
সারি সারি শূন্য চেয়ার। অন্য দিন এ চেয়ারগুলোতে দু-চার হাজার সমর্থক থাকেনই। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী গ্যালারি পুরোপুরি খালি। কাকপক্ষীও নেই!
প্রিমিয়ার ফুটবল লিগে কাল ম্যাচ ছিল দুটি। প্রথমে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী, পরে আবাহনী-ব্রাদার্স। সাড়ে পাঁচটায় প্রথম ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগেই আবাহনী গ্যালারির পাশে আবাহনীর সমর্থকগোষ্ঠীর নেতাদের আনাগোনা। দেখতে দেখতে ভিড় বাড়ছিল।
নেতৃত্বে থাকা এনাম-ই-খোদা জুলু বললেন, ‘আমরা আবাহনীর ম্যাচ বর্জন করব আজ। সমর্থকেরা কেউ মাঠে ঢুকবে না।’ কারণটা কী? জুলুর জবাব, ‘কদিন আগে স্বাধীনতা কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে হারে আবাহনী। ওই ম্যাচ শেষে আমাদের দলের ম্যানেজারের নেতৃত্বে (সত্যজিত্ দাস রুপু) আবাহনীর সমর্থকদের পিটিয়েছেন পাঁচ খেলোয়াড় মিশু, সোহেল, শওকত, প্রণোতোষ ও শাহেদ। ওই ঘটনার প্রতিবাদেই আমরা ম্যাচ বর্জন করছি। ম্যানেজারের অপসারণ চায় সমর্থকেরা।’
আবাহনী গ্যালারি সমর্থকেরা বর্জন করেছেন, এটি বাংলাদেশের ফুটবলে আগে কখনো ঘটেনি। তবে সমর্থক নেতারা অন্য সমর্থকদের গ্যালারিতে ঢুকতে দেননি বলে অভিযোগ শোনা গেছে। পরে দেখা গেল আবাহনীর অনেক সমর্থক পূর্ব পাশের গ্যালারি থেকে টিম ম্যানেজমেন্টকে গালাগাল করছেন ।
শুনতে শুনতে ম্যানেজার রুপু বললেন, ‘আমি কাউকে মারতে যাব কেন? সমর্থকগোষ্ঠী খেলোয়াড়দের মেরেছে। ওরা খেলোয়াড়দের গাড়িতে ককটেলও ফাটিয়েছে। ক্লাবের ঊর্ধ্বতন মহল বিষয়টা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
ঘটনার ঘনঘটায় শূন্য গ্যালারিতে ঝুলল কালো পতাকাও। মনে হচ্ছিল শোকের পরিবেশ। আক্ষরিক অর্থেই এটি আবাহনীর জন্য হলো শোকের রাতই। কালো রাতও তো! মাঠে এমন রাত তো আবাহনীর ইতিহাসে আসেনি। তারই প্রভাবে কি না ব্রাদার্সের কাছে হেরেই গেল তারা। চলতি লিগে যেটি তাদের প্রথম হার।
৩৮ মিনিটে আত্মঘাতী গোল খেয়েছে আবাহনী। ডিফেন্ডার নাসিরের ব্যাক পাসটা গোলরক্ষক সোহেলকে বোকা বানিয়ে ঢুকে যায় জালে। উপহার পাওয়া গোল ধরে রেখে ব্রাদার্স শেষ করেছে ম্যাচ।
আবাহনীর সবচেয়ে বড় সমস্যা গোলের রাস্তা না চেনা। প্রথম পর্বের ৯ ম্যাচে দলটি মাত্র ৯ গোল করেছে, যার মধ্যে গতবার মোহামেডানের জার্সিতে সর্বোচ্চ ১২ গোল করা ঘানাইয়ান ওসেই মরিসনের গোল তিনটি। এমন একটা দলের গোলের জন্য হাহুতাশই করার কথা। গোল করতে ভুলে গেছেন খেলোয়াড়েরা। কোচ আলী আকবর পোরমুসলিমি ম্যাচ শেষে শুধু একটা কথাই বললেন, ‘স্ট্রাইকিং প্রবলেম...স্ট্রাইকিং প্রবলেম...।’
নাসির জেতালেন শেখ জামালকে
গোল কীভাবে করতে হয়, তা দেখালেন নাসিরউদ্দিন। ২০১০ সালেও মোহামেডানের আক্রমণভাগে খেলেছেন বুকোলা, এমিলির সঙ্গে। সেই নাসির স্ট্রাইকার থেকে রূপান্তরিত ডিফেন্ডারে। এবার তো শেখ জামালের জার্সিতে রক্ষণভাগে দুর্দান্ত খেলছেন। কাল স্ট্রাইকারের ভূমিকায় নেমে পিছিয়ে পড়া দলকে তিন পয়েন্ট এনে দিলেন জোড়া গোল করে।
এদিন দলের অধিনায়কও ছিলেন নাসির। নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলাম চোটের কারণে নেই। প্লেমেকার সনি নর্দে বেলজিয়ামে ট্রায়াল দিতে গিয়ে এখনও ফেরেননি। ছিলেন না ডার্লিংটনও। এমন ম্যাচে ৯ মিনিটে সোহেল রানার আলতো টোকায় করা গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।
শেখ জামাল কোচ যোসেফ আপুসি মোক্ষম চালটা দিলেন দ্বিতীয়ার্থে। ডিফেন্ডার নাসিরকে ওপরে তুলে আদায় করেছেন অভাবনীয় এ জয়। যোসেফের কৌশল বুঝতেই পারেনি চট্টগ্রাম আবাহনী। নাসির গোল করার দায়িত্ব নিয়ে সেটি পালন করলেন দারুণভাবে। ৭৩ মিনিটে ওয়েডসনের ক্রসে তাঁর হেডে ১-১। ৮৯ মিনিটে ওয়েডসনের ক্রস থেকে দারুণ ভলিতে ২-১।
শেখ জামালকে জয়ের আনন্দে ভাসালেন নাসির। ডিফেন্ডার না স্ট্রাইকার—কোন ভূমিকায় বেশি স্বচ্ছন্দ? ম্যাচের পর বলছিলেন, ‘আমি ডিফেন্ডার হিসেবে খেলতেই এখন বেশি ভালোবাসি।’