‘ওহ্, কী এক ফাইনাল দেখলাম!’—ম্যাচের পর সবার মুখে মুখে ঘুরল এই বাক্যটাই।পুরস্কার বিতরণী শুরু হয়ে গিয়েছে। সেদিকে আবাহনীর খেলোয়াড়দের মন নেই। গ্যালারির ঢোলের বাজনা কেড়ে নিয়েছে সব মনোযোগ। ফেডারেশন কাপ ফিরে পেতে ১০ বছরের অপেক্ষার অবসান বলে কথা!শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে এই দৃশ্যটা ছিল হূদয়বিদারক। কাগজে-কলমে সেরা দল গড়েও গ্রামীণফোন ফেডারেশন কাপে আবাহনীকে চ্যাম্পিয়ন হতে দেখে ভালো লাগার কথাও নয়। ১২০ মিনিট রুদ্ধশ্বাস লড়াই শেষে এই সন্ধ্যায় তারা পরাজিত দলে। নতুন নামে যাত্রা করে প্রথম টুর্নামেন্টে রানার্সআপ—নিজেদের এভাবে দেখতে চায়নি অলিখিত জাতীয় দল।‘ওরে দল আছে রে...’ পুরস্কার বিতরণীর মঞ্চে স্লোগান। আবাহনী...আবাহনী...আবাহনী...অবিরাম চলতে থাকল। এরই মধ্যে ফটো সাংবাদিকদের ক্যামেরার লেন্স খুঁজল একটি মুখ—আউডু ইব্রাহিম। ২২তম গ্রামীণফোন ফেডারেশন কাপের ফাইনালে ৫-৩ গোলে জয়ী আবাহনীর হ্যাটট্রিক হিরো তখন সতীর্থদের সঙ্গে নৃত্যরত। কী দারুণ দৃশ্য আকাশি-নীল সমর্থকদের জন্য!পুরস্কার দিয়ে মঞ্চ ত্যাগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, গ্রামীণফোন এবং বাফুফের কর্মকর্তারা। কমলাপুর স্টেডিয়ামে শুরু হয়ে গেল ব্যান্ড পার্টির বাজনা। সারা মাঠে ঢুকে পড়েছে কয়েক শ কিশোর-তরুণ। ফানুস উড়ছে আকাশে, তা ধরার জন্য লাফালাফি করছে কিশোরেরা—মৌসুমসূচক টুর্নামেন্টের সমাপ্তিটা এর চেয়ে রং আর ছড়াতে পারত না।ম্যাচটাও কি কম কিছু ছিল? যে ফাইনালে ৮ গোল হয়, পেনাল্টি-লাল কার্ড কিছুই বাদ থাকে না, গ্যালারিভর্তি ১৫ হাজার দর্শক প্রাণভরে উপভোগ করে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, সেই ম্যাচের আর কী বর্ণনা দেওয়া যায়! এই ফাইনাল একটা রেকর্ডও দেখল। ১৯৮৫ সালে ফেডারেশন কাপের সেমিফাইনালে ৮ গোল হলেও (প্রেমলালের হ্যাটট্রিকে আবাহনী ৪, মোহামেডান ৪) ফাইনালে ৮ গোল এই প্রথম!ম্যাচে দুবার শেখ জামাল এগিয়ে গেছে। কাকতালীয় ব্যাপার, দুবার ঠিক সেন্টার থেকে বল নিয়ে পরের মিনিটেই গোল শোধ করেছে আবাহনী। এরপর আবাহনী এগিয়ে যায় ৩-২ গোলে। শেখ জামাল আবার করেছে ৩-৩। অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে (১১১ মিনিট) ৪-৩ করে জয়ের পথে পা রাখে আবাহনী। ইনজুরি সময়ে ৫-৩! আবাহনীর ৫ গোলই তিন ঘানাইয়ানের। এরই কল্যাণে ২০০০ সালের পর আবার ফেডারেশন কাপের শিরোপা হাতে তোলার অধিকার পেল আবাহনী।একের পর এক গোল ম্যাচটাকে শুধু উপভোগ্যই করেনি, ঘরোয়া ফুটবলে এখন আর আকর্ষণীয় ম্যাচ হয় না, ঘুচিয়েছে এই অপবাদও। তবে এই ম্যাচটিও ভুলে যেতে চাইবেন এনামুল। শেখ জামালের তিন গোলের দুটিই করেছেন এই স্ট্রাইকার। ৩১ মিনিটে দুর্দান্ত এক শটে এগিয়ে নেন দলকে (১-০)। দর্শনীয় হেডে স্কোরলাইন করেছেন ২-১। কিন্তু টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে নিয়েও এনামুলের মুখে হাসি রইল না। তিনি যে পরাজিত দলের সদস্য!এনামুলকে সরিয়ে নায়ক ইব্রাহিম। নিজে নিজে খেলেন, বল ছাড়েন না সময়মতো, যাঁর খেলার ধরনই এমন, সেই ঘানাইয়ান স্ট্রাইকার আবাহনীতে তাঁর ছয় বছরের ক্যারিয়ারে সম্ভবত সেরা দিন কাটালেন। ৩২ মিনিটে স্বদেশি ফ্রাঙ্কের ক্রসে টোকা দিয়ে আবাহনীকে প্রথম ম্যাচে ফেরান। ২-২ করা গোলটা আবাহনী পেয়েছে পেনাল্টি থেকে। বক্সে নাসিরের হাতে বল লাগায় পেনাল্টি দেন রেফারি আজাদ রহমান।শেখ জামালের গোলরক্ষক আমিনুলকে খুব সহজে বোকা বানিয়ে গোল করেন আরেক ঘানাইয়ান ফ্রাঙ্ক। চিরবিশ্বস্ত আমিনুল পোস্টের নিচে ছিলেন আস্থাহীন। হজম করেছেন দলের জন্য সর্বনাশা দৃষ্টিকটু গোলও।৮০ মিনিটে ইব্রাহিম ৩-২ করে ফেলেন। খানিক পর মামুনুল ৩-৩ করেন। বেঁচে থাকে শেখ জামালের স্বপ্ন। কিন্তু ১০৪ মিনিটে ডিফেন্ডার রেজাউলের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়াটাই শেখ জামালের কাল হয়। ১১১ মিনিটে গোল করে ১০ জনের দল শেখ জামালকে হতাশায় ডোবান আমিনু। শেষ বাঁশির অপেক্ষায় যখন আবাহনী, ইব্রাহিম পেয়ে যান হ্যাটট্রিক পূর্ণ করা গোলটি।জয়-পরাজয় একদিকে থাক। দুদলেরই আজ প্রাপ্য শুধু প্রশংসা। এমন স্বপ্নের ফাইনালই তো চায় দেশের ফুটবল!আবাহনী: জিয়া, মামুন, সামাদ, লিংকন, সিরাজী (শুভ্র), প্রাণোতোষ, আমিনু, ইমতিয়াজ (সোহাগ), মেহেদি (অরূপ), ইব্রাহিম, ফ্রাঙ্ক।শেখ জামাল: আমিনুল, রেজাউল, ওয়ালি (ড্রাগন), নাসির, মিন্টু, আতিকুর, বাতেন (শাকিল), জাহিদ, এমিলি (তৌহিদুর), এনামুল, মামুনুল।