দিচ্ছে বলে বাজারে গুঞ্জন। জিমি ১০ লাখের চৌকাঠ ছুঁতে পারেন বলেও আলোচনা আছে মোহামেডানে। কাছাকাছি অঙ্ক পেতে পারেন আরও কয়েকজন।

এখন আবাহনী বিকেএসপির দল নিলে না হয় ১৫ লাখ টাকাই দেবে! মানে ১০ জন খেলোয়াড় নিলে খেলোয়াড়প্রতি গড়ে দেড় লাখের মতো পড়তে পারে। বিকেএসপির নিয়ম অনুযায়ী, এখান থেকে খেলোয়াড় পাবেন ৭০ শতাংশ। গতবার ঊষা, মেরিনার্স, আজাদে খেলোয়াড় দিয়ে বিকেএসপি পেয়েছিল ২৫ লাখ টাকার মতো।

আবাহনীর বিকেএসপির দিকে হাত বাড়ানোর কথা শুনে হতাশ জাতীয় দলের অধিনায়ক জাহিদ হোসেন, ‘আমি আশা করব, আবাহনীর মতো দল বড় বাজেটের দল গড়বে। নইলে খেলোয়াড়েরা যাবে কোথায়?’