আবাহনীর হার, মোহামেডানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ম্যাচ নয়। তবু এই মুহূর্তটির জন্যই যেন অপেক্ষায় ছিল সিলেটবাসী। বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দিনে প্রথম ম্যাচ খেলতে নামছে ইউসিবি-বিসিবি একাদশ। আর তাতেই উল্লাসমুখর হয়ে উঠল ভরা গ্যালারি । আনিস মাহমুদ, সিলেট
আন্তর্জাতিক ম্যাচ নয়। তবু এই মুহূর্তটির জন্যই যেন অপেক্ষায় ছিল সিলেটবাসী। বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দিনে প্রথম ম্যাচ খেলতে নামছে ইউসিবি-বিসিবি একাদশ। আর তাতেই উল্লাসমুখর হয়ে উঠল ভরা গ্যালারি । আনিস মাহমুদ, সিলেট

মাত্র আট-দশ দিনের মধ্যে জাতীয় পর্যায়ের একটা টুর্নামেন্ট মাঠে নামিয়ে দেওয়া হলো। এমন তড়িঘড়ি আয়োজনে কিছু ত্রুটি থাকতেই পারে। কাল প্রথম দিনে সময়মতো দলগুলোর জার্সি না পাওয়াটা সে রকমই একটা ব্যাপার। এ জন্য প্রথম ম্যাচটি শুরু হয়েছে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর, দ্বিতীয়টি নির্ধারিত ৪০ মিনিট পর।
সিলেটবাসীর চোখে এটা কোনো ত্রুটি হিসেবে ধরা পড়েনি। দিনভর নাচে-গানে মেতে থেকে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম দিনটা উপভোগ করেছে তারা। উপভোগ্য হয়েছে মাঠের খেলাও। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে আবাহনীর বিপক্ষে শেষ বলে ম্যাচ জিতেছে ইউসিবি-বিসিবি একাদশ। দিনের অন্য খেলায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে মোহামেডানও।
আবাহনী-ইউসিবি বিসিবি: স্কোরকার্ড দেখে মনে হতে পারে নতুন উইকেট বলেই হয়তো ব্যাটসম্যানদের এই করুণ দশা। ২০ ওভারে মাত্র ১৩৯ রান করতে পেরেছে মুশফিক-মাহমুদউল্লাহদের আবাহনী। এই রান টপকাতেও কিনা ম্যাচের শেষ বলটি পর্যন্ত খেলতে হলো ইউসিবি-বিসিবি একাদশকে! দলের যে ওপেনার তামিম ইকবাল একাই পারেন এমন ম্যাচ জেতাতে, অথচ তিনিই ৪৩ রান করতে খেলেছেন ৪৬টি বল!
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট বিভাগীয় স্টেডিয়াম নতুনভাবে সাজলেও এর উইকেট অপ্রস্তুত নয়। অপ্রস্তুত বলতে পারেন ব্যাটসম্যানদেরই। প্রিমিয়ার লিগের পর থেকে দু-একজন ছাড়া বেশির ভাগ ক্রিকেটার ছিলেন বিশ্রামে। হুট করে বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমে একটু বিব্রতই হতে হলো তাদের। সিলেট থেকে কাল টেলিফোনে ইউসিবি-বিসিবি একাদশের আরেক ওপেনার ইমরুল কায়েসও বলছিলেন, ‘অনেক দিন পর সবাই হঠাৎ করে খেলতে নেমেছি তো, তাই এ রকম হয়েছে হয়তো। পরের ম্যাচ থেকে ঠিক হয়ে যাবে।’
শুভাশিসের বলে দলের ১৫ রানে ইমরুল কট বিহাইন্ড, পরের বলেই বোল্ড রনি তালুকদার। ১৫ রানে ২ উইকেট হারালেও ইউসিবি-বিসিবি জয়ের সুবাস পেতে শুরু করে তামিম-মিঠুনের তৃতীয় উইকেট জুটিতে। তামিমের ব্যাট কিছুটা ধীরে চললেও মোহাম্মদ মিঠুনের ব্যাট ছিল ঠিক উল্টো। ৪৪ বলে ৬৭ রানে অপরাজিত থেকে ফিরেছেন ম্যাচ জিতিয়েই। ফরহাদ রেজার করা শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান, শেষ বলে ১। সেটা উইকেট কিপার মুশফিকের হাতে বল রেখেই নিয়ে নিয়েছেন দুই ব্যাটসম্যান।
এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার সৌম্যকে হারানো আবাহনী পুরো ইনিংসেই আর সবেগে চলতে পারেনি। ওপেনিংয়ে নেমে আফতাবের ২৬ বলে ৩১ আর সাত নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দীর ২৯ বলে ৩১-ই দলের পক্ষে বলার মতো ব্যক্তিগত রান। মিডল অর্ডারে অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর কেউই রানের খাতা খুলতে পারেননি।
প্রাইম ব্যাংক-মোহামেডান: প্রথম ম্যাচের মতো দিনের দ্বিতীয় ম্যাচেও একই অবস্থা। হাতে ৩ উইকেট রেখেও ২০ ওভারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব করতে পারল মাত্র ১২৬ রান। এই রানের মধ্যে ৫৭-ই এসেছে এনামুল হক (বিজয়) ও সৈকত আলীর উদ্বোধনী জুটিতে। ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দিয়ে আসার প্রবণতায় এরপর ইনিংসজুড়েই কেবল আসা-যাওয়ার মিছিল।
জহুরুল ইসলামকে বাদ দিলে মোহামেডানের বাকি ব্যাটসম্যানদের অবস্থাও প্রায় একই। তাতে অবশ্য সমস্যা হয়নি। ওপেনার জহুরুলের ৫২ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংসটাই হয়ে গেছে ম্যাচের ফলাফলনির্ধারক। ৮০ রানে ৫ উইকেট পড়ার পর শরীফউল্লাহর (২২*) সঙ্গে ৫০ রানের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেট জুটিতেই এক ওভার বাকি থাকতে এসে গেছে জয়। আট বাউন্ডারির সঙ্গে জহুরুলের ছক্কা একটি।
সংক্ষিপ্ত স্কোর
 আবাহনী: ২০ ওভারে ১৩৯/৮ (সৌম্য ১, আফতাব ৩৩, মিজান ১৮, মুশফিক ০, মাহমুদউল্লাহ ০, নাজমুল ৭, সোহরাওয়ার্দী ৩১, জিয়া ২০, ফরহাদ ১৭*, নাবিল ১*; নাঈম ০/২, আল-আমীন ১/৩২, আরাফাত ০/২৮, দেলোয়ার ৪/১৮, মুক্তার ১/৩৪, এনামুল জুনিয়র ০/২০)। ইউসিবি-বিসিবি: ২০ ওভারে ১৪০/৪ (তামিম ৪৩, ইমরুল ১৪, রনি ০, মিঠুন ৬৭*, মার্শাল ৫, নাঈম ৪*; মাহমুদউল্লাহ ০/২০, শুভাশিস ২/২৪, ফরহাদ ১/২৭, জিয়া ০/১৯, সৌম্য ০/২১, নাবিল ১/২০, সোহরাওয়ার্দী ০/৬)। ফল: ইউসিবি-বিসিবি ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।
 প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১২৬/৭ (এনামুল ৩৫, সৈকত ২৫, লিটন ৮, অলক ১২, সাব্বির ০, মেহরাব জুনিয়র ২৪*, সোহাগ ৩, শরীফ ৯, রবিউল ৮*; মাশরাফি ০/২৬, সাজেদুল ০/২৯, ইলিয়াস ৩/২৬, আলাউদ্দিন ২/২৪, মুমিনুল ১/৭, শরীফউল্লাহ ১/১৪)। মোহামেডান: ১৯ ওভারে ১৩০/৫ (জহুরুল ৬৫*, জুনায়েদ ১৩, শাহরিয়ার ৯, মুমিনুল ১১, রকিবুল ২, হাসান ০, শরীফউল্লাহ ২২*; রুবেল ০/৩২, রবিউল ১/২১, সোহাগ ১/১২, শরীফ ০/২৪, তাইজুল ২/২৩, অলক ০/৮, সাব্বির ০/৯)। ফল: মোহামেডান ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জহুরুল ইসলাম।