আবিদালে উজ্জীবিত বার্সা
না থেকেও পুরো ম্যাচে থাকলেন। ম্যাচে ১১ জন খেলানোর নিয়ম। তবে বার্সেলোনা এদিন যেন খেলাল ১২ জনকেই। দৃশ্যমান না হয়েও তিনি যেন ঠিকই খেলেছেন। ১১ জনের বার্সাতেই রক্ষা নেই, ১২ জনের বার্সাকে গেটাফে সামলাবে কী করে? পরশু স্প্যানিশ লিগে তাই ন্যু ক্যাম্পে গিয়ে এক হালি গোল হজম করে এল। এই মৌসুমে মাত্র দুটি দলের কাছে হেরেছে পেপ গার্দিওলার দল। এর একটা ছিল এই গেটাফেই। সেই পরাজয়ের শোধ তো তোলা হলোই, রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধানটিও ১ পয়েন্টে নামিয়ে এনেছে বার্সা। অবশ্য কাল রাতেই ব্যবধানটি চারে নিয়ে যাওয়ার মিশনে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছে রিয়াল।পরশু রাতেই যকৃৎ প্রতিস্থাপন করা হয়েছে বার্সা ডিফেন্ডার আবিদালের। তাঁর জন্য উৎসর্গকৃত ম্যাচের ২২ মিনিটে ন্যু ক্যাম্পের ভরা গ্যালারি উঠে দাঁড়িয়ে সম্মান আর শুভকামনা জানিয়েছে। ফরাসি ডিফেন্ডারের নামে দেওয়া হয়েছে স্লোগানও। ২২তম মিনিটটি বেছে নেওয়ার কারণ—আবিদালের জার্সি নম্বর ২২! ততক্ষণে অবশ্য গেটাফের জালে প্রথম গোলটি বার্সা জড়িয়েই দিয়েছে অ্যালেক্সিস সানচেজের সৌজন্যে। চিলিয়ান এই ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে গোল করেছেন আরেকটি। বাকি দুটি গোল লিওনেল মেসি আর পেদ্রোর। লিগে নিজের গোলসংখ্যা ৩৯-এ নিয়ে গেলেন মেসি। ক্রিস্টিয়ানো রোনালদোর ৪০ গোলের রেকর্ডও এখন ছুঁয়ে দেওয়া দূরত্বে। এদিন দুটি গোল করানো মেসি ‘অ্যাসিস্টে’র তালিকাতেও দুইয়ে উঠে এসেছেন। সর্বোচ্চ ১৪টি গোল করিয়েছেন মেসুত ওজিল, ১৩টি করে গোল করিয়েছেন মেসি ও অ্যাঙ্গেল ডি মারিয়া। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে নিজেদের ফর্মের তুঙ্গে ফেরার ইঙ্গিত দিয়েছে বার্সা। আরও অন্তত তিনটি গোল হতেই পারত, হয়নি গেটাফে গোলরক্ষক মিগুয়েল ময়ার দৃঢ়তায়। অন্যদিকে একটি সেভও করতে হয়নি একরকম অলস সময় কাটানো ভিক্টর ভালদেসেকে। ম্যাচ শেষে বার্সা গোলরক্ষক বলেছেনও, ‘এটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। আমরাও এখন মাত্র ১ পয়েন্ট পেছনে। লা লিগার শেষ ধাপে চলে এসেছি। এখন দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। মাত্র তো আর কটা ম্যাচ।’ বার্সা শিবিরের বক্তব্য যে ধীরে ধীরে পাল্টাচ্ছে, তারা যে এখন শিরোপার কথাও বলছে, সেই ইঙ্গিত দিয়েছেন ইনিয়েস্তাও, ‘মাদ্রিদ এখনো শীর্ষে। তবে পরিস্থিতি এখন পাল্টেছে। আমাদের এখন প্রতি ম্যাচেই ৩ পয়েন্ট নেওয়ার লক্ষ্য নিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে। লিগের শেষ পর্যন্ত আমরা সেটাই করতে চাই।’গার্দিওলা নিজে অবশ্য অনেক দিন থেকেই শিরোপা নিয়ে একটি শব্দও উচ্চারণ করছেন না। কে জানে, হয়তো শিষ্যদের ওপর চাপ তৈরি হতে না দেওয়ারই কৌশল এটা। এদিনও ম্যাচ শেষে বলেছেন, শিরোপা নিয়ে নয়, তিনি ভাবছেন আবিদালের দ্রুত সেরে ওঠা নিয়ে। এই জয় আবিদালকে উৎসর্গ করে বলেছেন, ‘আমি আশাবাদী, দ্রুতই ও দলে ফিরে আসবে।’ এএফপি, রয়টার্স।