আবাহনীর হারে লঙ্কাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ১-০-তে পিছিয়ে থাকা ঢাকা আবাহনী ম্যাচের ২৪ মিনিটে গোল শোধের দারুণ সুযোগ পেয়ে গেল। গোল করেছিলেনও অধিনায়ক প্রাণতোষ। কিন্তু সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। সঙ্গে সঙ্গে আবাহনী গ্যালারি থেকে নিরাপত্তাপ্রাচীর বেয়ে মাঠে ঢুকে পড়ে কয়েকজন উত্তেজিত দর্শক। মাঠের পাশে রাখা অ্যাথলেটিকস জাজদের রেলিং চেয়ারের ওপর দাঁড়িয়ে ছাপার অযোগ্য ভাষায় শুরু করে গালাগালি। আবাহনীকে হারিয়ে একদিকে উৎসবের আনন্দ রহমতগঞ্জের। ওদিকে মাঠের ভেতর আবারও ঢুকতে শুরু করেছে উত্তেজিত আবাহনী সমর্থকেরা। একজন মাঝমাঠ দিয়ে দৌড়াতে থাকল রেফারি কক্ষের দিকে। পুলিশের পেছন পেছন গিয়ে এক ফাঁকে ঢুকেও পড়ল কক্ষে। গ্যালারি থেকে সমর্থকেরা ততক্ষণে জুতাবৃষ্টি শুরু করে দিয়েছে। ভিআইপি গ্যালারিতে ছুড়ছে ইটপাটকেল। কিছুক্ষণ পর হাতুড়ি, লাঠি আর বেল্ট হাতে খুঁজতে থাকে ফেডারেশন কর্মকর্তা ও কোচ আলী আকবর পোরমুসলিমিকে। কোচকে বাঁচাতে গিয়ে কপাল ফেটে যায় অমিত খানের (শুভ্র)।এ যেন ফুটবল ম্যাচ নয়, রীতিমতো মাস্তানি! ডাগ-আউটের পাশে প্রায় ২০ মিনিট চলল লঙ্কাকাণ্ড, ভাঙল চেয়ার, টেন্ট, সাইড বেঞ্চ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল ম্যাচ শেষের উত্তেজনা ছাড়িয়ে গেল ম্যাচের উত্তেজনাকেও। পুরো চিত্রনাট্যে পুলিশ ছিল নীরব দর্শক। এর আগে ম্যাচেও উত্তেজনা কম ছিল না। ২৩ মিনিটে একেবারে আনাড়ি গোলরক্ষকের মতো গোল খেয়ে বসেন শহীদুল আলম (সোহেল)। বক্সের ভেতরে ঢুকে পড়া রহমতগঞ্জের ক্যামেরুনিয়ান স্ট্রাইকার মোডো হিউজেসের শট তালুবন্দী না করে ফিস্ট করে বাঁচাতে চেয়েছিলেন। বল ডান পাশ দিয়ে ততক্ষণে জালে (১-০)! মিনিট দুয়েক পরই অফসাইডের কারণে বাতিল হয়ে যাওয়া প্রাণতোষের সেই গোল এবং দর্শকদের গালাগালির ঘটনা। খেলার ২৮ মিনিটে রহমতগঞ্জের অধিনায়ক ইদ্রিস কাসারি বক্সের ভেতরে বল নিয়ে ঢুকতেই তাঁকে ফেলে দেন গোলরক্ষক সোহেল। পেনাল্টি। কিন্তু ইদ্রিসের একেবারে দুর্বল শট বেরিয়ে গেল পোস্টের বাইরে দিয়ে। নাটক তখনো বাকি। রহমতগঞ্জের বিপৎসীমানায় ঢুকে পড়া ফ্রাঙ্ককে ৩০ মিনিটে ফেলে দেন রহমতগঞ্জের গোলরক্ষক ইরান। পেনাল্টি, ম্যাচে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়ে যায় আবাহনী। কিন্তু ফ্রাঙ্কের শট ফিরিয়ে দেন ইরান। প্রথমার্ধে পিছিয়ে থাকা আবাহনী দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেছে অনেকবার। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় পারেনি। ইরানি স্ট্রাইকার কিয়েভান সাজেদি সুযোগ নষ্ট করেছেন গোটা চারেক। নষ্ট করেছেন রবিন আর লিঙ্কনও।ম্যাচ শেষে হতাশ আবাহনী কোচ আলী আকবর দুষলেন রেফারিদের, ‘বাংলাদেশের রেফারিদের মান যে অনেক খারাপ সেটা আরও একবার প্রমাণিত হলো।’ কনুইয়ের গুঁতায় আউডু ইব্রাহিমের বুকের হাড় ভেঙে গেছে বলে তাঁকে কাল খেলাতে পারেননি। কোচের ক্ষোভ এটা নিয়েও, ‘বিশ্বের অন্য দেশে কনুই দিয়ে গুঁতা দিলেই লাল কার্ড, কিন্তু এখানে শুধু হলুদ কার্ড দেখানো হয়। হাস্যকর ব্যাপার।’ কাল প্রাণতোষের গোলটি অফসাইড ছিল না বলেও তাঁর দাবি। তবে স্বীকার করেছেন নিজ দলের স্ট্রাইকারদের ব্যর্থতার কথা। ইনজুরির কারণে মাঠে নামাতে পারেননি পুরো শক্তির দল।লিগে এটি আবাহনীর তৃতীয় হার। এর আগে প্রথম পর্বে ফরাশগঞ্জের কাছে ও দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডির কাছে হেরেছিল তারা। তবে প্রথম পর্বে এই রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আকাশি-নীলরা। কালকের হারে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে আবাহনী রইল দ্বিতীয় স্থানেই। এক ম্যাচ কম খেলা মুক্তিযোদ্ধা ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে। হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের হারে শিরোপা-স্বপ্ন আরও উজ্জ্বল হলো মুক্তিযোদ্ধার।